
সত্তর-আশির দশকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পোশাক নিয়ে একটি নতুন ধারণার ব্যাপক বিকাশ ঘটে। ধারণাটি ‘পাওয়ার ড্রেসিং’ নামে পরিচিতি পায়। সে সময় পশ্চিমা নারীরা রাজনীতি, ব্যবসা, সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় ব্যাপক হারে যোগ দিতে শুরু করেন। বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে, তথা বাইরের দুনিয়ায় নারীরা শুধু কর্মী নয়, নেতার ভূমিকায়ও নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করেন। তখন তাঁরা মেয়েলি সাজপোশাকের বদলে প্রভাবশালী পুরুষদের মতো স্যুট পরতে শুরু করেন।
‘পাওয়ার ড্রেসিং’ কথাটির সঙ্গে সত্যিই ক্ষমতা ও প্রভাবের একটি সম্পর্ক রয়েছে। আশির দশকে এসে পুরো ফ্যাশন দুনিয়াই এ ধারণাকে লুফে নেয়। এ সময় বড় বড় বৈশ্বিক ব্র্যান্ড পাওয়ার ড্রেসিংয়ের আমেজে নারীদের জন্য প্যান্টস্যুট তৈরি করতে শুরু করে। তবে সেগুলোর নকশা ও ফিটিং এমনভাবে করা হতো, যাতে নারীর সহজাত সৌন্দর্যও ফুটে ওঠে। একসময় লুকটি ‘বস লেডি’ লুক নামে পরিচিতি পায়। এখন যেন যেকোনো ধারণাকে ভেঙে নতুনভাবে গড়ে তোলাই ট্রেন্ড। তাই আজ হলিউড, বলিউড ছাড়িয়ে বাংলাদেশের তারকারাও ট্রেন্ডসেটার হয়ে উঠছেন। আজ রইল ফ্যাশনিস্তা অভিনেত্রী সাদিয়া আয়মানের ৪টি ‘বস লেডি’ লুকের স্টাইলিং।












