কানের লালগালিচায় দীপিকার দীপ্তি
শেয়ার করুন
ফলো করুন

কয়েক দিন হলো কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। কিন্তু কোনোভাবেই ফ্যাশন দুনিয়া দীপিকার অসাধারণ সব সাজপোশাক আর স্টাইলিংয়ের ঘোর থেকে বের হতে পারছে না। ভোগ ম্যাগাজিন তো কান রেড কার্পেটকে রীতিমতো দীপিকার ‘প্লে গ্রাউন্ড’ আখ্যা দিয়েছে। কখনো শাড়ি, কখনো গাউন, কখনোবা প্যান্টস্যুট—বলতে গেলে সব রকমের স্টাইলই দীপিকা পাকা ফ্যাশন আইকনের মতো নিরীক্ষা করেছেন। এ ব্যাপারে তাঁকে অবশ্য সহায়তা করেছেন বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট শালিনা নাথানি। এবারের আয়োজনে দীপ্তিময়ী দীপিকার পরিহিত বেশ কয়েকটি পোশাক ফ্যাশন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে নজর কেড়েছে বিশ্বব্যাপী ফ্যাশনপ্রেমীদের। সেগুলোর খুঁটিনাটি জেনে নেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

ফটোকলে ক্যাজুয়ালে

মাইসোর সিল্কের ফ্লোরাল প্রিন্টের শার্ট ও উলের প্লিটেড ট্রাউজার
মাইসোর সিল্কের ফ্লোরাল প্রিন্টের শার্ট ও উলের প্লিটেড ট্রাউজার
ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন সকালে জুরি ফটোকলে দীপিকা পাড়ুকোনকে দেখা যায় সম্পূর্ণ ক্যাজুয়াল সাজে। সে সময় তিনি পরেছিলেন প্রথিতযশা ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনের মাইসোর সিল্কের ফ্লোরাল প্রিন্টের শার্ট ও উলের প্লিটেড ট্রাউজার। এই পোশাক ছিল সব্যসাচীর নতুন কলকাতা রিসোর্ট কালেকশনের। ট্রাউজারের সঙ্গে কোমরে ছিল সব্যসাচী অ্যাকসেসরিজ কালেকশনের ‘দ্য বেঙ্গল ট্রফি’ বেল্ট। ক্যাজুয়াল লুকের সঙ্গে দীপিকা গলায় পরেছিলেন ‘লক্ষ্ণৌ রোজ’-কয়েকরঙা জেমস্টোন ও আনকাট হীরাখচিত মহারানি নেকলেস।

বিজ্ঞাপন

শাড়িতে সুচনা

সব্যসাচীর ‘আকাশ তারা’ কালেকশনের শাড়িতে
সব্যসাচীর ‘আকাশ তারা’ কালেকশনের শাড়িতে
ছবি: রয়টার্স

উৎসবের উদ্বোধনী আয়োজনের লালগালিচা ও মঞ্চে এই বলিউড সুন্দরী সবার চোখ ধাঁধিয়েছেন সব্যসাচীর নকশা করা বেঙ্গল টাইগার প্রাণিত শিমার ফ্যাব্রিকের শাড়িতে। শাড়িটি সব্যসাচীর ‘আকাশ তারা’ কালেকশনের। কমলা ও কালো ডোরাকাটার মধ্যে ছিল সরু রুপালি স্ট্রাইপ। জমকালো এই শাড়ির সঙ্গে জোড় বেঁধেছিল সুইটহার্ট নেকলাইনের স্ট্র্যাপলেস ব্লাউজ। সাজে রেট্রো ভাইব আনতে মাথায় পরেছিলেন সব্যসাচী জুয়েলারির বেঙ্গল রয়েল কালেকশনের বিডেড হেডব্যান্ড ও কানে ছিল ক্ল্যাসিক শ্যান্ডেলিয়ার ইয়ার রিং।

