
ফ্যাশনের আন্তর্জাতিক ক্যালেন্ডারে সাংহাই এখন আর কেবল একটি উদীয়মান নাম নয়। বরং বিশ্ব ফ্যাশনের প্রচলিত কেন্দ্রগুলোর বাইরে দাঁড়িয়ে নিজস্ব নান্দনিকতা, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং নতুন প্রজন্মের ডিজাইনারদের সৃজনশীলতা নিয়ে নিজের অবস্থান তৈরি করছে শহরটি। সাংহাই ফ্যাশন উইকের স্প্রিং/সামার ২০২৭ আসর সেই আত্মবিশ্বাসেরই আরেকটি প্রকাশ।

অক্টোবরে অনুষ্ঠিত আয়োজনের মূল ভাবনা ছিল ‘রিনিউড রেডিয়্যান্স’। প্রায় ১০০টি রানওয়ে প্রেজেন্টেশন এবং এক হাজারের কাছাকাছি ব্র্যান্ডের অংশগ্রহণে এবারের ফ্যাশন উইক শুধু পোশাক প্রদর্শনের আয়োজন হয়ে থাকেনি; বরং চীনের ফ্যাশনশিল্পের সৃজনশীলতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছিল।

এবারের সংগ্রহগুলো পর্যবেক্ষণ করলে পাঁচটি প্রবণতা বিশেষভাবে চোখে পড়ে—ব্লুমারস, কার্গো, হিপের গড়নে বিশেষ গুরুত্ব, প্যাস্টেল রং এবং অন্তর্বাসকে বাইরের পোশাক হিসেবে ব্যবহারের সাহসী প্রবণতা। তবে এই পাঁচ প্রবণতাকে কেবল ট্রেন্ডের তালিকায় সীমাবদ্ধ রাখলে সাংহাইয়ের এবারের আয়োজনের প্রকৃত তাৎপর্য বোঝা যাবে না। এর ভেতরে রয়েছে নস্টালজিয়া, ব্যবহারিকতা, নারীত্বের নতুন সংজ্ঞা এবং বৈশ্বিক ফ্যাশনের সঙ্গে স্থানীয় সংস্কৃতির সংলাপ।

একসময় অন্তর্বাসের জগতে সীমাবদ্ধ থাকা ব্লুমারস এবার রানওয়েতে ফিরেছে নতুন আত্মবিশ্বাস নিয়ে। ঢিলেঢালা, পাফি আকৃতির এই শর্টসের বৈশিষ্ট্য হলো কোমরের কাছে কুঁচি দেওয়া এবং দুই পায়ের প্রান্তে ইলাস্টিক বা লেসের ব্যবহার। দেখতে কিছুটা ভিনটেজ, আবার একই সঙ্গে বেশ খেলাচ্ছলে আধুনিক।
শিয়াওলি, শু ঝি ও মার্কগং-এর সংগ্রহে এই পোশাকের বিভিন্ন রূপ দেখা গেছে। কোথাও লেসের প্রান্তযুক্ত ব্লুমারসের সঙ্গে ব্রডারি ব্লাউজ, কোথাও ক্রোশের টপ, আবার কোথাও পালকের কাজ করা স্বচ্ছ কাপড়ের ব্লুমারসের সঙ্গে কালো ওয়েস্টকোট। পোশাকের এই সমন্বয়ে তৈরি হয়েছে কোমলতা ও দুষ্টুমির এক অদ্ভুত মিশেল।

আমার কাছে এই প্রবণতার আকর্ষণ শুধু এর নস্টালজিক সৌন্দর্যে নয়, বরং পোশাকের প্রচলিত ব্যবহারকে নতুন করে ভাবার মধ্যে। যে পোশাক একসময় গোপন পরিসরের অংশ ছিল, সেটিই এখন দৃশ্যমান ফ্যাশন স্টেটমেন্ট। ফ্যাশন যে প্রতিনিয়ত পরিচিত পোশাকের ব্যবহার ও অর্থ বদলে দিতে পারে, ব্লুমারস তারই একটি উদাহরণ।

