
জেন্ডায়াকে কেবল লালগালিচার রানি বলা হয় না, যে লালগালিচায় তিনি পা রাখেন না কেন, মুহূর্তের মধ্যে সেখানকার লাইমলাইট তাঁর হয়ে যায়। আমরা অনেকে ‘মেথড অ্যাক্টর’ কথাটার সঙ্গে বেশ পরিচিত। যখন একজন অভিনেতা কোনো সিনেমার একটি নির্দিষ্ট চরিত্রের জন্য নিজের পুরো সত্তা উৎসর্গ করে তাঁর একদম ভেতরে ঢুকে যান, তখন সেই অভিনেতাকে ‘মেথড অ্যাক্টর’ বলে। ফ্যাশন সমালোচকেরা জেন্ডায়ার লালগালিচার স্টাইলিংয়ের নাম দিয়েছেন ‘মেথড ড্রেসিং’। তিনি তাঁর কোনো সিনেমার প্রচারণা বা প্রিমিয়ার অনুষ্ঠানে গেলে সেই সিনেমার থিমের পোশাক পরেন। এর শুরু হয়েছে ‘স্পাইডার–ম্যান’ মুভি থেকে।
এই তো কিছুদিন আগে মুক্তি পেয়েছে সাই-ফাই সিনেমা ‘ডিউন: পার্ট টু’। এই ছায়াছবির প্রিমিয়ারে তাঁর স্টাইলিশ লুক দেখে মুগ্ধ হননি, এমন ফ্যাশনবোদ্ধা বা ফ্যাশনপ্রেমী খুব কম আছেন। আর অল্প কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জেন্ডায়া অভিনীত এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চ্যালেঞ্জার্স’। এখন বিশ্বব্যাপী চলছে স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমার প্রচারণা ও প্রিমিয়ার অনুষ্ঠান। সেখানে জেন্ডায়া তাঁর স্বভাবসুলভ ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন। ‘চ্যালেঞ্জার্স’ মুভির গল্প এগিয়েছে টেনিস নিয়ে। তাই জেন্ডায়া তাঁর ‘মেথড ড্রেসিং’ মেনে এর প্রচারণা ও প্রিমিয়ারে যাচ্ছেন।
সিনেমার লন্ডন প্রিমিয়ারে জেন্ডায়া পরেছিলেন থম ব্রাউন কাস্টম গাউন। সাদা সিকুইনের ড্রপ ওয়েস্টেড গাউনের নিচের অংশটি নারী টেনিস খেলোয়াড়দের প্লিটেড স্কার্টের কথা মনে করিয়ে দেয়। কারণ, গাউনের প্লিটগুলোতে অ্যাথলেটিক মেশ এবং একদম নিচে হেমলাইনে ইন্টারসিয়া টেকনিকে লাল, সাদা, নীল প্যাচ যোগ করা হয়েছে। পুরো গাউনের এখানে–ওখানে ছড়িয়ে–ছিটিয়ে আছে সাদা বুলিয়ন দিয়ে তৈরি ছোট ছোট টেনিস ব্যাটের এমবেলিশমেন্ট।
এদিকে রোম প্রিমিয়ারে জেন্ডায়া তাক লাগিয়েছেন টেনিস-প্রাণিত রুপালি ও কালো মিনি ড্রেসে। আর পায়ে ছিল সাদা পাম্প। এর হিলের অংশে জুড়ে দেওয়া হয়েছে টেনিস বল।
স্টিলেটোটি দেখতে বেশ হাস্যকর হলেও অদ্ভুতভাবে পুরো লুকের সঙ্গে ভালোভাবেই মানিয়ে গেছে। জেন্ডায়াকে দেখে মনে হচ্ছিল, তিনি এখনই ব্যাট হাতে টেনিস কোর্টে নেমে যাবেন। মিনি ড্রেস আর পাম্পটি এসেছে ফরাসি ব্র্যান্ড লোয়েভে থেকে।
সিডনি প্রিমিয়ারেও তিনি লোয়েভে ব্র্যান্ডেরই টেনিস থিমের পোশাকে হাজির হয়েছিলেন। তবে মিনি ড্রেসটির চেয়ে এই পোশাক আরেকটু বেশি গ্ল্যামারাস। সিকুইনের সবুজ গাউনে আছে হল্টার নেকলাইন ও থাই-হাই স্লিট। এর সঙ্গে ছিল একই রঙে শিমারি পাম্প।
তবে এখানে সবচেয়ে নজর কেড়েছে এর গ্রাফিক প্রিন্ট। সেখানে একজন টেনিস খেলোয়াড় ব্যাট দিয়ে বল সার্ভ করছে। গাউনটি আসলেই মুগ্ধ করার মতো সুন্দর।
প্রিমিয়ারে জেন্ডায়া আরও পরেছিলেন লুই ভিতো ও ভিভিয়েন ওয়েস্টউডের পোশাক। সঙ্গে বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড বুলগারির গয়না (কারণ, তিনি ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর)। আর জেন্ডায়ার স্টাইলিং করেছেন তাঁর বন্ধু ও হলিউডের নামকরা সেলিব্রিটি স্টাইলিস্ট ল রোশ।