
চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর আসর। কোন দলের জার্সি কেমন হলো, এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। প্রিয় দলের কিট সংগ্রহ করতেও উন্মুখ হয়ে থাকেন ভক্তরা৷ সাধারণত বিশ্বকাপ ক্রিকেটে প্রতিটি দেশের জাতীয় দলের জার্সিতেই কিছু মৌলিক রং অপরিবর্তিত রেখে প্রতিবার আলাদা আলাদা সৃজনশীল ডিজাইনে বানানো হয় এগুলো। দলগুলোর প্রতীক রূপে সবার মনে গেঁথে যায় তাদের জার্সির রং বা সিগনেচার ডিজাইন। তারপরেও প্রতিবার নতুন আঙ্গিকে ডিজাইন করা হয় বিশ্বকাপ ক্রিকেটে সব দলের জার্সি। বিশ্বকাপ বলে কথা! এবারের অর্থাৎ ২০২৩ সালে কোন দলের জার্সি কেমন হলো, তা নিয়ে রইল এক হালকাচালের বিশ্লেষণ। দিনশেষে সব দলের কিটই তাদের দেশপ্রেম আর সর্বজনীন খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতীক।


বাংলাদেশ
টাইগারদের জার্সি মানে আমাদের কাছে এক অদম্য আবেগের নাম। একদিকে লাল সবুজ পতাকা, আর সেই সঙ্গে টাইগারদের প্রতীক বাঘের ডোরা৷ এ দুটি বিষয়ের প্রতিই মনোযোগ দেওয়া হয়েছে এবারের জার্সিটির ডিজাইনে। তবে লাল স্ট্রাইপগুলো আরও একটু স্পষ্ট হলে দূর থেকে দক্ষিণ আফ্রিকার জার্সির চেয়ে বেশি আলাদা করে বোঝা যেত।
নিউজিল্যান্ড
এবারের জার্সি ডিজাইনে অনায়াসে সবচেয়ে এগিয়ে রাখা যায় নিউজিল্যান্ডকে। সিম্পল ডিজাইন অথচ চোখে পড়ার মতো এ জার্সিটি ১৯৯৬ সালের কিট থেকে অনুপ্রাণিত। কালো রঙের পোশাক এমনিতেই দৃষ্টিসুখের হয়৷ আর কিউইদের এই কালো জার্সিতে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন তা খুব বেশি নয়, আবার কমও নয়।


পাকিস্তান
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের জার্সিটা ছিল জবরদস্ত। ক্রিকেটপ্রেমীরা স্মৃতিচারণা করতে গেলে তা একবাক্যে বলবেন। বুকের জায়গায় জাতীয় পতাকা থেকে নেওয়া তারার ডিজাইন খুব স্পষ্টভাবে বসানো হয়েছে৷ শৈল্পিক এই সংযোজন পাকিস্তানের জার্সিকে বিশ্বকাপের অন্যান্য সবুজ জার্সি থেকে চিনতে সুবিধা করে দেয় দূর থেকেই।
আফগানিস্তান
এবারের টুর্নামেন্টের সবচেয়ে নজরকাড়া কিট মনে হয় আফগানদেরই। বেশ খেটে করা ডিজাইনে রয়েছে সৃজনশীলতার ছাপ। জার্সির ওপরে করা প্যাটার্নটি অনায়াসে চোখে পড়ে। অনেকে অবশ্য বলছেন একটু জবরজং হয়ে গেছে এত কিছু করতে গিয়ে ডিজাইনে৷


ভারত
টিম ইন্ডিয়া যথারীতি গায়ে চড়িয়েছে ঐতিহ্যবাহী হালকা নীল জার্সি। চোখে আরাম দেওয়ার মতো জার্সিটি ফ্রেশ আমেজ দিচ্ছে৷ কাঁধের ডিজাইন, স্পন্সর অ্যাডিডাসের সিগনেচার স্টাইল আর জাতীয় পতাকার রং—সব মিলে বেশ সুন্দর এ জার্সিটি।
নেদারল্যান্ডস
ইউরোপের এ দেশটির জাতীয় প্রতীক কমলা রং এ দলের জার্সিটিকে করেছে ইউনিক। ডাচ বা ওলন্দাজদের ইতিহাসে যুগযুগ ধরেই এ কমলা রং জড়িয়ে আছে। আর তাদের সব খেলার ক্ষেত্রেই জার্সি কমলাই রাখা হয়৷ তবে হাতার নীল মোটিফটি খুবই সুন্দর এবারের জার্সিতে৷


শ্রীলঙ্কা
চমৎকার সিংহের প্যাটার্নের ডিজাইন রয়েছে শ্রীলঙ্কার জার্সিতে। তবে জার্সির সাইডে সেটি তেমন স্পষ্ট নয়। পুরো ডিজাইনে সৃজনশীলতার ছাপ থাকলেও এ নিয়ে আরও অনেক কিছু করা যেত।
দক্ষিণ আফ্রিকা
আরেকটি সবুজ জার্সি। তবে জাতীয় পতাকার ডিজাইনটি চমৎকার বুদ্ধি খাটিয়ে জার্সির কাঁধে আড়াআড়ি বসানো। কিটটি সিম্পল রেখেছে এবার দক্ষিণ আফ্রিকা। তবে চোখে সুন্দর লাগছে এ জার্সি।

অস্ট্রেলিয়া
নেদারল্যান্ডসের মতো নিজেদের সিগনেচার রং আছে অজিদের। হলুদ জার্সি মানেই অস্ট্রেলিয়া। তবে এবার যেন তাড়াহুড়ার ছাপ জার্সি ডিজাইনে। সাদামাটা হলুদ জার্সিতে জাতীয় পতাকার তারাগুলো সৃজনশীল কায়দায় ব্যবহার করার সুযোগ ছিল।


ইংল্যান্ড
গতবারের চ্যাম্পিয়ন দলের জার্সিটি সেরকম আলাদা করে বলার মতো হয়নি ডিজাইনের দিক থেকে। মিনিমালিস্টিক গাঢ় নীল জার্সিতে বেসিক ডিজাইনই নির্বাচন করা হয়েছে এবার। তাদের ২০১৯ সালের ডিজাইনটি বরং নজর কেড়েছিল সবার।
ছবি: ইন্সটাগ্রাম