

আরমানি ছিলেন আধুনিক ইতালীয় ফ্যাশনের প্রতিচ্ছবি। তাঁর নকশায় ছিল এক অনন্য পরিশীলিত সৌন্দর্য, যা ফ্যাশন জগতকে এনে দিয়েছিল নতুন মাত্রা। তিনি শুধু ডিজাইনারই নন, ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন ব্যবসায়ীও। প্রতি বছর তাঁর সাম্রাজ্যে আয় হয় প্রায় ২৩০ কোটি ইউরো।

ফ্যাশন দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন ‘রে জর্জিও’ বা ‘রাজা জর্জিও’ নামে। তাঁর সংগ্রহের নকশা থেকে শুরু করে বিজ্ঞাপন, এমনকি রানওয়েতে ওঠার আগে মডেলদের চুল ঠিক করার খুঁটিনাটিও তিনি নিজে তদারকি করতেন। ফ্যাশনের প্রতি তাঁর ভালোবাসা ছিল নিখুঁত ও নিবেদিত।

সাম্প্রতিক সময়ে অসুস্থতার কারণে তিনি মিলানে মেন’স ফ্যাশন উইক থেকে সরে দাঁড়ান। এটাই ছিল তাঁর দীর্ঘ সৃজনজীবনের প্রথম অনুপস্থিতি। হয়ত এটাই ছিল এক আভাস মহান অধ্যায় সমাপ্তির ।

জর্জিও আরমানি ছিলেন সৌন্দর্য ও সরলতার কবি। তাঁর হাতে তৈরি পোশাক মানুষকে শুধু আভিজাত্য নয়, একধরনের আত্মবিশ্বাসও উপহার দিত। তাঁর বিদায় শুধু ইতালির নয়, পুরো বিশ্বের ফ্যাশন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন সেই চিরন্তন স্টাইল, যা সময়ের স্রোতেও কখনো মলিন হবে না।

শনিবার ও রবিবার মিলানে জনসাধারণের জন্য শোককক্ষ খোলা থাকবে। এরপর একান্ত পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে তাঁর শেষকৃত্য। তাঁর মৃত্যুতে আবিশ্বের ফ্যাশনজগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রতিষ্ঠান আরমানি গ্রুপ শোকবার্তায় জানিয়েছে: অসীম বেদনার সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের স্রষ্টা, প্রতিষ্ঠাতা ও নিরলস চালিকাশক্তি জর্জিও আরমানির প্রয়াণের খবর।
ছবি: এএফপি