
'মা বলেন, বাবা নাকি আমাকে মাটিতেই নামতে দিতেন না। সবসময় নিজের কাঁধে করে নিয়ে রাখতেন'। ছোটবেলার গল্প বলছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবামায়ের প্রথম সন্তান হিসেবে একটু বেশিই আদর পেয়েছেন তিনি, বললেন এই কান মাতানো অভিনেত্রী। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখি ভাবনাকে বাবার সঙ্গে নিজের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার ছবিতে। বোঝাই যায়, বাবার সঙ্গে তাঁর বন্ধনটি খুবই গাঢ়।

আজ জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যপী পালিত হচ্ছে বাবা দিবস। বাবাকে ভালো রাখার প্রত্যয় নেওয়া আর বাবার প্রতি অকুন্ঠ ভালোবাসা প্রকাশের দিন আজ। তাই তো বাবার আদুরে মেয়ে ভাবনার কাছে তাঁর বাবাকে নিয়ে সবকিছু জানতে চাওয়া হলো হাল ফ্যাশনের তরফ থেকে। বলতে বলতে খুব আবেগী হয়ে উঠেছেন ভাবনা। এ প্রসঙ্গেই বললে, সবাই বলে তিনি নাকি একদম তাঁর বাবার মতোই হয়েছেন। রাগ অভিমান, অনুভূতির অকপট প্রকাশ, এক রাশ আবেগ আর মায়া এসবই তাঁর বাবার থেকে পাওয়া।
বাবার সঙ্গে সম্পর্ক কেমন ভাবনার, এ কথা জিজ্ঞেস করলে তিনি বলেন বাবা আর মেয়ের সম্পর্ক যেমন ঠিক তেমনই তাদের ক্ষেত্রে। বাবা ঠিক বন্ধু নন, তাঁর চেয়েও আরও অনেক বেশি কিছু। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই আছে তাঁর আর বাবার মধ্যে। তাই তো ছোটবেলা থেকে নিজের যত গোপন কথা ভাগ করে নেন তিনি বাবার সঙ্গেই। আর মাকে ভয় পেলেও তিনি আর তাঁর বোন কখনোই ভয় পাননি বাবাকে, বললেন ভাবনা।

'আমি যা বলব বাবা তাই করবেন, আমার জন্য সব করতে পারেন তিনি। আর আমিও আমার বাবার জন্য সব করতে পারি'। বলতে গিয়ে আবেগ ঝরে পড়ছিল ভাবনার কন্ঠে। যত আবদার সব বাবার কাছেই করে এসেছেন এই অভিনেত্রী। হোক না তা রাত করে লং ড্রাইভে বের হওয়া বা এমন কিছু।
গল্পের ধারাবাহিকতায় বাবার সঙ্গে নিজের এক অদ্ভুত আত্মিক সংযোগের কথা বললেন ভাবনা। তাঁর মন খারাপ থাকলেই বাবা বুঝে যান আর বাবাব মন মেজাজ ঠিক না থাকলেও তা ঠিক ধরে ফেলেন ভাবনা। বাবা মেয়ের স্নেহ, আদর আর ভালোবাসার সম্পর্কে এমন অনেক জাদুর দেখা মেলে আসলে। নিজের জীবন ও ক্যারিয়ারে বাবাই সবচেয়ে বড় অনুপ্রেরণা, বললেন ভাবনা। ছোটবেলা থেকেই নাট্যকর্মী ও অভিনয়শিল্পী বাবাকে মঞ্চে অভিনয় করতে নির্দেশনা দিতে দেখেছেন ভাবনা, জানালেন তিনি। আর সেখান থেকেই নিজের ক্যারিয়ারের পথে আত্মবিশাস নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি পান ভাবনা। তিনি বাবার সাফল্য ও ব্যর্থতা দুইই দেখেছেন। বাবার খুব কাছে থেকে দেখেই শিখেছেন কীভাবে সব বাধা পেরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়।

আর ভাবনার নিজের জীবনে নাচ, মডেলিং, অভিনয় বা সাম্প্রতিক সময়ে আলোচিত তাঁর কানযাত্রা এই সব কিছুতেই বাবা তাঁকে উদ্দীপনা আর সাহস যোগান, বললেন ভাবনা। বাবার সঙ্গে অনেক সময় কাটান ভাবনা সচেতনভাবেই। একই ছাদের নিচে থেকেও অনেকে বাবা মায়ের কাছ থেকে দূরে দূরে থাকেন। ভাবনা একেবারেই বিপরীত। এইতো বাবা দিবস উদযাপন করার জন্য সারা রাত জার্নি করে ফিরছেন ঢাকায় আজ। আবেগঘন আলাপচারিতার শেষে এসে আজকের দিনে বাবার জন্য বিশেষ বার্তা দেন ভাবনা। বাবার খুব বেশি আদরের মেয়ে ভাবনা চান, তাঁর বাবা যেন অনেকদিন বেঁচে থাকেন সুস্থভাবে। বললেন, 'বাবা, তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য সব করতে পারি আমি। আমি চাই তুমি যেন আমাকে নিয়ে গর্বিত হও'।
ছবি: আশনা হাবিব ভাবনা