
৪ মে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবারর থিম ছিল "কস্টিউম আর্ট"। তবে এবারের মেটগালা নিয়েই মনে হয় ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে ছিল বিশেষ কো চেয়ার ও স্পনসর হিসেবে বিলিয়নিয়ার কাপল জেফ ও লরেন সানচেজ বেজোসের অন্তর্ভুক্তি।
মূলত এই অনুষ্ঠানের স্পনসরশিপ নিয়ে বিতর্ক, প্রতিবাদ এবং সেলিব্রিটিদের বয়কটের কারণে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার স্ত্রী লরেন সানচেজ বেজোস কো-চেয়ার হিসেবে যুক্ত থাকাটা অনেকেই ভালোভাবে নিতে পারেন নি। জেফ বেজোস নিজে অনুপস্থিত ছিলেন মূল ইভেন্টে। তবে স্ক্যাপারেল্লির গাউন পরে মেট গালায় বেশ লাইমলাইটে ছিলেন লরেন। ফ্যাশন দুনিয়ায় টাকা দিয়েই নিজের অবস্থান কিনেছেন বলে অভিযোগ উঠছে জেফ বেজোস ও লরেন সানচেজের প্রতি।


এর ফলে অনেকে একে "বিলিয়নিয়ার্স বল" এবং "টেক গালা" বলে অভিহিত করেন। চলুন দেখে নিই কী কী ঘটনা ঘটে গেল এ নিয়ে।
বয়কট বেজোস প্রতিবাদ
প্রতিবাদকারীরা অনুষ্ঠানটি বয়কট করার জন্য পোস্টার বিতরণ করেন। অনুষ্ঠানের আগে ''এভরিওয়ান হেটস ইলন'' নামক একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর ভেতরে প্রায় ৩০০ বোতল কৃত্রিম মূত্র (পানি ও খাবারের রং দিয়ে তৈরি) রেখে দেয়।


"বয়কট দ্য বেজোস মেট গালা" নামক এই বিক্ষোভের লক্ষ্য ছিল জেফ বেজোস এবং লরেন সানচেজ বেজোসকে লক্ষ্য করে অ্যামাজন ওয়্যারহাউসের কাজের পরিবেশ সংক্রান্ত অভিযোগগুলো তুলে ধরা।
প্রতিবাদের কৌশল
প্রতিবাদকারীরা ভেন্যুটির বাইরে একটি "মেট গালা ভিআইপি টয়লেট" প্রদর্শন করেন যা কথিত সমস্যাগুলোর প্রতীক হিসেবে তুলে ধরা হয়। ৪ মে জাদুঘরের নিরাপত্তা কর্মীরা এসব সরিয়ে ফেলেন। তবে রিপোর্টে বলা হয় যে, বোতলের প্রকৃত সংখ্যা প্রাথমিকভাবে দাবী করা সংখ্যা ৩০০-এর চেয়ে কম ছিল।
বল উইদাউট বিলিয়নিয়ার্স
একই সন্ধ্যায় নিউ ইয়র্কে অ্যামাজন কর্মীরা তাদের নিজস্ব প্রতিবাদী অনুষ্ঠান "বল উইদাউট বিলিয়নেয়ার্স" আয়োজন করেন।
সেলিব্রিটিদের অনুপস্থিতি
জেনডায়া, মেরিল স্ট্রিপ এবং টিমোথি শালামের মতো বড় তারকারা এই অনুষ্ঠানে যোগ দেননি। কিছু রিপোর্ট অনুযায়ী, বেজোসের সম্পৃক্ততার কারণেই তারা অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নেন।


বিশেষ করে সম্প্রতি ডেভিল ওয়্যারস প্রাডা সিনেমার সিকুয়েল দিয়ে ফ্যাশন দুনিয়ায় আলোচনার তুঙ্গে থাকা মেরিল স্ট্রিপ এর আগে কখনও মেট গালায় না আসলেও এবারের আসরে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ভোগ-এর এডিটর ইন চিফ ও মেট গালার প্রধান হোস্ট অ্যানা উইন্টোরের বিশেষ বন্ধু তিনি। কিন্তু তাঁর অনুরোধও টলাতে পারেনি মেরিলের নীতিগত অবস্থানকে। উল্লেখ্য, ডেভিল ওয়্যারস প্রাডা সিনেমায় মেরিলের চরিত্রটি অ্যানার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত।
সারাহ পলসনের বিতর্কিত সাজ
অভিনেত্রী সারাহ পলসন একটি ডলারের নোটকে মাস্ক হিসেবে পরে এবারের মেট গালায় আলোচনায় আসেন। তিনি একে "দ্য ওয়ান পার্সেন্ট" বলে অভিহিত করেন, যা এই অভিনেত্রী একজন বিলিয়নিয়ারের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত সম্পদের প্রতি একটি সমালোচনা হিসেবে করার চেষ্টা করেছিলেন।

হাইটেক নিয়ে অসন্তোষ
মেটা, ওপেনএআই ও স্ন্যাপচ্যাট-এর মতো টেক জায়ান্টদের উপস্থিতি এই উদ্বেগের সৃষ্টি করে যে অনুষ্ঠানটি শিল্পের চেয়ে কর্পোরেট অর্থের দিকে বেশি ঝুঁকে পড়েছে।
তবে সব সমস্যা সত্ত্বেও, ২০২৬ সালে রেড কার্পেটে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেনি, তবে ডিসটোপিয়ান সম্পদ বৈষম্য নিয়ে উত্তেজনা ও সমালোচনা এবারের মেট গালায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
সূত্র: ভোগ, দ্য ইন্ডিপেন্ডেন্ট
ছবি: ইন্সটাগ্রাম