নবীন ডিজাইনের আকর্ষক ঈদসংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

ঈদের পোশাক নিয়ে সাফিয়া পরিকল্পনা করেন বেশ আগে থেকে। তাঁর নিয়মিত ক্রেতাদের অনেকে আগেই খোঁজ নেন। ক্রেতাদের চাহিদার কথা ভেবেই তিনি এবার ঈদপোশাক নিয়ে কাজ করেন। সাফিয়ার ঈদপোশাক সম্পর্কে তিনি বলেন, ঈদ উপলক্ষে একাধিক পোশাক প্রয়োজন হয় অনেকেরই। ঈদের দাওয়াত, বন্ধুদের আড্ডা, শ্বশুরবাড়িতে প্রথম ঈদ—এমন সব ভিন্ন ভিন্ন উপলক্ষ আর পরিবেশে একেক রকম পোশাকের চাহিদা থাকে। আগে থেকে ক্রেতাদের কাছ প্রয়োজন জেনেই সে অনুযায়ী নকশা করেছেন তিনি।

মডেল: নওশাবা; পোশাক: সাফিয়া সাথি; লোকেশন: স্টিডুও সেভেন লাইন; ছবি: ওমর ফারুক

সাফিয়া বলেন, ঈদের দিন সকালে বাড়ির মেহমান আপ্যায়নের সময়ে স্নিগ্ধ একটি পোশাকের দরকার হতে পারে। এ কথা মনে রেখে তিনি বেছে নিয়েছেন পিচ রং আর সাদা। এই দুই রং শীতলতা ছড়াবে এবারের তপ্ত আবহাওয়ার ঈদে। কামিজে ব্যবহার করা হয়েছে টিস্যু কাপড়, যা চলতি বাজারে মসলিন নামে পরিচিত। এর সঙ্গে আছে ফুলেল প্রিন্টের নকশাদার পায়জামা ও স্বচ্ছ নেটের ওড়না। এখানেও রয়েছে প্রাকৃতিক নকশার বাহার।

বিজ্ঞাপন

বিয়ের পরের প্রথম ঈদ নিয়ে বেশ ভাবনা থাকে নতুন বউদের। তাঁরা নিজেরা যেমন ব্যস্ত থাকেন বাসায় অতিথি নিয়ে, তেমনি তাঁদের দাওয়াতেও যেতে হয়। পরিবারের নতুন এই সদস্যকে ঘিরে সবার আগ্রহ থাকে বেশ। তাঁদের জন্য সাফিয়া নিয়ে এসেছেন টুকটুকে লাল শাড়ি। লাল কাতানের ওপরে সূক্ষ্ম জ্যামিতিক মোটিফে সোনালি জরিতে নকশা করা হয়েছে। আঁচলে রয়েছে সুতার ট্যাসেল।

মডেল: নওশাবা; পোশাক: সাফিয়া সাথি; লোকেশন: স্টিডুও সেভেন লাইন; ছবি: ওমর ফারুক

ঈদের বিকেল থেকে সন্ধ্যায় নানান রকম পরিকল্পনা থাকে তরুণীদের। বন্ধু কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য নির্ধারিত এই সময়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলের পোশাক বেছে নেওয়া যেতে পারে। এ উদ্দেশ্যেই তিনি নব্বই দশকের জনপ্রিয় পোলকা ডট নিয়ে কাজ করেছেন। শাড়িতে হালকা সেকুইনের কাজ শাড়িকে করেছে উৎসবমুখর। সঙ্গে রয়েছে ডিজাইনার ব্লাউজ, যা লুককে দিচ্ছে পূর্ণতা।

বিজ্ঞাপন

রাতের দাওয়াতের জন্য সাফিয়া রেখেছেন টু-পিস। হাইনেক কলারের শিফন জর্জেটে ভেলভেটের প্রিন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে ফুল লেংথ হেভি ফ্লেয়ারড কামিজ। এর সঙ্গী হয়েছে প্যান্ট। কামিজের সঙ্গে বটমওয়্যার হিসেবে যে প্যান্ট রয়েছে, সেটি ওপরের দিক থেকে ফিটেড শেপের কিন্তু নিচে যথেষ্ট ঢিলেঢালা। পোশাকটি ঈদের রাতের দাওয়াতের জন্য বেশ মানানসই আর আরামদায়ক।

মডেল: আলিশা; পোশাক: সাফিয়া সাথি; লোকেশন: স্টিডুও সেভেন লাইন; ছবি: ওমর ফারুক

নিজেদের কারখানায় দক্ষ কারিগরেরা তৈরি করেছেন এসব পোশাক। অলংকরণও হয়েছে তাঁদের হাতেই। তবে এই ব্র্যান্ডের পোশাকে রেডি টু ওয়্যারের সংখ্যা কম। ফরমায়েশি পোশাক বানিয়ে নিতে হলে একটু আগে থেকে যোগাযোগ করতে হয়।

প্রকাশ: ০২ মে ২০২২, ১৫: ৪৮
বিজ্ঞাপন