লেয়ার্স অব লাইফ: মিস ওয়ার্ল্ডে উগান্ডার প্রতিযোগীর তুমুল আলোচিত গাউনে সিজারিয়ান সেকশনের সাত স্তরে মাতৃত্বের গল্প
শেয়ার করুন
ফলো করুন

মিস উগান্ডা ট্রিভিয়া আল মুহোজার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 'ডিজাইনার অফ দ্য ওয়ার্ল্ড' গাউন এখন ফ্যাশন দুনিয়ার 'টক অফ দ্য ওয়ার্ল্ড'। সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মায়েদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত এই মারমেইড গাউনটি তুলে ধরেছে সি সেকশন মাতৃত্বের পুরো গল্প।

মিস উগান্ডার 'ডিজাইনার অফ দ্য ওয়ার্ল্ড' গাউন এখন ফ্যাশন দুনিয়ার 'টক অফ দ্য ওয়ার্ল্ড'
মিস উগান্ডার 'ডিজাইনার অফ দ্য ওয়ার্ল্ড' গাউন এখন ফ্যাশন দুনিয়ার 'টক অফ দ্য ওয়ার্ল্ড'

ভিয়েতনামে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় উগান্ডার প্রতিযোগী ট্রিভিয়া এল মুহোজা এমন একটি গাউন পরেছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘লেয়ার্স অব লাইফ’ নামের এই গাউনটির নকশা তৈরি করা হয়েছে সিজারিয়ান বা সি-সেকশন অস্ত্রোপচারের সময় কাটা হয় এমন শরীরের সাতটি অ্যানাটমিক্যাল স্তর থেকে অনুপ্রেরণা থেকে তৈরি।

বিজ্ঞাপন

পিচ, সোনালি, কোরাল, লাল, মেরুন ও বারগ্যান্ডি অম্ব্রে এফেক্টে ফুটিয়ে তোলা হয়েছে এই লেয়ার্স অফ লাইফ থিম। পোশাকটির সৌন্দর্য আরও বাড়িয়েছে পার্ল, গ্লাস বিডস ও ক্রিস্টালের কাজ। গাউনটি ডিজাইন করেছেন উগান্ডার ডিজাইনার কীশা আবদাল্লাহ। তাঁর ফ্যাশন ব্র্যান্ডের নাম কীশা (KEESHA)।

গাউনটি ডিজাইন করেছেন উগান্ডার ডিজাইনার কীশা আবদাল্লাহ। তাঁর ফ্যাশন ব্র্যান্ডের নাম কীশা (KEESHA)
গাউনটি ডিজাইন করেছেন উগান্ডার ডিজাইনার কীশা আবদাল্লাহ। তাঁর ফ্যাশন ব্র্যান্ডের নাম কীশা (KEESHA)

নতুন মা হওয়ার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই তাঁকে এই বিশেষ পোশাকটি তৈরিতে অনুপ্রাণিত করেছে। মারমেইড-সিলুয়েটের এই গাউনে ক্রিম, সোনালি, পিচ, কোরাল ও গাঢ় লাল রঙের টিউল ও বিভিন্ন কাপড় ব্যবহার করা হয়েছে। পোশাকটির ব্যতিক্রমী নকশা বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। মাতৃত্বের অদৃশ্য শারীরিক শ্রম, ত্যাগ ও শক্তিকে সম্মান জানানোর জন্য প্রতিযোগিতায় গাউনটি ‘ওয়ার্ল্ড ডিজাইনার অ্যাওয়ার্ড’ অর্জন করে।

বিজ্ঞাপন

গাউনের সাত স্তরে সি-সেকশনের গল্প

গাউনটির নকশায় চিকিৎসাবিজ্ঞানের অ্যানাটমিকে রূপ দেওয়া হয়েছে হাই ফ্যাশনে। পোশাকটির বাইরের স্তর থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া হয়েছে জীবনের উৎসের দিকে।

১. ত্বক (Skin)

গাউনের বাইরের প্রতিরক্ষামূলক টেক্সচার ও ভিত্তিগত রঙের মাধ্যমে ত্বককে তুলে ধরা হয়েছে।

২. ত্বকের নিচের চর্বি (Subcutaneous Fat)

এই স্তরটি শরীরে সঞ্চিত শক্তি ও শরীরকে টিকিয়ে রাখার উপাদানের প্রতীক হিসেবে নকশা করা হয়েছে।

৩. ফ্যাসিয়া (Fascia)

শরীরের বিভিন্ন কাঠামোকে একসঙ্গে ধরে রাখা শক্ত সংযোজক টিস্যুর প্রতিচ্ছবি হিসেবে এই স্তরটি বোনা হয়েছে।

গাউনটির নকশায় চিকিৎসাবিজ্ঞানের অ্যানাটমিকে রূপ দেওয়া হয়েছে হাই ফ্যাশনে
গাউনটির নকশায় চিকিৎসাবিজ্ঞানের অ্যানাটমিকে রূপ দেওয়া হয়েছে হাই ফ্যাশনে

৪. পেটের পেশি (Abdominal Muscle)

এই অংশে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের শারীরিক শক্তি ও সন্তান জন্মদানের সময় তাঁর অসাধারণ সহনশীলতা।

৫. পেরিটোনিয়াম (Peritoneum)

পেটের ভেতরের মসৃণ ও সুরক্ষামূলক আবরণের আদলে তৈরি করা হয়েছে এই স্তর।

৬. জরায়ু (Uterus)

গাঢ়, সমৃদ্ধ ক্রিমসন বা লাল রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে জরায়ুকে—যেখানে একটি নতুন প্রাণ বেড়ে ওঠে।

৭. অ্যামনিওটিক স্যাক (Amniotic Sac)

স্বচ্ছ ও ঢেউখেলানো কাপড়ের মাধ্যমে দেখানো হয়েছে অ্যামনিওটিক স্যাক বা গর্ভথলি। মায়ের গর্ভে জন্মের আগ পর্যন্ত এটি শিশুকে ঘিরে রাখে, সুরক্ষা দেয় এবং একধরনের কুশনের মতো কাজ করে।

‘সি-সেকশন সহজ পথ’—এই ধারণাকে চ্যালেঞ্জ

এই গাউন তৈরির অন্যতম উদ্দেশ্য ছিল সমাজে প্রচলিত সেই অবহেলামূলক ধারণাকে চ্যালেঞ্জ করা, যেখানে সি-সেকশনকে কখনো কখনো প্রসবের ‘সহজ পথ’ হিসেবে দেখা হয়। মুহোজা ও আবদাল্লাহ আন্তর্জাতিক একটি মঞ্চে সি-সেকশনের জটিল চিকিৎসাবাস্তবতাকে তুলে ধরেছেন পোশাকের ভাষায়।

গাউনের সাতটি স্তরের মাধ্যমে তাঁরা সামনে এনেছেন মাতৃস্বাস্থ্য, বড় ধরনের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার দীর্ঘ প্রক্রিয়া এবং নারীর অদৃশ্য শ্রমের বিষয়গুলো। ফলে ‘লেয়ার্স অব লাইফ’ শুধু একটি ফ্যাশনেবল গাউন নয়; এটি মাতৃত্বের শারীরিক শক্তি, ত্যাগ ও সংগ্রামের একটি দৃশ্যমান গল্প। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাত ৮টায় ভিয়েতনামের ন্যা ট্রাং থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বজুড়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন মিস ওয়ার্ল্ডের মুকুট পরানো হবে।

সূত্র ও ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২২
বিজ্ঞাপন