নানা থিমে দৃষ্টিনন্দন স্কার্ট
শেয়ার করুন
ফলো করুন

রিকশা পেইন্টিং

এই স্কার্টে ঢাকার রিকশা আর্টের মতো করে পাখি ও ফুলে সমন্বয়ে তৈরি মোটিফকে কাপড়ে প্রিন্ট করে জমিন অলংকরণ করা হয়েছে। এখানে নানা ধরনের ফুল ও পাখিকে বিভিন্ন রঙের আড়াআড়ি স্ট্রিপ বসিয়ে প্রিন্ট করা হয়েছে। ফুলহাতা টপের সামনের অংশটা স্কার্টের সঙ্গে মিলিয়ে গোলাপ ফুল প্রিন্ট করা। হাতা ও টপের পেছনের দিকটা মেরুন কাপড়ে তৈরি। কেবল হাতার কাফে পেইন্ট ছাপা কাপড়ের স্ট্রিপ বসানো।

বিজ্ঞাপন

ওয়ার্লি আর্ট

এই স্কার্টে ঐতিহ্যবাহী ট্রাইবাল আর্ট ‘ওয়ার্লি আর্ট’-এর একরঙা মোটিফগুলো নানা রঙে ফুটিয়ে তোলা হয়েছে। টপসের সামনের দিকটা স্কার্টের সঙ্গে মিলিয়ে একই প্রিন্ট করা। হাতা আর পেছনের অংশ কালো কাপড় দিয়ে তৈরি।  

বিজ্ঞাপন

দরবার

এই স্কার্টে মহারাজাদের দরবারের দৃশ্য এবং রাজাবহরের দৃশ্য স্কার্টের নিচের অংশ ও টপের সামনের অংশে ফুটিয়ে তোলা হয়েছে। টপের বাকি অংশ ও হাতা কালো কাপড়ে তৈরি করা হয়েছে। স্কার্টের বাকি অংশ নীল জমিনে ছোট ছোট মোটিফ প্রিন্ট করা।

পদ্মাবতী

‘একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে/ ভ্রমর-কুন্তলা কিশোরী?/ আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে/ সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।’

কাজী নজরুল ইসলামের কবিতায় ফুটে ওঠে চমৎকার এক ছবি। আসলে পদ্ম তোলায় মত্ত কিশোরী আর পদ্মের সমারোহের এক মিশ্র-মধুর স্নিগ্ধতা মিশে আছে এখানে। স্কার্টে পদ্মফুল ও পদ্মঝিলে রমণী বা সখীদের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পেপার সিল্কে ডিজিটাল প্রিন্টে। স্কার্টের সঙ্গে মিলিয়ে টপসে কেবল পদ্মফুলের মোটিফ সামনের দিকে প্রিন্ট করা হয়েছে। বাকি অংশ কালো সুতি কাপড়ে তৈরি।  

ড্যান্সিং নাইট ওভার দ্য রোন

এই স্কার্টে ইউরোপিয়ান শিল্প,  ভারতীয় উপমহাদেশীয় শিল্পে মিশে গেছে! বিখ্যাত শিল্পী ভ্যান গঘের ‘স্টারি নাইট ওভার দ্য রোন’ আর পাহাড়ি নাচ একসঙ্গে যেন মায়াবী আভা তৈরি করে! ভ্যান গঘের চিত্রশিল্পকে স্কার্টের ওপরের অংশে রেখে, নিচে বাটিক পেইন্টিংয়ে নৃত্যরত শিল্পীদের মোটিফের সংমিশ্রণে মুক্তমঞ্চে মায়াবী রাতে নৃত্যপালার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। টপসের সামনের অংশে ব্যবহার করা হয়েছে কেবল নাচের দৃশ্য।

মডেল: তুর্নি মজুমদার
ফটোগ্রাফার: শুভ বণিক
ব্র্যান্ড: হরিতকী

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১৫: ১১
বিজ্ঞাপন