অ্যানুয়াল ডিনারে শুভ্র সাজে

সাদা স্যুট ও সাদা পাম্পসে
সাদা স্যুট ও সাদা পাম্পসে

অ্যানুয়াল ডিনারে দীপিকাকে দেখা যায় চোখজুড়ানো শ্বেতশুভ্র সাজে। পরেছিলেন সাদা স্যুট ও সাদা পাম্পস। চওড়া ল্যাপেল ও ডিকনস্ট্রাক্টেড বেলুন হাতার স্যুটটি ছিল লেবানিজ ব্র্যান্ড আশি স্টুডিওর। কানে পরেছিলেন পোশাকের সঙ্গে মানানসই শোপার্ড ইয়ার রিং।

দ্বিতীয় দিনে প্যান্টস্যুটে

স্টাইলিশ কালো প্যান্টস্যুটে
স্টাইলিশ কালো প্যান্টস্যুটে
ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধনের সময় দীপিকাকে দেখা যায় স্টাইলিশ কালো প্যান্টস্যুটে। ডাবল সিল্ক ফেব্রিকে তৈরি ফ্লেয়ারড হেমের পেপলাম-স্টাইলড ব্লেজার ও হাইওয়েস্টেড ফিটেড ট্রাউজারটি বানিয়ে দেয় ফরাসি ব্র্যান্ড আরদেসেই। দীপিকার এই সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে কার্টিয়েরের দুমুখো চিতাবাঘের নেকচেইন।

সপ্তম দিনে লুই ভিতোঁ

লুই ভিতোঁ গাউন
লুই ভিতোঁ গাউন
ছবি: রয়টার্স

প্রথম ভারতীয় হিসেবে কিছুদিন আগেই দীপিকা হয়েছেন নামজাদা ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবারের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দীপিকাকে বেশ কয়েকটি লুই ভিতোঁ গাউনে দেখা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর গাউনটি তিনি পরেছিলেন উৎসবের সপ্তম দিন। কালো রঙের ফেদার ও সিকুইন দেওয়া গাউনটির সঙ্গে কানে পরেছিলেন সাদামাটা ড্রপ ইয়ার রিং।

অষ্টম দিনে আশি স্টুডিও

দীর্ঘ ট্রেনযুক্ত মারমেইড কাট গাউন
দীর্ঘ ট্রেনযুক্ত মারমেইড কাট গাউন
ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

উৎসবের অষ্টম দিন দীপিকা লালগালিচায় হেঁটেছেন কমলা রঙের গাউনে। দীর্ঘ ট্রেনযুক্ত মারমেইড কাট গাউনটি ডিজাইন করে আশি স্টুডিও। এর সঙ্গে গয়না হিসেবে বেছে নেন ফারাহ খান ওয়ার্ল্ডের এমারেল্ড কানের দুল।

শাড়িতেই সমাপনী

অফহোয়াইট রাফল শাড়ি ও মুক্তা, ক্রিস্টাল ও রুপালি সিকুইনে তৈরি অনন্যসাধারণ স্ট্র্যাপলেস ব্লাউজ
অফহোয়াইট রাফল শাড়ি ও মুক্তা, ক্রিস্টাল ও রুপালি সিকুইনে তৈরি অনন্যসাধারণ স্ট্র্যাপলেস ব্লাউজ
ছবি: রয়টার্স

আয়োজনের একদম শেষ দিনে তিনি হাজির হয়েছিলেন তাঁর এবারের সেরা রূপে। ওই দিন তিনি পরেছিলেন ভারতীয় ডিজাইনার জুটি আবু জানি ও সন্দ্বীপ খোসলার নকশা করা অফহোয়াইট রাফল শাড়ি ও মুক্তা, ক্রিস্টাল ও রুপালি সিকুইনে তৈরি অনন্যসাধারণ স্ট্র্যাপলেস ব্লাউজ। শরীরের ঊর্ধ্বাংশে ছিল হাতে বোনা মুক্তার বডি জুয়েলারি। আর পরেছিলেন বদ্রিচাঁদ ঘনশ্যাম দাসের কানের দুল।

প্রকাশ: ০৪ জুন ২০২২, ১৪: ২৮
বিজ্ঞাপন