
সেপ্টেম্বর ফ্যাশনবিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ মাস। এ মাসে চারটি ফ্যাশন ক্যাপিটালে (নিউইয়র্ক, প্যারিস, লন্ডন, মিলান) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত স্প্রিং-সামার ফ্যাশন উইক। এ ছাড়া বড় বড় লাইফস্টাইল ম্যাগাজিন বের করে বিশেষ সংখ্যা। সেই ধারাবাহিকতায় প্রতিবছর সেপ্টেম্বরে বিখ্যাত আমেরিকান ফ্যাশন ম্যাগাজিন হারপার’স বাজার আইকন ইস্যু প্রকাশ করে। এ বছর তার কোনো ব্যতিক্রম না হলেও হারপার’স বাজার কর্তৃপক্ষ পাঠকদের জন্য এই বিশেষ সংখ্যায় রেখেছে বিশেষ চমক।

এবারের হারপার’স বাজার আইকন ইস্যুর থিম হলো ‘দ্য ভ্যানগার্ড’ বা অগ্রদূত। বিশ্ব পপ কালচারে বিশেষ অবদান রাখা বিভিন্ন পেশায় উজ্জ্বল সাতজন স্বনামধন্য ব্যক্তিত্বকে নিয়ে সাজানো হয়েছে এই সংখ্যা। তাঁরা হলেন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল, হলিউড অভিনেতা উইলিয়াম ডিফো, মার্কিন চিত্রশিল্পী এমি শিরাল্ড, মার্কিন লেখক চেলসি ক্লিনটন, তরুণ ইংলিশ অভিনেত্রী নাওমি আকি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা জন এম চু, ‘কুইন অব ফাংক’–খ্যাত মার্কিন সংগীতশিল্পী চাকা খান।
এই সাত ব্যক্তিত্বকে নিয়ে মোট সাতটি কাভার স্টোরি প্রকাশ করেছে হারপার’স বাজার। তবে প্রচ্ছদকন্যা হয়েছেন দাপুটে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। পুরো সংখ্যার জন্য তাঁর বেশ কিছু ছবি তুলেছে হারপার’স বাজার টিম। সেখানে তাঁকে অত্যন্ত স্টাইলিশ লুকে দেখা গেছে। পশ্চিমা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাওমি ক্যাম্পবেলের সেই ছবিগুলো ভাইরাল হয়েছে।

নাওমি ক্যাম্পবেল একজন ফ্যাশন আইকন। তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ কৃষ্ণাঙ্গ মডেল হিসেবে বিবেচনা করা হয়। বয়স ৫০–এর বেশি হওয়ার পরও র্যাম্পের মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন নাওমি ক্যাম্পবেল।

তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে বিশ্বের সবচেয়ে নামকরা ফ্যাশন জাদুঘর দ্য ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্টে এখন চলছে বিশেষ প্রদর্শনী। জাদুঘরটির ইতিহাসে নাওমি ক্যাম্পবেলই প্রথম মডেল, যাঁকে নিয়ে এমন একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি সত্যিকার অর্থে ফ্যাশনশিল্পের একজন অগ্রগামী ব্যক্তিত্ব। তাই হারপার’স বাজার তাঁকে সামনে রেখে পুরো আইকন ইস্যু সাজিয়েছে। আইকন পোর্টফোলিও ও কাভার স্টোরি পড়া যাবে হারপার’স বাজার ইউএসের ডিজিটাল সংস্করণে আর সেপ্টেম্বরে বের হবে এর প্রিন্ট সংস্করণ।