
বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর টেক জায়ান্ট ইলন মাস্ক বরাবরই নিজেকে একজন 'ফ্যামিলি ম্যান' হিসেবে নিজেকে সবার সামনে তুলে ধরেন। গুরুত্বপূর্ণ মিটিং ও পার্টিতে তাঁর সন্তানদের নিয়ে যাওয়ার ব্যাপারটি মন কেড়েছে মাস্কভক্তদের। তাঁরা বলেন, সন্তানদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পছন্দ করেন মাস্ক।

তবে গত শুক্রবার এক্স-এ একটি চাঞ্চল্যকর পোস্ট করেন এক নারী। তাতে জানা যায়, তিনি ইলন মাস্কের ১৩ নম্বর সন্তানের মা হয়েছেন তিনি পাঁচ মাস আগে৷ তবে ব্যাপারটিকে 'টপ সিক্রেট' হিসেবে রেখেছেন ইলন মাস্ক। সন্তানের মাকেও বলেছেন ব্যাপারটি আজীবন গোপন রাখতে। কিন্তু আসলে ব্যাপারটি কতটুকু সত্য? চলুন দেখে নিই এ নিয়ে এই পর্যন্ত কী কী জানা গিয়েছে।
ইলনের কথিত এই ১৩ নম্বর সন্তানের মা হিসেবে নিজেকে দাবী করা নারীর নাম অ্যাশলি সেইন্ট ক্লেয়ার। তিনি পেশায় একজন কনজারভেটিভ লেখক ও কলামিস্ট। ৩১ বছর বয়সী অ্যাশলির সঙ্গে ইলনের প্রথম পরিচয় এক্সের মাধ্যমে। এই এক্স ইলনের চার বছর বয়সী সন্তান নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নবরূপ।

এরপর সোজা অ্যাশলির ডিএম-এ দেখা যায় এই টেক জায়ান্টকে। ইলনকে একজন মজার ও 'ডাউন টু আর্থ' মানুষ হিসেবে এখনো মনে করেন অ্যাশলি এবং তাঁদের সন্তান তাঁর কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষ, বলে উল্লেখ করেন তিনি। তাই সন্তানের জন্মের পর তার নিরাপত্তার কথা ভেবে ইলন মাস্কের গোপন রাখার সিদ্ধান্তে রাজি হয়েছিলেন তিনি।
পাঁচ মাস বয়সী শিশুটি একদম সুস্থ ও বেশ আনন্দে আছে বলে জানান মা অ্যাশলি। তবে জন্মের পর থেকে কখনোই বাইরে আনতে পারেননি মা তাকে। সন্তানের স্বাভাবিক বিকাশ নিয়ে চিন্তা করছেন তিনি। চাইছেন, আর দশটি শিশুর মতো তাঁর সন্তানও বাইরের পৃথিবী দেখুক, খেলাধুলা ছোটাছুটি করে বড় হোক। তাই এই খবর সামনে আনা জরুরি ছিল বলে মনে করছেন তিনি। মাস্ককে জানিয়ে দিয়েছেন, আর দেরি না করে সন্তানকে এবার স্বীকৃতি দিতেই হবে তাঁর।
অ্যাশলির রিপ্রেজেনটেটিভ ব্রায়ান গ্লিক্লিচ এক্সে বলছেন অন্য কথা। তাঁর বয়ানে, সন্তানের স্বাভাবিক লালন পালন ও ভরনপোষণ নিয়ে অ্যাশলি ও মাস্কের মধ্যে একটি ব্যক্তিগত এগ্রিমেন্ট তৈরির কাজ চলছে।
অ্যাশলির সঙ্গে মাস্কের বেশ কিছুদিনের পরিচয় থাকলেও তাঁর অন্যান্য সঙ্গীদের সঙ্গে কখনো তাঁকে দেখা করতে দেননি মাস্ক। এক্স ছাড়াও মাস্কের একটি ইন্টারভিউ নিতে গিয়ে তাঁর সঙ্গে প্রথম দেখা হয় অ্যাশলির। সেদিনই তাকে রোড আইল্যান্ডে যাওয়ার আমন্ত্রণ জানান মাস্ক। শুরু হয় প্রেম। তবে এই বিলিয়নিয়ারকে ফাঁসানোর জন্য মরিয়া হয়েছেন অ্যাশলি এমন একটি টুইটের উত্তরে বিস্ময়সূচক 'হোয়া' মন্তব্য করা ছাড়া কোনোরকম প্রতিক্রিয়া দেন নি এখনো মাস্ক এই বিষয়ে।


ইলন মাস্ক যদি অ্যাশলির সন্তানকে স্বীকৃতি দেন, তবে তাঁর সন্তান সংখ্যা হবে ১৩। বর্তমানে প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছয়জন, সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে তিনজন ও টেক এক্সিকিউটিভ শিভন জিলিসের সঙ্গে তিনজন সন্তান রয়েছে তাঁর।
সূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট