প্যারিস অলিম্পিক: উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়তে যাচ্ছে যে ৭ দেশের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

দরজায় কড়া নাড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক। এবার এই ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশনের অন্যতম রাজধানী প্যারিসে। তাই তো অলিম্পিকে এবার খেলার পাশাপাশি খেলোয়াড়দের পোশাক নিয়েও বেশ আলোচনা উঠেছে। ইতিমধ্যে এতে অংশ নেওয়া বিভিন্ন দেশ তাদের অ্যাথলেটদের জন্য তৈরি উদ্বোধনী অনুষ্ঠানের ইউনিফর্মের ছবি প্রকাশ করেছে। এদের মধ্যে সবার মন জয় করে নিয়েছে বেশ কয়েকটি দেশের নজরকাড়া আউটফিট।

মঙ্গোলিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে মঙ্গোলিয়ার অ্যাথলেটদের উদ্বোধনী আয়োজনের ইউনিফর্ম। কেউ কেউ বলছে, ইউনিফর্মের দিক দিয়ে দেশটি সোনার মেডেল জিতে নিয়েছে।

এই পোশাকের মধ্য দিয়ে উঠে এসেছে মঙ্গোলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতি। ইউনিফর্মগুলো দেশটির ঐতিহ্যবাহী পোশাক ডিলের আধুনিক সংস্করণ। ডিজাইন করেছেন মঙ্গোলিয়ার ফ্যাশন ডিজাইনার মিশেল ও আমাজোনকা চৌইগালা।

বিজ্ঞাপন

চেক রিপাবলিক

চেক রিপাবলিকের ইউনিফর্ম খুব একটা জাঁকজমকপূর্ণ না হলেও চোখে পড়ার মতো। নেভি ব্লু ট্রাউজারের সঙ্গে রয়েছে সাদা, নীল, লাল পোলো। এর ওপর লেয়ারিং করা হয়েছে সাদা ও নেভি ব্লু ছাপার ট্রেঞ্চ কোট দিয়ে। বিশ্বে ২৮টি দেশ আছে, যারা তাদের অফিশিয়াল রং হিসেবে লাল, নীল, সাদা ব্যবহার করে। এদের মধ্যে কয়েকটি দেশ অলিম্পিকে অংশ নিচ্ছে।

চেক রিপাবলিক তাঁদের উদ্বোধনী ইউনিফর্মের মাধ্যমে এই তিন রঙের সঙ্গে সুবিচারই করেছে বলতে হবে। এই লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্মগুলো এসেছে চেক ফ্যাশন ব্র্যান্ড আলপাইন প্রো থেকে।

বিজ্ঞাপন

হাইতি

দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আলোচনায় থাকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি অনেকবারই অলিম্পিকে অংশগ্রহণ করেছে। এবারও অলিম্পিকের উদ্বোধনী আসরে দেখা যাবে হাইতিয়ান অ্যাথলেটদের। আর তাঁদের পরনে থাকবে এবারের আসরের অন্যতম সুন্দর ইউনিফর্ম।

জিন স্টেলা একজন হাইতিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার। তিনি নিয়েছেন হাইতির ইউনিফর্ম ডিজাইনের দায়িত্ব। আর তাঁকে সাহায্য করছেন হাইতিয়ান চিত্রশিল্পী ফিলিপ্পে দোদার্দ। মেয়েদের ইউনিফর্মের কালারফুল স্কার্ট ও ছেলেদের প্যান্টে হাইতির যে ঐতিহ্যবাহী প্যাসেজ ঘরানার পেইন্টিং দেখা গেছে, সেটা দোদার্দের আঁকা। এর সঙ্গে রয়েছে ছেলেদের গুইয়াবেরা শার্টের আধুনিক সংস্করণ এবং মেয়েদের স্লিভলেস ব্লেজার।

যুক্তরাষ্ট্র

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার র‍্যালফ লরেন ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের জন্য অলিম্পিকের ইউনিফর্ম তৈরি করছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নতুন ইউনিফর্মের ক্ষেত্রে তিনি আমেরিকান ঐতিহ্য এবং নিজের সিগনেচার স্টাইলকে এক সুতায় গেঁথেছেন।

'ওল্ড মানি-প্রেপ' স্টাইলের জন্য বেশ জনপ্রিয় র‍্যালফ লরেন। এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান অ্যাথলেটদের এমন ইউনিফর্মে দেখা যাবে। তাঁদের পতাকার লাল, নীল, সাদা রংকে প্রাধান্য দিয়ে এই আউটফিটগুলো তৈরি করা হয়েছে। এতে রয়েছে সাদা, নীল স্ট্রাইপের শার্ট এবং লাল পাইপেন ও আমেরিকান টিমের লোগোসংবলিত নেভি ব্লু ব্লেজার। ইউনিফর্ম থেকে বাদ যায়নি ক্ল্যাসিক ব্লু জিনস।

কানাডা

কানাডার অ্যাথলেটদের জন্য এবার দুর্দান্ত ডিজাইনের ইউনিফর্ম তৈরি করেছে সে দেশের বিশ্বখ্যাত ব্র্যান্ড লুলুলেমন। দেশটির পতাকার লাল ও সাদা রং ব্যবহার করে তৈরি করেছে জ্যাকার্ডের বম্বার জ্যাকেট, শর্টস ও ট্রাউজার।

ইউনিফর্মের প্রিন্টে একটু লক্ষ করলেই দেখা যাবে, চমৎকার ডিটেইলিং। এখানে লুলুলেমন কানাডার ল্যান্ডস্কেপকে নান্দনিকতার সঙ্গে তুলে ধরেছে।

দক্ষিণ কোরিয়া

ছিমছাম আর হালকা ফেব্রিকের তৈরি এই ন্যাশনাল কস্টিউম কোরিয়াকে খুব ভালোভাবেই প্রতিনিধিত্ব করছে। বেল্ট দেওয়া এই স্যুটের সঙ্গে কোরিয়ান মার্শাল আর্টের পোশাকের মিল রয়েছে।

পোশাকের হালকা নীল রঙের রয়েছে আলাদা অর্থ। এই রং প্রাচ্যের তারুণ্যদীপ্ত উদ্দীপনার প্রতীক যাকে বিয়োকচেওং বলা হয়। কোরিয়ান ডিজাইনার ব্র্যান্ড মুসিন্সা স্ট্যান্ডার্ড এই কস্টিউম তৈরি করেছে।

স্পেন

স্পেনের জাতীয় ফুল লাল টকটকে কারনেশন। এই ফুল থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে দেশটির অ্যাথলেটদের অলিম্পিক ইউনিফর্ম। এ ছাড়া এর সঙ্গে যুক্ত হয়েছে স্পেনের পতাকার হলুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ছেলেদের দেখা যাবে অফ-হোয়াইট চিনো, সাদা পোলো ও টকটকে লাল ব্লেজারে।

লাল টকটকে কারনেশন ফুল থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে দেশটির অ্যাথলেটদের অলিম্পিক ইউনিফর্ম
লাল টকটকে কারনেশন ফুল থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে দেশটির অ্যাথলেটদের অলিম্পিক ইউনিফর্ম
অলিম্পিকস ইন্সটাগ্রাম

মেয়ে অ্যাথলেটদের পরনে থাকবে সাদা পোলো, লাল ব্লেজার ও লাল হলুদ শেডের প্লিটেড স্কার্ট। সত্যি বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্কার্টের সুন্দর ডিজাইনটি নিয়েই বেশি কথা হচ্ছে।

হিরো ইমেজ: অলিম্পিকস ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১৪: ২৯
বিজ্ঞাপন