
রুদ্র চৌধুরী
ঢাকাতেই ঈদ করছেন এই সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। এর আগে ও পরে রয়েছে তাঁর নানা পরিকল্পনা। হাল ফ্যাশনের সঙ্গে কথা প্রসঙ্গে জানিয়েছেন আরও কিছু।
ঢালিউডের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি এখন পুরোদস্তুর চিত্রনায়িকা। পাশাপাশি নিয়ম করে গাইছেন গান। দর্শক–শ্রোতাদের জন্য মুক্তি দিচ্ছেন জাঁকজমকপূর্ণ মিউজিক ভিডিও। সম্প্রতি দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন। ঈদ করবেন বাংলাদেশে।
আসছে ঈদে নিজের জন্য কিছু এখনো কেনা হয়নি ফারিয়ার। তিনি জানান, ‘এখন নিজের জন্য আসলে সেভাবে কেনা হয় না। এবার মা–বাবা ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। নিজের জন্য কিছু কিনিনি। এমনকি বাগ্দত্তার জন্যও না।’
কিছু না কিনলেও ঈদে প্রচুর উপহার পেয়ে থাকেন এই অভিনয়শিল্পী। এবারও তার ব্যত্যয় ঘটেনি। নুসরাত এ প্রসঙ্গে বলেন, ঈদে নতুন জামা উপহার পেতে ও পরতে ভালো লাগে। পেশার জন্য এখন প্রতিনিয়ত নতুন জামা পরতে হয়। তবু ঈদে নতুন জামা পরার আনন্দ অন্য রকম। সালোয়ার-কামিজ পরতেই ভালো লাগে।
নুসরাত আরও যোগ করেন, ‘ঈদ উপলক্ষে উপহার পাওয়া হয়। এ বছরও বেশ কয়েকটি পেয়েছি। সালোয়ার-কামিজই বেশি উপহার পাই।’
ঈদের পোশাকে গরমের বিষয়টি মাথায় রেখেছেন নুসরাত ফারিয়া। তাই তিনি এমন পোশাক পরবেন, যাতে তিনি স্বচ্ছন্দ থাকতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদ পড়েছে গরমে। তাই সাধারণ, আরামদায়ক জামা পরব, যাতে স্বস্তিতে থাকা যায়।
ঈদের পর যশোর ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে নুসরাত ফারিয়ার। তবে তার আগে নিজেদের ফার্মহাউস থেকে ঘুরে আসবেন সপরিবার। তিনি বলেন, ‘ময়মনসিংহে আমাদের ফার্মহাউস আছে। সেখানে ঘুরতে যাব। অবশ্য ঈদের আগেই চলে আসব।
কারণ, ঈদ করব ঢাকায়। আর ঈদের পর যশোর বেড়াতে যাব বলে ঠিক করেছি।’
ঈদে ফারিয়ার পছন্দের খাবারের তালিকায় আছে কয়েক ধরনের পদ। তিনি বলেন, ঈদে চটপটি, ফুচকা, নুডলস পছন্দ। ডেজার্টের মধ্যে শাহি টুকরা ভালো লাগে। ঈদে এই ডেজার্ট বানানোর ইচ্ছা আছে।
কথায় কথায় নুসরাত ফারিয়া আরও জানালেন ঈদে ‘দ্য বক্স’ শিরোনামের একটি শো উপস্থাপনা করবেন তিনি। আর ঈদের পরই ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা ও কলকাতার ছবির কাজে।
ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রামম হ্যান্ডল