
ব্রিটিশ লাক্সারি ফুটওয়্যার ও অ্যাকসেসরিজ ব্র্যান্ড জিমি চু সম্প্রতি তাদের ব্রাইডাল কালেকশন উন্মোচন করেছে। ক্যাম্পেইনে অংশ নিয়েছেন মার্কিন মডেল ও মিউজিশিয়ান গ্যাব্রিয়েট, যিনি এই বছরের মধ্যে তাঁর গায়ক সঙ্গী ম্যাটি হিলিকে বিয়ে করতে চলেছেন। ব্রাইড-টু-বি গ্যাব্রিয়েট এই নতুন কালেকশনের মধ্যমণি। কালেকশনটির নাম রাখা হয়েছে ‘দ্য রুলস অব এনগেজমেন্ট’, যা নামের মতোই চমকপ্রদ।

জিমি চু মূলত জুতার জন্য বিখ্যাত। গ্যাব্রিয়েট স্টাইলিং টিপসও দিয়েছেন এখানে। তাঁর মতে, ‘এক জোড়া জুতা কখনোই যথেষ্ট নয়’ এবং উল্লেখ করেন, বিয়ে এখনো ভালোবাসা, রোমান্স এবং নতুন সূচনার গল্প। তবে এটি এমন এক উদ্যাপন, যা পুরোপুরি ‘তোমার মতো’ হওয়া উচিত।


জিমি চুর ২০২৬ ব্রাইডাল কালেকশন সেই দর্শনকেই সামনে রেখে তৈরি। ক্যাম্পেইনে গ্যাব্রিয়েট তাঁর স্বতন্ত্র নান্দনিকতা দেখিয়েছেন, যেখানে ফেমিনিনিটি এবং জিমি চুর নতুন ব্রাইডাল ডিজাইনের সাহসী ফ্যাশন একসঙ্গে মিশেছে।
২০২৬ সালে বিয়ে আর আগের মতো শুধু ‘পরিপাটি ও সংযত’ আনুষ্ঠানিকতা নয়; বদলে গেছে বিয়ের সংজ্ঞা, বদলেছে উপস্থাপনাও। জিমি চুর ২০২৬ ব্রাইডাল ক্যাম্পেইন সেই পরিবর্তনের ভাষাই বলছে। বিশুদ্ধতা, ভালোবাসা এবং নতুন সূচনার প্রতীক হিসেবে মুক্তা দীর্ঘদিন ধরেই জিমি চুর কালেকশনের সঙ্গে যুক্ত। নতুন কালেকশনটি যেন সেই মুক্তার জাদু ও আধুনিক ব্রাইডাল স্টাইলের নিখুঁত মিশ্রণ।

এবার আধুনিক ডিজাইনের সঙ্গে নতুন আকারে উপস্থাপন করা হয়েছে জুতাগুলো। ফটোগ্রাফার ও পরিচালক মার্ক কিয়ানের ক্যামেরায় ধারণ করা এই ক্যাম্পেইনে গ্যাব্রিয়েটকে দেখা গেছে একেকবার একেক লুকে, যেখানে নিজের স্বতন্ত্র স্টাইলও অটুট রেখেছেন তিনি। কালেকশনটি কারিগরি দক্ষতার দিক থেকে অনন্য।


মুক্তার সূক্ষ্ম অলংকরণে সজ্জিত আইভরি ফ্লোরাল লেইস স্যান্ডেল সাকোরাতে প্রায় ২০০০টি মুক্তার সূক্ষ্ম অলংকরণ রয়েছে। আর অরেলিতে মুক্তা ও লেইসকে একসঙ্গে মিলিয়ে আধুনিক ব্রাইডাল জুতার রূপে ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিস্টাল অলংকরণে সজ্জিত আইভরি সাটিন পাম্পসও রয়েছে। গ্যাব্রিয়েট যেমন বলেছেন, কনের জন্য জুতার সংখ্যা কখনোই বেশি হয় না—আর জিমি চুর সম্ভারে তার অভাব নেই। নতুন সংযোজন ফাইজ পাম্প, রোমান্টিক লেসে সজ্জিত। সঙ্গে রয়েছে পুরোপুরি অলংকৃত আজিয়া স্যান্ডেল—যেটি প্রায় ৫ হাজার ৪৫৩টি পাথর বসিয়ে নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।


এমনকি রয়েছে কম প্রচলিত এক জোড়া লাল সাটিন পাম্প—ফায়া, যা গ্রসগ্রেইন বো আর ব্র্যান্ডের মনোগ্রাম দিয়ে বানানো, সাহসী স্টেটমেন্ট দিতে চাওয়া কনের জন্য এক অনন্য পছন্দ।

মডার্ন ব্রাইডের বিয়ের পোশাককে সম্পূর্ণ করতে আইকনিক অ্যাকসেসরিজও রয়েছে জিমি চুতে।ব্র্যান্ডের সিগনেচার বন বন ব্যাগ এখন আইভরি সাটিন এবং মুক্তা-সজ্জিত ভার্সনেও পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে এই বহুমুখী ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিগ ডের পরেও ব্যবহার করা যায় এবং দীর্ঘকাল ধরে স্মরণীয় ও প্রিয় হয়ে থাকে।
ছবি: জিমি চু