
কান চলচ্চিত্র উৎসবের সময় উপমহাদেশীয় ও পশ্চিমা ফ্যাশন সমালোচকেরা সবচেয়ে বেশি যাঁর লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তিনি হলেন বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছরই তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয় আলাদা উন্মাদনা। তবে এবার এখনো কানের লালগালিচায় দেখা মেলেনি তাঁর। ফলে ফ্যাশন সমালোচক থেকে শুরু করে ভক্ত সবার মনেই একটাই প্রশ্ন, কানের রানির হলো কী?
দীর্ঘ অনেক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে ভারতের অন্যতম আইকনিক মুখ হিসেবে পরিচিত ঐশ্বরিয়া। গ্লোবাল বিউটি অ্যাম্বাসেডর ও ভারতীয় সিনেমার প্রতিনিধি হিসেবে নিয়মিতই তিনি অংশ নিয়ে আসছেন এই উৎসবে। তাঁর রেড কার্পেট লুক, পোশাক ও স্টাইলিং ঘিরে প্রতি বছরই তৈরি হয় ব্যাপক আলোচনা। বিমানবন্দর লুক থেকে শুরু করে গালা সবকিছুতেই নজর থাকে ভক্তদের। তাই কান ২০২৬-এ ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা।
বিশেষ করে, ল’রিয়াল প্যারিসের কান ক্যাম্পেইন ও পোস্টারে তাঁকে দেখা না যাওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানা কথা। একজন ভক্ত লিখেছেন, “এটা বাড়াবাড়ি হয়ে গেছে! ল’রিয়াল এমন একজন কিংবদন্তিকে বাদ দিয়েছে, যিনি পুরো এশিয়ায় ব্র্যান্ডটির পরিচিতি বাড়িয়েছেন।” আরেকজন মন্তব্য করেন, “নতুন মুখদের জায়গা দিতে গিয়ে আপনারা ভুলে যাচ্ছেন, ঐশ্বরিয়াই এই ব্র্যান্ডকে এশিয়ায় জনপ্রিয় করে তুলেছেন।”
তবে উৎসবের শুরুর দিকে দেখা না গেলেও, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সমাপনী আয়োজনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই বলি ডিভার। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমার প্রচারণা নিয়ে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই শুরু থেকে আজ পর্যন্ত, প্রতি বছরই গ্ল্যামারাস উপস্থিতি আর নজরকাড়া লুকে কান মাতিয়ে রেখেছেন তিনি। দুই দশকে কানের লালগালিচায় ঐশ্বরিয়ার সবচেয়ে আইকনিক কান লুক নিয়েই আজকের আয়োজন।




























