
সেই সত্তর-আশির দশকের কো-অর্ড সেটগুলো ছিল কিছুটা আটপৌরে আর সাধারণ নকশার। কিন্তু এখন সেটা ফিরে এসেছে নানা স্টাইলে। বিশ্বের নামীদামি ফ্যাশন ডিজাইনার আর সাধারণ ফ্যাশনপ্রেমী মানুষ সবাই এখন মজেছেন কো-অর্ড ট্রেন্ডে। এয়ারপোর্ট লুক থেকে শুরু করে যেকোনো পার্টিতে তাঁদের দেখা যায় বাহারি কো-অর্ড সেটে। এই লুকে কারিনা পরেছেন সিকুইন সজ্জিত বেশ ঝলমলে একটি কো-অর্ড। ফুলহাতা সোনালি টপ আর বটমে ফ্লেয়ার প্যান্টে শোভা বাড়িয়েছে স্ট্রাইপ নকশার সিকুইনের কাজ। আর পোশাকের বর্ডারে ভিন্ন আমেজ দিয়েছে ঢেউ খেলানো কাটিং। এর সঙ্গে কারিনার মেকআপে ফুটে উঠেছে তাঁর সিগনেচার কাজল কালো চোখ আর গ্লসি ঠোঁট। আর কানে পরেছেন সবুজ পাথরের স্টেটমেন্ট দুল।
এ বছরের ট্রেন্ডে গোলাপি রং যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, সেটা ফ্যাশনপ্রেমীদের অজানা নয়। বারবি সিনেমার হাত ধরে ছেলে-মেয়ে উভয়েরই বেশ পছন্দের একটি রং হয়ে উঠেছে এটি। কারিনা কাপুর খানও তাই বেছে নিয়েছেন ট্রেন্ডি বারবি পিঙ্ক কো-অর্ড সেট। পোশাকটি বেশ ভিন্ন। ওপরে পরেছেন জর্জেট ফেব্রিকের ফুলহাতা টপ আর এর নিচেই পরেছেন ম্যাচিং ফ্লোর লেন্থ এসেমেট্রিক বটম। তাঁর পায়েও শোভা পাচ্ছে একই রঙের পেনসিল হিল। অভিনেত্রী কাঁধছোঁয়া চুলগুলো ছেড়ে রেখেছেন কিছুটা এলোমেলোভাবে। এর সঙ্গে কানে পরেছেন স্টেটমেন্ট দুল, চোখে দিয়েছেন কাজল আর ঠোঁটে ন্যুড লিপগ্লস।
কারিনার লুকে সব সময়ই একধরনের বসলেডি ভাইব থাকে। এবার সেটা পূর্ণতা দিয়েছে তাঁর এই আকর্ষণীয় ফরমাল আউটফিটটি। বটমে ধূসর রঙের ফরমাল প্যান্ট আর টপে পরেছেন ওয়েস্টকোট, যা তাঁর লুকে বোল্ড আমেজ ফুটিয়ে তুলেছে। এর সঙ্গে কারিনা পায়ে পরার জন্য বেছে নিয়েছেন একই রঙের হিল। এখানে তিনি চুলগুলো কিছুটা কার্ল করে ছেড়ে রেখেছেন। গয়নায় আকর্ষণ কেড়েছে গলায় পরা লকেটসহ সোনালি চেইন আর তর্জনীতে পরা আংটি। এই লুকে অভিনেত্রী সেজেছেন বেশ মিনিমাল মেকআপে। ঠোঁটে লিপগ্লস আর চোখে শুধু কালো আইলাইনার দিয়েছেন তিনি।