
শাহরুখ খান। ছয় অক্ষরের এই নাম যেন দর্শকহৃদয়ে আবেগের ঝড় তোলে। তাই তো বলিউড সম্রাজ্যের 'কিং খান' বলেও পরিচিতি রয়েছে তাঁর। 'বলিউড বাদশাহ'ও বলা হয় তাঁকে। কর্মজীবনের শুরু মঞ্চনাটক দিয়ে। ৩০ বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। ১৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে। রোমান্টিকতার অপর নাম শাহরুখ খান, এ তো সবার জানা। তবে এমন কিছু তথ্য আছে এই বলিউড বাদশাহ সম্পর্কে, যা হয়তো আমরা সবাই জানি না। আর কথাগুলো জানার পর শাহরুখভক্তরা তাঁদের প্রিয় বাজিগরকে আরও বেশি ভালোবাসতে বাধ্য হবেন, এ কথা বাজি ধরে বলা যায়।

১.শাহরুখের নাম শাহরুখ নয়
আজকের হৃদয়ে ঝড় তোলা নাম শাহরুখের জন্মের সময় তাঁর নানা ভালোবেসে নাম দিয়েছিলেন আবদুল রশিদ খান। তবে নামটির স্থায়ীত্ব ছিল না বেশি দিন। বদলে নাম রাখা হয় শাহরুখ। বলিউড বাদশাহকে আসলে এমন নামই মানায়।

২.নাম তো নিশ্চয়ই শুনেছেন... রাহুল
'রাহুল' নামটির প্রতি শাহরুখের যেন আছে এক বিশেষ প্রীতি। মোট ৯টি সিনেমায় এই নামেই দেখা গেছে তাঁকে। রাহুল নামের প্রতি তাঁর বাস্তবেও আছে এক গভীর টান। তিনি বলেছেন, রাহুল নামের মায়ায় পড়েছেন তিনি। তাই তো 'ডর', 'কুছ কুছ হোতা হ্যায়', 'ইয়েস বস', 'দিল তো পাগল হ্যায়'সহ আরও অনেক সিনেমায় এই নামেই দেখা দিয়েছেন তিনি।
৩. দোলনায় দুলতে ভয় পান তিনি
একবার এক সাক্ষাতকারে শাহরুখ জানান, তিনি বিভিন্ন আজব আজব জিনিস ভয় পান। তার মাঝে একটি হচ্ছে দোলনায় দোল খাওয়া। এতে তিনি অত্যন্ত অসহায় ও ভীত বোধ করেন। তারপরেও অভিনয়ের প্রয়োজনে সিনেমায় দোলনায় দুলতে হয়েছে তাঁকে ভয়কে জয় করে।

৪.আইসক্রিমে আজন্ম অরুচি তাঁর
আইসক্রিম খেতে কে না ভালোবাসে! কিন্তু শাহরুখ জানিয়ে দিলেন আইসক্রিম খেতে তাঁর কঠোর আপত্তির কথা। শৈশব থেকেই এই খাদ্যে অরুচি তাঁর।
৫.আজকের সবচেয়ে ধনী অভিনেতা জন্মাননি সোনার চামচ মুখে নিয়ে
আজ শাহরুখ শুধু মনের বাদশাহ নন, ধনকুবের হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। কোটি কোটি টাকার সম্পদ আছে তাঁর রাজত্বে। তবে এই শাহরুখই মাত্র ১ হাজার ৫০০ রুপি নিয়ে পা রেখেছিলেন রাজধানী দিল্লিতে। কয়েক মাসেই শেষ হয়ে যায় টাকা। এরপর এমন দিনও তাঁর এসেছিল, যখন বাড়িভাড়া দিতে না পারায় রাস্তায় বের করে দেওয়া হয়েছিল তাঁকে। সেই শাহরুখ বলেন, আজ শুধু দর্শকের মনের বাদশাহর স্বীকৃতি পাওয়ায় মান্নাতের মতো প্রাসাদের বাদশাহ হতে পেরেছেন তিনি।

৬.শুধু বাদশাহ নন, দানবীর হিসেবেও আছে তাঁর নাম
'শাহরুখ খানের দানের হাত'—এই কথা বলি পাড়ায় একবাক্যে স্বীকার করেন অনেকেই। তবে দর্শকের মধ্যে খুব একটা প্রচলিত হয়নি এসব তথ্য। ২০১৪ সালে তাঁর দল কোলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার পর ১৫ কোটি রুপির পুরোটাই শাহরুখ দান করেছিলেন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায়। এখানেই শেষ নয়, ২০০৯ সালে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নেন শাহরুখ, যার কল্যাণে ওডিশার এক প্রত্যন্ত গ্রামের অনেক পরিবারের ঘরে বাতি জ্বলে। মানুষের মনে শাহরুখের নাম লেখা হয় আরও উজ্জ্বল অক্ষরে। শাহরুখ বাবার নামে প্রতিষ্ঠা করেছন 'মীর ফাউন্ডেশন' যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখে চলেছে।
সূত্র: বলিউড হাঙ্গামা, এনডিটিভি
ছবি: ইন্সটাগ্রাম