কার্গো প্যান্ট কিংবা কার্গো শর্টসের সঙ্গে সামরিক পোশাক ও কাজের উপযোগী পোশাকের সম্পর্ক দীর্ঘদিনের। একাধিক পকেট, ঢিলেঢালা কাট এবং কার্যকারিতাই ছিল এর প্রধান বৈশিষ্ট্য। কিন্তু সাংহাইয়ের রানওয়েতে কার্গো এসেছে একেবারে ভিন্ন মেজাজে। এখানে ব্যবহারিকতার সঙ্গে যুক্ত হয়েছে নারীত্ব, রোমান্টিকতা এবং গ্ল্যামারের উপাদান।

আভেন–এর জলপাই-সবুজ কার্গো স্কার্টের সঙ্গে লেসের ক্যামিসোল টপ এবং ঝলমলে ব্যালে ফ্ল্যাটের সমন্বয় বেশ আকর্ষণীয়। শু ঝির-র খাকি কার্গো শর্টসের সঙ্গে মিন্ট রঙের পাফ-স্লিভ টপ, ফুলের এমব্রয়ডারি ও ফিতার ব্যবহার পোশাকটিকে দিয়েছে কোমলতা। অন্যদিকে মার্কগং–এর উজ্জ্বল লাল বারমুডা শর্টসের সঙ্গে গোলাপি ডাবল-ব্রেস্টেড জ্যাকেট এবং পালকের কলার যুক্ত করে কার্গোকে দিয়েছে নতুন মাত্রা।

এখানে একটি বিষয় লক্ষণীয়। ফ্যাশন এখন আর ব্যবহার উপযোগিতা ও সৌন্দর্যকে পরস্পরের বিপরীত হিসেবে দেখছে না। বরং দুটি বৈশিষ্ট্যকে একসঙ্গে ধারণ করার চেষ্টা করছে। আধুনিক নারীর জীবনযাপন, চলাফেরা এবং পোশাক নির্বাচনের স্বাধীনতার সঙ্গে এই প্রবণতার সম্পর্ক রয়েছে।

এবারের সাংহাই ফ্যাশন উইকে শরীরের যে অংশটি বিশেষভাবে নজর কেড়েছে, সেটি হলো নিতম্ব। তবে প্রচলিত অর্থে শরীরকে আঁটসাঁট পোশাকে আবদ্ধ করে গড়ন ফুটিয়ে তোলার চেষ্টা এখানে প্রধান নয়। বরং পোশাকের কাট, ভলিউম, কোমরের অবস্থান এবং কাপড়ের চলাচলের মাধ্যমে তৈরি হয়েছে নতুন সিলুয়েট।

শুশু/টং–এর সংগ্রহে লো ওয়েস্টের সাদা মিনিস্কার্টের সঙ্গে ফ্লেয়ার যুক্ত করে নিতম্বের অংশে তৈরি করা হয়েছে বাড়তি ভলিউম। এর সঙ্গে ছোট জাম্পার, ডেইজি ফুলের মোটিফ এবং হাঁটুর ওপর পর্যন্ত ওঠা মোজা মিলিয়ে তৈরি হয়েছে একধরনের স্কুলগার্ল নান্দনিকতা। শু ঝির-র ড্রপড-ওয়েস্ট পোশাকে লেসের ব্যবহার ও নিচের দিকে ছড়িয়ে পড়া স্কার্ট একই প্রবণতাকে ভিন্নভাবে প্রকাশ করেছে। মার্কগং–এর প্লিটেড স্কার্টেও রয়েছে এই গড়নের খেলা।

ফ্যাশনে শরীরের গড়নকে গুরুত্ব দেওয়ার ইতিহাস নতুন নয়। তবে এবার শরীরকে নির্দিষ্ট সৌন্দর্যের ছাঁচে ফেলার বদলে পোশাকের মাধ্যমে গড়নকে নতুনভাবে উপস্থাপনের প্রবণতা লক্ষণীয়। সিলুয়েট তৈরির এই স্বাধীনতাই প্রবণতাটিকে আকর্ষণীয় করেছে।

মিন্ট গ্রিন, আকাশি, হালকা গোলাপি—প্যাস্টেলের কোমল উপস্থিতি এবারের সংগ্রহগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। তবে এই রঙের ব্যবহার কেবল রোমান্টিক আবহ তৈরির মধ্যে সীমাবদ্ধ ছিল না। চীনের ঐতিহ্যবাহী পোশাকের কাট, কলার ও অলংকরণকে সমসাময়িক পোশাকের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে তৈরি হয়েছে নিজস্ব একটি নান্দনিক ভাষা।

