শক্তির রঙে নারী দিবস
শেয়ার করুন
ফলো করুন

‘জেন্ডার সমতার জন্য প্রযুক্তি ও উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর বিশেষ এই দিনটির সঙ্গে রয়েছে রঙের সম্পর্ক। বেগুনি, সবুজ ও সাদা রং তিনটি মিলেমিশে রয়েছে নারী দিবসের সঙ্গে।  

নারী দিবস উদ্‌যাপনে বেগুনি রংকে বিশেষভাবে দেওয়া হয় গুরুত্ব। তবে বেগুনি কিন্তু একমাত্র রং নয়। এ তালিকায় আরও রয়েছে সবুজ ও সাদা। নারী দিবসের সঙ্গে কীভাবে যুক্ত হলো রং তিনটি, তারও আছে ইতিহাস।

ভোটাধিকারের জন্য বিংশ শতাব্দীতে ব্রিটেনের নারীরা তাঁদের আন্দোলনে গুরুত্ব দিয়েছিলেন বেগুনি রংটিকে। সেই সঙ্গে সাদা ও সবুজ রংও ব্যবহৃত হতো অধিকারের প্রতীক হিসেবে। সে সময় বেগুনি ছিল আভিজাত্যের, সবুজ আশার ও সাদা শুভ্রতার প্রতীক। তবে বেগুনি রং পেয়েছে আলাদা প্রাধান্য। এমনকি পুলিৎজার পুরস্কার পাওয়া, নারীবৈষম্য নিয়ে লেখা একটি বইয়ের নামের সঙ্গেও যুক্ত রয়েছে বেগুনি রং।

বিজ্ঞাপন

তবে বেগুনি রংকে এখন শুধু আভিজাত্যের প্রতীক ধরা হয় না; যার আছে বিশেষ কারণও। ২০১৮ সালে রং নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন বেগুনিকে বর্ষসেরা রং হিসেবে নির্ধারণ করে। তাঁদের বিশ্লেষণে এই বেগুনি হলো সূর্যের অতি বেগুনি রশ্মি। তবে তাদের বিশ্লেষণে সূর্যের অতিবেগুনি রশ্মিকে নেতিবাচক বিবেচনা করা হয়নি, বরং এর ক্ষমতাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

কারণ, চোখে দেখা না গেলেও এই রশ্মি মহাকাশে নিজের ক্ষমতা দেখিয়ে যাচ্ছে। প্যানটোনের এই ব্যাখ্যা আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন কর্তৃপক্ষের কাছে দিবসটি উদ্‌যাপনের সঙ্গে মানানসই মনে হয়। এবং তারা রংটিকে গ্রহণ করে। একজন নারীর মতোই বেগুনির আছে নিজস্ব সম্ভাবনা, ক্ষমতা ও কৌতূহল।

বিজ্ঞাপন

বেগুনি, সাদা ও সবুজ তিন রঙেই এ বছরে পালিত হচ্ছে নারী দিবস। তবে স্বাভাবিকভাবেই উদ্‌যাপনের অংশ হিসেবে পোশাক ও অন্যান্য অনুষঙ্গে বেগুনির ব্যবহার তুলনামূলক বেশি। যেকোনো পোশাকেই হতে পারে নারী দিবস উদ্‌যাপন। তবে নারীদের বেগুনি শাড়ির প্রতিই আগ্রহ থাকে বেশি। পটের বিবি পোশাকের একটি অনলাইন উদ্যোগ। যদিও একটি শোরুমও রয়েছে প্রতিষ্ঠানটির। পটের বিবির প্রধান উদ্যোক্তা একজন নারী, ফোয়ারা ফেরদৌস। মূলত নারীদের পোশাক নিয়েই কাজ করেন ফোয়ারা ফেরদৌস। প্রতিটি উৎসবের পোশাক এখানে পায় বাড়তি প্রাধান্য। তাই উৎসব উদ্‌যাপনে পটের বিবিতে থাকে নানা আয়োজন।

ফোয়ারা ফেরদৌস জানান, একজন নারী হিসেবে অন্য নারীদের জন্য পোশাক নকশার ভালো লাগাটা অনেক বেশি। নারী দিবস উদ্‌যাপনে বেগুনি রংও এখন হয়ে উঠেছে একটি বিশেষ ট্রেন্ডের অংশ। তাই নারীর ভালো লাগা, তাঁর শক্তি, তাঁর অধিকার সবকিছু চিন্তা করেই এবারের নারী দিবসের জন্য বেগুনি শাড়ি নকশা করেছি।

গ্লুড টুগেদারের স্বত্বাধিকারী মেহেনাজ আহমেদ নারী দিবস উপলক্ষে নকশা করেছেন বেশ কয়েকটি গয়না। তবে বেগুনি নয়, এই নারী উদ্যোক্তার গয়নায় অন্য দুটি রং অর্থাৎ সাদা ও সবুজ পেয়েছে বিশেষ গুরুত্ব। নারীর প্রতি বৈষম্য দূর হোক, নারী চলুক তাঁর নিজস্ব স্বাধীনতায়—এই বার্তাই ফুটে উঠেছে মেহেনাজ আহমেদের ডিজাইন করা গয়নায়।

নারী দিবস উদ্‌যাপনে বেগুনি রঙের গয়না ডিজাইন করেছে অনলাইন পেজ রঙ্গবতীও। তাদের গয়নাতেও বেগুনির ব্যবহারে অবাধ স্বাধীনতাই তুলে ধরা হয়েছে।

ছবি: গ্লুড টুগেদার, পটের বিবি, রঙ্গবতী ও কে ক্রাফট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৮: ০৫
বিজ্ঞাপন