
নোট: কিছুদিন আগে ফ্যাশন টেকনোলজি ওয়েবপোর্টাল হিয়েরিটেক সম্প্রতি একটা ওয়েবিনারের আয়োজন করে। বিষয় ছিল সদ্য শেষ হওয়া চারটি ফ্যাশন উইক নিয়ে আলোচনা। সেটাতে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে এই ফিচার।
ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রায়ই নিজেকে নতুন করে আবিষ্কার করে। এবারের ফল–উন্টার ২০২৬ সিজন যেন সেই পুনর্নির্মাণকে আরও গভীরভাবে সামনে নিয়ে এসেছে। এখানে ট্রেন্ড মানে শুধু নতুন কাট বা রং নয়, বরং দৃষ্টিগোচর হয়েছে একটি দার্শনিক পরিবর্তনও।

রিপোর্ট অনুযায়ী, গত কয়েকটি সিজনে ‘বোল্ড নস্টালজিয়া’ এবং ‘এক্সট্রোভারশন’-এর যে প্রবণতা দেখা যাচ্ছিল, তা এবার পূর্ণতা পেয়েছে নতুন ধরনের ম্যাক্সিমালিজমে। কিন্তু এই ম্যাক্সিমালিজম উচ্চকিত নয়; এটা নিয়ন্ত্রিত, ব্যক্তিগত এবং সচেতন।
আজকের ফ্যাশনপ্রেমীরা আর শুধু ট্রেন্ড ফলো করতে চান না; তাঁরা নিজেদের স্টাইল দিয়ে গল্প বলতে চান। ফলে ফ্যাশন হয়ে উঠছে আরও ইন্টিমেট, আরও ব্যক্তিগত।
এই সিজনের সবচেয়ে শক্তিশালী থিমগুলোর একটি হলো ‘ম্যাস মিনিমাল’। এটা একধরনের ফ্যাশন কনসেপ্ট, যেখানে মিনিমালিজম তার চিরচেনা শান্ত রূপ ধরে রাখলেও, সিলুয়েট এবং প্রোপোরশনে এনে দেয় নাটকীয়তা।

এখানে রঙের প্যালেট বাহুল্যবর্জিত; কয়েকটি রঙে সীমাবদ্ধ; এই যেমন—স্টিল গ্রে, পেল গ্রে, ক্রিম; কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই তৈরি হয় শক্তিশালী ভিজ্যুয়াল ইমপ্যাক্ট।
ফ্যাশন ব্র্যান্ডগুলো দেখিয়েছে, অতিরিক্ত অলংকরণ বা প্রিন্ট ছাড়াও কেবল কাট, ভলিউম এবং স্ট্রাকচার দিয়েই তৈরি করা যায় এক্সট্রা-অর্ডিনারি লুক।

টেন্ট ড্রেস: শরীরের গঠন ঢেকে দিয়ে তৈরি করে নতুন সিলুয়েট
রাউন্ডেড শোল্ডারস: সফট কিন্তু স্ট্রাকচারড লুক
ম্যাক্সি লেন্থ কোটস: ড্রামাটিক এবং এলিগ্যান্ট আউটারওয়্যার
পোশাকের এসব ট্রেন্ড প্রমাণ করে, মিনিমাল মানেই সাদামাটা নয়; বরং তা হতে পারে সবচেয়ে শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।

‘ম্যাস মিনিমাল’—এর রংগুলো প্রথম দেখায় খুব সাধারণ মনে হলেও, এগুলোই আসছে সিজনের ‘নিউ ব্ল্যাক’। গ্রে শেডগুলোর আধিপত্য বিশেষভাবে চোখে পড়বে বছর শেষের শীতে।
কয়েকটি কাপড় এবার বেশি চোখে পড়েছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল উল (ভলিউম ধরে রাখে), পপলিন (ফর্ম ও শেপ বজায় রাখতে সাহায্য করে) আর সাটিন (ফ্লুইডিটি ও কনট্রাস্ট তৈরি করে)।
এসব উপাদান মিলেই তৈরি করছে এমন এক লুক, যা একই সঙ্গে সরল ও জটিল।


‘উডল্যান্ড সোনাটা’ হলো সম্পূর্ণ আলাদা একটা মুড; যেখানে ফ্যাশন হয়ে ওঠে কোমল, কাব্যিক আর একটু অদ্ভুতও।
এই থিমে রাফলস, লেস, ফ্লোয়িং কাপড় এবং আর্থি রং একসঙ্গে তৈরি করে একধরনের ‘রাস্টিক রোমান্স’। এখানে পারফেকশন গুরুত্বপূর্ণ নয়। বরং অসম্পূর্ণতা, টেক্সচার এবং ন্যাচারাল ফিলই এই স্টাইলের সৌন্দর্য।
এই ট্রেন্ডে চোখে পড়ার মতো বিষয় আছে কয়েকটা। যেমন—লেস ড্রেস (ডেলিকেট কিন্তু শক্তিশালী উপস্থিতি), রাফলড কলার টপস (সফট ম্যাক্সিমালিজমের প্রতীক) আর ক্লে খাকি আউটওয়্যার (আর্থি টোনের আধিপত্য)।
এই থিম বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা ফ্যাশনে আবেগ, গল্প এবং ব্যক্তিত্ব খুঁজে পান।

