থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো: স্কুল মিল কর্মসূচির অর্থ সংগ্রহে র‍্যাম্পে হাঁটলেন ১৭ দেশের কূটনীতিক
শেয়ার করুন
ফলো করুন

শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের জন্য অর্থ সংগ্রহের উদ্দশ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফ্যাশন শো। এতে অংশ নেন ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। ৩০ অক্টোবর ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনের নাম ছিল ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’। এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যয় করা হবে থ্রাইভ বাংলাদেশের স্কুল মিল কর্মসূচিতে।

অনুষ্ঠানে ডিজাইনার সারা করিমের সঙ্গে আয়োজক ও অংশগ্রহকারীরা
অনুষ্ঠানে ডিজাইনার সারা করিমের সঙ্গে আয়োজক ও অংশগ্রহকারীরা

২০১২ সালে প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডরের উদ্যোগে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা থ্রাইভ বাংলাদেশ দেশের বিভিন্ন স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করে। সংস্থাটির মূল লক্ষ্য, ক্ষুধার্ত অবস্থায় কোনো শিশুকে যেন পড়াশোনা করতে না হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, দাতা ও অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজনটি বাস্তবায়নে শুরু থেকেই নেতৃত্ব ও সহযোগিতা দিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর স্ত্রী ফিলিপা উড।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকার দেশজুড়ে স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণে কাজ করছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়াতে থ্রাইভ বাংলাদেশের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুধার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ কূটনীতিকেরা বাংলাদেশের শিশুদের জন্য র‍্যাম্পে হেঁটেছেন। অনুষ্ঠানের প্রতিটি টিকিট ও প্রতিশ্রুত অনুদান সরাসরি শিশুদের খাবারের ব্যবস্থা করতে সহায়তা করবে বলে জানান থ্রাইভ বাংলাদেশের চেয়ার আমনা রহমান।
সংস্থার ডেপুটি চেয়ার কানওয়াল বকশি ভগত জানান, প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে শিশুদের সুস্থ রাখা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ কাজে লাগাতে সহায়তা করছে থ্রাইভ।

রক্যাটওয়াক করা কূটনীতিকরা
রক্যাটওয়াক করা কূটনীতিকরা

অন্যদিকে পুষ্টিকর খাবার শিশুর জন্য সুস্বাস্থ্য, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে আশা করেন আরেক ডেপুটি চেয়ার সাদিয়া মঈন।

অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, থ্রাইভ বাংলাদেশের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। ঢাকায় এটি একটি অর্থবহ বার্ষিক আয়োজনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে থ্রাইভ বাংলাদেশের বর্তমান ১৩টি অংশীদার স্কুলের শিশুদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হবে। এসব খাবারে থাকবে তাজা ফল, শাকসবজি ও ডিম, দুধ এবং বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। পাশাপাশি নতুন স্কুলকেও কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

মন্ত্রীকে স্মারক উপহার দিচ্ছেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার
মন্ত্রীকে স্মারক উপহার দিচ্ছেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার

অনুষ্ঠানে সহযোগিতা করেছে করতোয়া গ্রিন স্পিনিং মিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, অ্যাজাইল মাইন্ডস সলিউশন লিমিটেড, র‍্যানকন, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ও নেসলে বাংলাদেশ পিএলসি। হসপিটালিটি পার্টনার ছিল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেল।

ছবি: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬: ০০
বিজ্ঞাপন