কম বাজেটেও মিলতে পারে পরিপাটি ও ক্ল্যাসি লুক, রহস্য লুকিয়ে আছে এই ৫ অভ্যাসে
শেয়ার করুন
ফলো করুন

একই পোশাক কারও পরনে সাদামাটা মনে হতে পারে, আবার অন্য কেউ পরলে সেটিই হয়ে উঠতে পারে বেশ নজরকাড়া। আসলে পার্থক্য তৈরি হয় পোশাকের দামে নয়; বরং নিজেকে কীভাবে উপস্থাপন করছেন, তার ওপর। তাই কম বাজেটেও সাজপোশাকে আভিজাত্যের ছাপ আনতে চাইলে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই; বরং কয়েকটি ছোট অভ্যাস আর সচেতনতার ছোঁয়ায় বদলে যেতে পারে আপনার সামগ্রিক উপস্থিতি। জেনে নিন এমনই পাঁচটি সহজ উপায়।

পরিচ্ছন্নতাই স্টাইলের প্রথম শর্ত

স্টাইলিশ দেখানোর শুরুটা আসলে সাজগোজ দিয়ে নয়, পরিচ্ছন্নতা দিয়ে। নিয়মিত মুখ পরিষ্কার করা থেকে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার, চুল পরিচ্ছন্ন রাখা—এই ছোট ছোট বাহ্যিক বিষয়ই একজনের পুরো উপস্থিতিকে করে তুলতে পারে আরও পরিপাটি। নিজের সঙ্গে মানানসই চুলের কাটও বদলে দিতে পারে লুক। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার ও ভালো ঘুম ত্বকের স্বাভাবিক সতেজতা ধরে রাখতে সাহায্য করে। আর মেকআপ করলে দিন শেষে তা ভালোভাবে পরিষ্কার করে নেওয়াও জরুরি।

বিজ্ঞাপন

পোশাকের মাপ ও কাপড়ের দিকে গুরুত্ব দিন

দামি পোশাক পরলেই যে সাজে আভিজাত্য আসবে, এমনটা নয়; বরং কোনো পোশাকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার ফিটিংয়ের ওপর। খুব আঁটসাঁট কিংবা অতিরিক্ত ঢিলেঢালা পোশাকের বদলে নিজের গড়নের সঙ্গে মানানসই মাপ ও কাটের পোশাক বেছে নিন।

পাশাপাশি কাপড় বা ফেব্রিকের মানের দিকেও নজর দেওয়া জরুরি। সুতি, লিনেন, ডেনিম কিংবা সিল্কের মতো ভালো মানের কাপড়ে তৈরি সাধারণ ডিজাইনের পোশাকও দেখতে বেশ পরিপাটি ও রুচিশীল লাগে।

বিজ্ঞাপন

রঙের নির্বাচনেও থাকুক পরিমিতি

পোশাকের রং বদলে দিতে পারে পুরো সাজ বা লুকের আবহ। তাই রং বাছাইয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকাই ভালো। কালো, সাদা, ধূসর, নেভি বা বেইজের মতো নিরপেক্ষ রং সহজেই নানা পোশাক ও অনুষঙ্গের সঙ্গে মানিয়ে যায়।

আবার সাজে একটু গভীরতা আনতে বারগান্ডি, পান্না সবুজ, চকলেট বাদামি, ডিপ টিল কিংবা টেরাকোটার মতো গাঢ় রংও বেছে নিতে পারেন। অন্যদিকে অতিরিক্ত বড় লোগো বা চোখধাঁধানো নকশার বদলে পরিচ্ছন্ন ও ক্ল্যাসিক নকশার পোশাকই দীর্ঘদিন রুচিশীল ও স্টাইলিশ দেখায়।

অনুষঙ্গ হোক বুঝেশুনে

সাজে আলাদা মাত্রা যোগ করতে সব সময় অনেক কিছু পরার প্রয়োজন নেই; বরং সুন্দর একটি ব্যাগ, পরিচ্ছন্ন জুতা, মানানসই বেল্ট, ঘড়ি, সানগ্লাস কিংবা ছোট্ট কোনো গয়নাই পুরো লুককে করে তুলতে পারে আরও পরিপাটি।

তবে অনুষঙ্গ বাছাইয়ে ভারসাম্য রাখা জরুরি। পোশাকের সঙ্গে মিলিয়ে অল্প কিছু অনুষঙ্গ ব্যবহার করলেই সাজে ফুটে উঠবে রুচিশীলতার ছাপ।

জুতার যত্ন নিতে ভুলবেন না

অনেক সময় মানুষের নজর সবার আগে যায় জুতার দিকে। তাই পোশাক যত সুন্দরই হোক, অপরিষ্কার বা অযত্নে থাকা বা প্রায় নষ্ট হয়ে যাওয়া জুতা পুরো লুকের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। নিয়মিত জুতা পরিষ্কার করা, প্রয়োজন হলে পলিশ করা এবং ভালোভাবে সংরক্ষণ করার অভ্যাস গড়ে তুলুন। ছোট এই যত্নই আপনার ব্যক্তিত্বে এনে দিতে পারে বড় পরিবর্তন।

অভিজাত লুকের মূল রহস্য দামের মধ্যে নয়; বরং পরিচ্ছন্নতা, আত্মবিশ্বাস ও সঠিক উপস্থাপনায়। তাই অল্প বাজেটেও সচেতন কিছু অভ্যাস গড়ে তুললে প্রতিদিনের সাজেই ফুটে উঠতে পারে রুচিশীল ও ক্ল্যাসি উপস্থিতি।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম ও পেকজেলসডটকম

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯: ৩৭
বিজ্ঞাপন