রোলাঁ গারোর  লালমাটিতে সোনালি ঝলক: নাওমি ওসাকায় টেনিস কোর্ট এখন ফ্যাশন রানওয়ে
শেয়ার করুন
ফলো করুন
বিজ্ঞাপন

রোলাঁ গারোর কোর্টে শুক্রবার নাওমি ওসাকা প্রবেশ ছিল যথার্থ নাটকীয়।  মনে হচ্ছিল কোনো গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে নয়, বরং তিনি পা রাখছেন প্যারিস ফ্যাশন উইকের র‍ানওয়েতে। প্রথম ম্যাচে তাঁর গায়ে ছিল কালো করসেটের মতো বডিস ও দীর্ঘ প্লিটেড স্কার্ট। মুহূর্তের মধ্যেই সেই আবরণ সরিয়ে উন্মোচিত হলো ঝলমলে সোনালি সিকুইন-খচিত ড্রেস। দর্শকরা যেন একই সঙ্গে দেখলেন এক টেনিস তারকা ও এক ফ্যাশন পারফরমারের আবির্ভাব।

বিজ্ঞাপন

দ্বিতীয় রাউন্ডে ওসাকা হাজির হন আরও নাটকীয় রূপে। সোনালি সিকুইনড ড্রেসের ওপর মেটালিক গোল্ড বম্বার জ্যাকেট, আর পেছনে আইভরি রঙের দীর্ঘ ট্রেন। ভিক্টোরিয়ান যুগের পোশাক থেকে অনুপ্রাণিত এই লুক যেন স্পোর্টসওয়্যার ওত কতুরের এক দুর্দান্ত মেলবন্ধন। ম্যাচ শুরুর আগে তিনি জ্যাকেট ও ট্রেন খুলে ফেললেন, কিন্তু ততক্ষণে প্যারিসের দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

ওসাকার কাছে পোশাক কখনোই কেবল পোশাক নয়। তিনি নিজেই বলেছেন, তিনি খুব বেশি কথা বলেন না; তাই পোশাক দিয়েই নিজের গল্প বলতে ভালোবাসেন। তাঁর মতে, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে কোর্টে প্রবেশের মুহূর্তটা এমন একটি সময়, যখন একজন অ্যাথলেট নিজেকে শুধু খেলোয়াড় নয়, একজন এন্টারটেইনার হিসেবেও নিজেকে উপস্থাপন করতে পারেন।

ম্যাচের আগেও ছিল সাদা ট্রেন
ম্যাচের আগেও ছিল সাদা ট্রেন

তবে এই সোনালি ঝলক তাঁর প্রতিপক্ষকে মুগ্ধ করেনি; বরং জার্মান খেলোয়াড় লরা সিয়েগমুন্ড প্রকাশ্যে সমালোচনা করেন ওসাকার এই ফ্যাশন-নির্ভর প্রবেশকে। তাঁর অভিযোগ, ম্যাচ শুরুর আগে পোশাক পরিবর্তনে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে এবং বড় তারকাদের জন্য নিয়ম প্রয়োগেও শিথিলতা দেখানো হচ্ছে। এমনকি তিনি মন্তব্য করেন, তিনি টেনিস খেলতে এসেছেন, ফ্যাশন শো দেখতে নয়।

কিন্তু সমালোচনার জবাবে ওসাকা নতিস্বীকার করেননি; বরং তিনি ইঙ্গিত দেন, টেনিসে এর চেয়েও বড় সমস্যা রয়েছে। এদিকে আবার অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। আরিয়ানা সাবালেঙ্কাসহ বেশ কয়েকজন খেলোয়াড় ওসাকার এই উপস্থিতির স্বাধীনতাকে সমর্থন করেছেন। তাঁদের মতে, ব্যক্তিত্ব প্রকাশের এই সাহসই আধুনিক টেনিসকে আরও প্রাণবন্ত করে তুলছে।

খুলে ফেলছেন কালো করসেটের মতো বডিস
খুলে ফেলছেন কালো করসেটের মতো বডিস

আসলে নাওমি ওসাকা নতুন কিছু করছেন না; তিনি শুধু টেনিসের পুরোনো ঐতিহ্যকে নতুন ভাষা দিচ্ছেন। একসময় সেরেনা উইলিয়ামস কিংবা ভেনাস উইলিয়ামসের পোশাকও বিতর্ক তৈরি করেছিল। আজ সেসবই ক্রীড়া ইতিহাসের অংশ।

ছবি: এএফপি ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৩: ১৩
বিজ্ঞাপন