নওশাবার কাছে ঈদ মানে বাহুল্যবর্জিত, নিখাদ আনন্দ উদযাপন
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের যাপনরীতি অনেকটাই অনাড়ম্বর আর পরিবারকেন্দ্রিক। ঈদের সময়টাও নওশাবা পরিবারের সঙ্গেই কাটান।

হাল ফ্যাশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় নওশাবা বলছিলেন, ঈদ মানেই যে খুব বিলাসিতা বা হই-হুল্লোড় করতে হবে, তা নয়। যতটুকু প্রয়োজন ততটুকুই করতে পছন্দ করেন তিনি। তাঁর কাছে ঈদ মানে বাহুল্যবর্জিত, নিখাদ আনন্দ উদযাপন।

বিজ্ঞাপন

ঈদে নিজের জন্য কিছু কেনা হয় নি নওশাবার। তবে উপহার পেয়েছেন। ঈদের ছবিতে চোখজুড়ানো লুকে তাঁকে দেখা যাচ্ছে মণিপুরী শাড়িতে। নীলের মাঝে নীলের নকশার শাড়িতে খুব মানিয়েছে নওশাবাকে।

টিপ, নোজ রিং আর ঝুমকায় হালকা সাজ সেরেছেন এই অভিনেত্রী। আর তাতেই তাঁকে লাগছে মোহনীয়।

বিজ্ঞাপন

বাবা চলে যাওয়ার পর থেকে মা আর মেয়ে প্রকৃতিকে ঘিরেই হয় নওশাবার ঈদ। বাবাকে মনে তো পড়েই খুব। বিশেষ করে এমন উৎসবের দিনগুলোতে। তবুও সময়ের নিয়মে ঈদ আসে। মা আর মেয়েকে মণিপুরী শাড়ি উপহার দিয়েছেন নওশাবা এবার। প্রয়োজন ও সাধ্য অনুযায়ী নিজের আশেপাশের ও কাছের অনেককেই ঈদে কিছু না কিছু কিনে দিয়েছেন।

বাড়িতে ঈদের নানা পদ রান্নার আয়োজন করেছেন নওশাবার মা। সব মিলিয়ে পারিবারিক আবহে সুন্দর, প্রশান্তিময় একটা ঈদের দিন পার করেছেন নওশাবা।

ছবি: নওশাবার ফেসবুক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৫: ৪২
বিজ্ঞাপন