ফল–উইন্টার ২০২৬–এর কালেকশন তৈরিতে ডিজাইনার রঙের ব্যবহারে অত্যন্ত কৌশলী ছিলেন। কারণ, ‘ম্যাস মিনিমাল’–এ নিউট্রাল টোন রাজত্ব করলেও ‘উডল্যান্ড সোনাটা’য় আবার দেখা গেছে আর্মি গ্রিন, ওয়ালনাট ব্রাউন এবং অপটিক্যাল হোয়াইটের উত্থান।

এই দুই প্যালেট একসঙ্গে প্রমাণ করে—ফ্যাশনে এখন কনট্রাস্টই সবচেয়ে বড় শক্তি। কারণ, মিনিমালিজমের নিঃশব্দ উপস্থিতির বিপরীতে প্রকৃতির উষ্ণতার এই দ্বৈততাই ফল–উইন্টার ২০২৬ মৌসুমকে করে তুলবে আরও আকর্ষণীয়।

এই সিজনে অ্যাকসেসরিজ শুধু স্টাইলে পূর্ণতা আনার উপাদান নয়; বরং এগুলোই হয়ে উঠছে লুকের কেন্দ্রবিন্দু। মন ‘ম্যাস মিনিমাল’-এ আমরা দেখছি অনুষঙ্গ হিসেবে হেড স্কার্ফ, স্টেটমেন্ট ইয়াররিং, সক বুটের ব্যবহার। অন্যদিকে আবার ফাঙ্কি হ্যাট, সোয়েড বুট আর ড্রেপড ডিটেইল সম্পূর্ণতা দিচ্ছে ‘উডল্যান্ড সোনাটা’কে। প্রতিটি উপাদান লুক তৈরিই কেবল নয়, বরং একটি নির্দিষ্টতার অনুঘটক হচ্ছে।

এবারের ফ্যাশন উইকগুলোর গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘সিটি স্পটলাইট’। বিভিন্ন শহরে ট্রেন্ড আলাদাভাবে যে প্রকাশ পাচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের দৃষ্টি এড়ায়নি নিউইয়র্ক ফ্যাশন উইকে সাহসী এক্সপ্রেশনের আবার ফিরে আসা। ভেলভেট, ফ্রিঞ্জ আর ক্রোকোডাইল টেক্সচার এই সিজনে এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এগুলো এ জন্যই কেবল শুধু ডিজাইনে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে বরং একেকটি মুড, একেকটি অ্যাটিটিউড।
এবারের চারটি ফ্যাশন উইক নিয়ে হয়েছে নানা বিশ্লেষণ। এ ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এর ডেটা-ড্রিভেন অ্যাপ্রোচ।
এআই এবং কম্পিউটার ভিশনের মাধ্যমে লাখ লাখ সোশ্যাল মিডিয়া ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, কোন ট্রেন্ড বাস্তবে কতটা জনপ্রিয় হচ্ছে। অর্থাৎ এখন ট্রেন্ড শুধু ডিজাইনাররা তৈরি করেন না, ব্যবহারকারীরাও সেটা নির্ধারণ করেন।
এ কথা বললে বাহুল্য হবে না, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্ম এখন ফ্যাশনের নতুন র্যাম্প। ফলে স্বীকার করতেই হবে ফ্যাশনের সঙ্গে প্রযুক্তির গাঁটছড়া ক্রমেই দৃঢ়তর হচ্ছে।

সব ট্রেন্ডের মধ্যে একটি বিষয় স্পষ্ট ওভারসাইজড কোটের আধিপত্য।
বড় সাইজ, রিচ টেক্সচার এবং বোল্ড রং—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে সিজনের আইকনিক আইটেম। যদিও এগুলোর ব্যবহার কিছুটা সীমিত, তবু এটি ট্রেন্ডসেটারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
এটাই প্রমাণ করে সব ট্রেন্ড সবার জন্য নয়, কিছু ট্রেন্ড কেবল সাহসীদের জন্য।
ফল–উইন্টার ২০২৬ আমাদের এমন একটা বার্তা স্পষ্ট করেই দিয়েছে, সেটা মানার জন্য কিংবা শোনার জন্য আমরা কতটা প্রস্তুত জানি না। কারণ, সত্যি ফ্যাশন এখন আর নিয়ম মানার জায়গা নয়; ফ্যাশন এখন নিজের নিয়ম তৈরি করার জায়গা। এর আভাস আমরা সেই করোনকালেই পেয়েছি। সেই শেষ এখনো আছে। নিউ নরমাল কিছুটা নিয়মে ফেরালেও আলগা মুঠো বন্ধ আর হয়নি।

তাই আপনি মিনিমাল হোন বা ম্যাক্সিমাল, ক্লাসি হোন বা এক্সপেরিমেন্টাল—সবকিছুর জন্যই জায়গা আছে। বস্তুত ফ্যাশনে কিছুই আর পুরোনো হচ্ছে না, বরং পাশাপাশি থাকছে সহাবস্থানে। এখান থেকেই কুড়িয়ে নিতে হবে আপনার যেটা প্রয়োজন। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আপনি কে এবং আপনি কীভাবে নিজেকে প্রকাশ করতে চান।
অতএব আসছে শীতের মূল ট্রেন্ড হবে—নিজের মতো হওয়া আর অথেনটিসিটি। অতএব আপনিও সেই মতো প্রস্তুত করতে থাকেন নিজেকে।
ছবি: ফ্যাশন উইকের ইন্সটাগ্রাম থেকে