হুয়ামুশেন ও অ্যাওয়েলি-র সংগ্রহে ম্যান্ডারিন কলার, চীনা পোশাকের ঐতিহ্যবাহী ফ্রগ ক্লোজার, সূক্ষ্ম সিকুইন, বিডওয়ার্ক এবং ত্রিমাত্রিক পদ্মফুলের এমব্রয়ডারি বিশেষভাবে নজর কেড়েছে। কোথাও বাবল হেম স্কার্ট, কোথাও সাটিনের ঢিলেঢালা ট্রাউজার—সব মিলিয়ে পোশাকগুলোতে তৈরি হয়েছে কোমলতা ও কারুকাজের সমন্বয়।

আমার বিবেচনায়, এই প্রবণতাটি সাংহাই ফ্যাশন উইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। কারণ, এখানে ঐতিহ্যকে সরাসরি পুনরুৎপাদন করা হয়নি; বরং তার উপাদানগুলোকে সমসাময়িক পোশাকের ভাষায় অনুবাদ করা হয়েছে। ঐতিহ্যকে জাদুঘরে আটকে না রেখে দৈনন্দিন ফ্যাশনের অংশ করে তোলার এই প্রচেষ্টাই একজন ডিজাইনারের সৃজনশীলতার পরিচয় দেয়।

অন্তর্বাসকে বাইরের পোশাক হিসেবে ব্যবহারের প্রবণতা অবশ্য নতুন নয়। নব্বইয়ের দশক থেকে শুরু করে পরবর্তী সময়ের বিভিন্ন ফ্যাশন আন্দোলনে এর উপস্থিতি দেখা গেছে। তবে সাংহাইয়ের স্প্রিং/সামার২০২৭–এর সংগ্রহে এটি এসেছে নতুন স্টাইলিং ও পোশাকের সমন্বয়ে।

শাও-এর সংগ্রহে কালো লেসের ব্রা পরানো হয়েছে খোলা পিনস্ট্রাইপ ওয়েস্টকোটের নিচে। সঙ্গে ছিল নিচু কোমরের অসমান কাটের স্কার্ট। মার্কগং–এর পোশাকেও ব্লেজারের নিচ থেকে দৃশ্যমান হয়েছে ব্রা। সেভেনলং-এর সংগ্রহেও অন্তর্বাসের এই প্রকাশ্য উপস্থিতি চোখে পড়েছে।

এখানে অন্তর্বাস আর কেবল পোশাকের ভেতরের একটি স্তর নয়; বরং সম্পূর্ণ লুকের গুরুত্বপূর্ণ অংশ। শরীরকে আড়াল করা কিংবা প্রকাশ করার প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডিজাইনাররা পোশাকের স্তর, টেক্সচার ও কনট্রাস্ট নিয়ে পরীক্ষা করেছেন।
তবে এই প্রবণতাকে শুধু সাহসী স্টাইলিং হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে যুক্ত রয়েছে নারীর নিজের শরীর, পোশাক এবং ব্যক্তিগত অভিব্যক্তির ওপর অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও।

পাঁচটি প্রবণতার বাইরেও এবারের সাংহাই ফ্যাশন উইকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ করা গেছে। সেটি হলো চীনের ডিজাইনারদের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। ইউরোপীয় ফ্যাশন হাউসগুলোর নান্দনিকতার প্রভাব কিছু সংগ্রহে থাকলেও সেটি সরাসরি অনুকরণে আটকে থাকেনি। বরং স্থানীয় সংস্কৃতি, নিজস্ব উপকরণ এবং ডিজাইনারের ব্যক্তিগত ভাবনার মধ্য দিয়ে নতুন রূপ পেয়েছে।
এই জায়গায় হেমু-র কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তাদের ‘সিল্ক রোড’ সংগ্রহে দুনহুয়াংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য, ইউনজিন ব্রোকেড, সং ব্রোকেড, কেসি সিল্ক ট্যাপেস্ট্রি এবং ঐতিহ্যবাহী এমব্রয়ডারির ব্যবহার ছিল উল্লেখযোগ্য।

