
একসঙ্গে র্যাম্পে হাঁটবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং—এই ঘোষণা দেওয়ার পর থেকে সপ্তাহজুড়ে অধীর অপেক্ষা ছিল সবার। বলা যায় এদিক থেকে একেবারেই নিরাশ করেননি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি, যাঁদের ভালোবেসে ভক্তরা ডাকেন দীপ-বীর।

২৯ জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ে, বিখ্যাত অভিনয়ব্যক্তিত্ব ও সমাজকর্মী শাবানা আজমির জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত বর্ণাঢ্য ‘মিজোয়ান ফ্যাশন শো’তে স্বনামখ্যাত তারকা ডিজাইনার মনীষ মালহোত্রার পোশাকে রানওয়ে মাতালেন দীপিকা-রণবীর।
ভালোবাসার নিঃসংকোচ প্রকাশে কখনোই পিছপা না হওয়া এই প্রেমিক যুগলের রসায়ন আসলেই বর্ণনা করে বোঝানো যায় না। আর তাঁদের সেই আকর্ষণীয় প্রেমময়তাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে আনা হয়েছে র্যাম্পের কোরিওগ্রাফিতে। অকুণ্ঠ চুম্বন, ভরপুর রোমান্স আর চোখে চোখ রেখে একে অপরকে উদ্যাপন করেই দারুণ শুভারম্ভ হলো এই জুটির ক্যাটওয়াকের।

বলাই বাহুল্য, দীপিকা ও রণবীরের থেকে চোখ সরানো দায় তাঁদের জমকালো এমবেলিশমেন্ট ও এমব্রয়ডারি করা মনীষ মালহোত্রা ওত কতুর আউটফিট থেকে। লম্বা কেপ দেওয়া সাদা-রুপালি লেহেঙ্গায় দীপিকাকে লেগেছে স্বপ্নের রাজকন্যার মতো।
আজকাল তাঁর ট্রেডমার্ক আই মেকআপ বনে যাওয়া স্মোকি নাটকীয় চোখের সাজ মানিয়ে যাচ্ছে খুব। চুলেও মানানসই বাহুল্যবর্জিত হেয়ার ডু। কানে, গলায় রুপালি আর সাদা বড় পাথরের স্টেটমেন্ট জুয়েলারি। সঙ্গে স্বভাবসুলভ মোহময়ী হাসিতে দীপিকা হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সবার।

আর রণবীর সিংয়ের অপূর্ব সুন্দর সাদা এমব্রয়ডারি করা কালো শেরওয়ানির রাজকীয় লুকের ব্যাপারে যা-ই বলা হবে, তা যথেষ্ট নয়। সঙ্গে স্টাইলিশ শর্ট পনিটেল করা চুল। কানে সাদা পাথরের গয়না। পরিপাটি, গ্রুম করা দাড়ি-গোঁফে রণবীর সত্যিই হ্যান্ডসাম।
তারকাখচিত এই ফ্যাশন ইভেন্টে বিদ্যা বালান, গৌরী খান, করন জোহর, নোরা ফাতেহি, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজাসহ অনেকেই উপস্থিত ছিলেন সেবামূলক এই উদ্যোগে নিজেদের ভূমিকা নিশ্চিত করতে।
ছবি: দীপিকা পাড়ুকোন, রণভীর সিং, মনীষ মালহোত্রা ও শাবানা আজমীর ইন্সটাগ্রাম হ্যান্ডল থেকে