৬১৮ কোটি টাকার অন্তর্বাসে কাইলি জেনার : তৈরিতে লেগেছে এক হাজার ঘণ্টা, আছে ৭৫.৫৪ ক্যারেটের হলুদ ডায়মন্ডসহ ৪,৪১০টি হিরা
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশনের মঞ্চে নজর কাড়তে কখনো একটি পোশাকই যথেষ্ট। আর সেই পোশাকে যদি জুড়ে দেওয়া হয় হাজার হাজার হিরা, সঙ্গে থাকে একটি বড়সড় হলুদ ডায়মন্ড, তাহলে তা হয়ে উঠতে পারে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ।

ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে ঠিক এমনই এক চমক নিয়ে হাজির হয়েছেন কাইলি জেনার। ১৮ অক্টোবর অনুষ্ঠিত এই শোতে তাঁর পরনে ছিল হিরে বসানো ফ্যান্টাসি ব্রা, যার আনুমানিক মূল্য ৬১৮ কোটি টাকা।

৪,৪১০ টি হিরায় তৈরি রাজকীয় নকশা

কাইলির ফ্যান্টাসি ব্রাটি তৈরি হয়েছে হাই-জুয়েলারি ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.-এর সঙ্গে যৌথ উদ্যোগে। নকশাটির কেন্দ্রে রয়েছে ৭৫.৫৪ ক্যারেটের একটি উজ্জ্বল হলুদ ডায়মন্ড। রেডিয়্যান্ট কাটের এই বিশেষ হিরাটিকে ঘিরে বসানো হয়েছে ৪,৪১০টি প্রাকৃতিক হিরা। সব মিলিয়ে এটি কেবল অন্তর্বাস নয়, বরং দামি রত্ন ও নিখুঁত কারিগরির এক অসাধারণ আর্ট পিস।

এমন একটি নকশা তৈরি করা মোটেই সহজ নয়। জানা গেছে, ১৫ জন দক্ষ কারিগর মিলে এটি তৈরি করতে ব্যয় করেছেন এক হাজার ঘণ্টারও বেশি সময়। পুরো অন্তর্বাসটির ওজন প্রায় ১.৮ কেজি। অর্থাৎ, মঞ্চে হাঁটার সময় কাইলিকে শুধু পোশাকের সৌন্দর্যই নয়, এই ভারী অলংকারের ভারও সামলাতে হয়েছে।

সাদা পালক, মিনিস্কার্ট আর হিরের ঝলক

ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ডানা বা উইংস বরাবরই পরিচিত অনুষঙ্গ। কাইলির লুকেও ছিল সাদা পালকের ডানা। এর সঙ্গে তিনি পরেছিলেন ছোট সাদা মিনিস্কার্ট ও স্বচ্ছ হিল। পুরো সাজে সাদা রঙের সরলতা আর ফ্যান্টাসি ব্রার হিরের ঝলক তৈরি করেছে বৈপরীত্য।

তবে পোশাকের অন্যান্য অনুষঙ্গ ছাপিয়ে নজর কেড়েছে হলুদ রং–এর আকারে বড় ডায়মন্ডটি। এর আকার, উজ্জ্বলতা ও চারপাশের হিরের বিন্যাস পুরো লুকটিকে দিয়েছে জাঁকজমকপূর্ণ আবহ। আর ফ্যান্টাসি ব্রাটির বিপুল মূল্য এই সাজকে পরিণত করেছে শোর অন্যতম আলোচিত ঘটনায়।

বিজ্ঞাপন

২০১৮ সালের পর ফিরল ফ্যান্টাসি ব্রা

ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফ্যান্টাসি ব্রা বহুদিনের পরিচিত ঐতিহ্য। অন্তর্বাসের সঙ্গে মূল্যবান রত্ন, ব্যতিক্রমী নকশা ও সূক্ষ্ম কারিগরির সমন্বয়ে তৈরি হয় এই বিশেষ অনুষঙ্গ। ২০১৮ সালের পর ২০২৬ এ আবারও মঞ্চে ফিরল ফ্যান্টাসি ব্রা।
ভিক্টোরিয়াস সিক্রেটের চিফ ক্রিয়েটিভ অফিসার অ্যাডাম সেলম্যান ভোগ ম্যাগাজিনকে জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের আগ্রহের কথা বিবেচনা করেই ফ্যান্টাসি ব্রা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন একজনকে বেছে নেওয়ার কথাও ভাবা হয়েছে, যাঁর প্রভাব শুধু ফ্যাশন শোর মঞ্চেই সীমাবদ্ধ নয়, বরং সব ক্ষেত্রেই তার জনপ্রিয়তা রয়েছে।

কাইলি জেনারের জনপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিপুল ফ্যান ফলোয়ারের জন্য শেষ পর্যন্ত তাকে নির্বান করা হয়। তবে এত বড় আয়োজনের কেন্দ্রবিন্দুতে তাঁকে রাখার সিদ্ধান্ত সবাই যে ইতিবাচকভাবে নিয়েছেন, তা নয়।

বিজ্ঞাপন

কাইলিকে নিয়ে প্রশ্ন, বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে

এই শোতে কাইলির সঙ্গে ছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের পরিচিত অ্যাঞ্জেলদের অনেকে। তাঁদের মধ্যে ছিলেন আদ্রিয়ানা লিমা, আলেসান্দ্রা অ্যামব্রোসিও, ক্যান্ডিস সোয়ানেপোয়েল, বেহাতি প্রিন্সলু, বারবারা পালভিন, ডাউটজেন ক্রুস ও এলসা হস্ক। নতুন প্রজন্মের মডেলদের মধ্যে ছিলেন জিজি হাদিদ, বেলা হাদিদ, আনোক ইয়াই, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানি।

তবে ফ্যান্টাসি ব্রা পরার জন্য কাইলি কেন নির্বাচিত হলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের কারও কারও মতে, এই সম্মান ভিক্টোরিয়াস সিক্রেটের পরিচিত অ্যাঞ্জেলদের বা জিজি হাদিদ ও আনোক ইয়াইয়ের মতো মডেলদের দেওয়া যেত।

সমালোচনা থাকলেও কাইলির জন্য এই শো ছিল ভিক্টোরিয়াস সিক্রেটের রানওয়েতে অভিষেকের পাশাপাশি একটি বিশেষ মুহূর্ত। আর ফ্যান্টাসি ব্রাটি হয়ে উঠেছে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ।

ফ্যাশনের জগতে সব পোশাকের মূল্য টাকায় মাপা যায় না। কখনো নকশা, কখনো কারিগরি, আবার কখনো তারকাদের উপস্থিতিই তৈরি করে আলোচনার ঝড়। কাইলি জেনারের এই ফ্যান্টাসি ব্রায় এই তিন উপাদানই মিলেছে। ৪,৪১০টি হিরে, এক হাজার ঘণ্টার বেশি শ্রম আর ৫০ মিলিয়ন ডলারের মূল্য। সব মিলিয়ে এটি যে শুধু একটি ফ্যাশন অনুষঙ্গ নয়, বরং ফ্যাশন মঞ্চের জন্য তৈরি একটি আর্ট পিস।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০: ৩৪
বিজ্ঞাপন