অন্যদিকে প্রনাউন্স তাদের দশ বছর পূর্তি উপলক্ষে ‘থ্রু হার আইজ’ সংগ্রহে নারী ও পুরুষের পোশাকের প্রচলিত বিভাজনকে নতুনভাবে দেখার চেষ্টা করেছে। ঐতিহ্যবাহী চীনা পোশাকের নির্মাণশৈলীর সঙ্গে সমসাময়িক টেইলারিংয়ের সমন্বয় ছিল এই সংগ্রহের অন্যতম শক্তি।
এবারের আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ফ্যাশন ব্যবসার পরিবর্তিত বাস্তবতা।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, চীনের বেশ কিছু স্বাধীন ডিজাইনার ব্র্যান্ড কেবল ফ্যাশন উইক, শোরুম কিংবা মাল্টিব্র্যান্ড স্টোরের ওপর নির্ভর করতে চাইছে না। নিজস্ব স্টোর, পপ-আপ এবং সরাসরি ক্রেতার সঙ্গে সম্পর্ক তৈরির দিকে তাদের আগ্রহ বাড়ছে। অর্থাৎ ডিজাইনের পাশাপাশি ব্র্যান্ডের নিজস্ব ব্যবসায়িক পরিচয় তৈরিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এই পরিবর্তন আন্তর্জাতিক ফ্যাশনশিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, একটি ফ্যাশন উইকের সাফল্য এখন আর শুধু রানওয়ের চাকচিক্য কিংবা আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি দিয়ে বিচার করা যায় না। ডিজাইনার কতটা নিজস্ব পরিচয় তৈরি করতে পারছেন, ক্রেতার সঙ্গে কতটা কার্যকর সম্পর্ক গড়ছেন এবং স্থানীয় বাজারের বাইরে নিজেদের জায়গা কতটা সম্প্রসারণ করতে পারছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

সাংহাই ফ্যাশন উইক স্প্রিং/সামার২০২৭-এর সবচেয়ে বড় শক্তি সম্ভবত এর বৈচিত্র্য। কোথাও রোমান্টিকতা, কোথাও ব্যবহারিক পোশাকের নতুন সংজ্ঞা, কোথাও শরীরের গড়ন নিয়ে পরীক্ষা, আবার কোথাও ঐতিহ্যের আধুনিক পুনর্ব্যাখ্যা। সবকিছুর মধ্যে একটি সাধারণ প্রবণতা রয়েছে—ফ্যাশনকে আরও ব্যক্তিগত, ব্যবহারযোগ্য এবং অভিব্যক্তিপূর্ণ করে তোলা।

আমার কাছে এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, চীনের ডিজাইনাররা আন্তর্জাতিক ফ্যাশনের ভাষা বুঝছেন, কিন্তু নিজেদের সাংস্কৃতিক পরিচয় বিসর্জন দিয়ে নয়। তাঁরা বিশ্ব ফ্যাশনের সঙ্গে সংলাপ করছেন নিজেদের উপকরণ, ঐতিহ্য ও সৃজনশীলতাকে সামনে রেখে। এখানেই সাংহাইয়ের বিশেষত্ব।

বাংলাদেশের ফ্যাশনশিল্পের জন্যও এই আয়োজন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমাদের জামদানি, মসলিন, বেনারসি কিংবা তাঁতশিল্পের ঐতিহ্যকে কেবল উৎসবের পোশাক বা ঐতিহ্যবাহী প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেগুলোকে সমসাময়িক ডিজাইন, নতুন সিলুয়েট, উপকরণ ও জীবনযাপনের সঙ্গে যুক্ত করতে হবে। ঐতিহ্যকে নতুন করে পরার উপযোগী করে তোলার মধ্যেই তার ভবিষ্যৎ।
ফ্যাশনের আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি তৈরি করতে হলে শুধু বিশ্বকে অনুসরণ করলেই হবে না, বিশ্বকে দেওয়ার মতো নিজস্ব ভাষাও তৈরি করতে হবে। সাংহাইয়ের এবারের রানওয়ে সেই কথাই আবার মনে করিয়ে দিল।
তথ্যসূত্র: ফ্যাশন ইউনাইটেড, ভোগ
ছবি: ইন্সটাগ্রাম