
কলম্বিয়ার বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার নজরকাড়া লুকে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান 'ডাই-ডাই' নিয়ে এলেন সবার সামনে। ৪৯ বছর বয়সী এই শিল্পী বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গানটির একটি ঝলক দেখান। এই গানে নাইজেরিয়ার গায়ক বার্না বয়ও অংশ নিয়েছেন। গানটি ১৪ মে রিলিজ হবে।

এখানে ব্রাজিলের হলুদে দেখা যাচ্ছে শাকিরাকে। অ্যাসিমেট্রিক হলুদ ট্যাংক টপের সঙ্গে ডিস্ট্রেসড লুকের র্যাপ মিনিস্কার্ট পরেছেন তিনি জার্সি থিমের। সঙ্গে আছে এক ঢাল কোঁকড়া সোনালি চুল।

ভিডিওতে দেখা যায়, শাকিরা একদল নৃত্যশিল্পীর সঙ্গে আছেন। তাঁরা বিভিন্ন দেশের জাতীয় দলের রঙের পোশাক পরেছেন, যেসব দল এই টুর্নামেন্টে অংশ নেবে। এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায়। ভিডিওতে ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলও দেখানো হয়েছে।
সবার নিশ্চয়ই মনে আছে, ঠিক ১৬ বছর আগে ২০১০ সালের বিশ্বকাপের থিমসং ওয়াকা ওয়াকা দিয়ে কী উন্মাদনা তৈরি করেছিলেন শাকিরা। দিস টাইম ফর আফ্রিকা- এই বার্তা দিয়ে আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতি ট্রিবিউট দিয়ে সেই আমেজের লুকেই দেখা দিয়েছিলেন শাকিরা ওয়াকা ওয়াকা গানে।


এখনও এই গান সমান জনপ্রিয়। এর মাঝে আকর্ষণীয় লুকে ডাই ডাই গান দিয়ে বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দিলেন এই ল্যাটিনা।
সূত্র: চ্যালেন নিউজ এশিয়া
ছবি: ইন্সটাগ্রাম