শারদীয় আবহে সাদা শাড়িতে স্নিগ্ধ ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

শারদীয় আয়োজনে এবার সাদা শিয়ার শাড়িতে সেজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘শারদ আসে প্রকৃতিকে নতুন করে ভালোবাসতে শেখাতে, বিষণ্ন মনেও একটুখানি আনন্দের রং ছড়িয়ে দিতে। কিছু ঋতু শুধু প্রকৃতিতে আসে না, আসে আমাদের মনের গভীরেও।’ ক্যাপশনের শেষে তাঁর শুভেচ্ছা, ‘শুভ শারদ!’

ভাবনার অরগাঞ্জা শাড়ির শুভ্র জমিনজুড়ে ছড়িয়ে আছে সোনালি ও সাদা গোল বুটি নকশা। শাড়ির এক পাশের পাড়ে সোনালি, অন্য পাশে রুপালি বর্ডার।

স্বচ্ছ কাপড়ের ওপর দুই রঙের পাড় শাড়িটিতে এনেছে ভিন্নতা। সাদা জমিনের স্নিগ্ধতার সঙ্গে সোনালি ও রুপালি নকশার সমন্বয়ে তৈরি হয়েছে আভিজাত্যপূর্ণ এক আবহ।

বিজ্ঞাপন

শাড়ির শুভ্রতার বিপরীতে ভাবনা বেছে নিয়েছেন গাঢ় চকলেট-বাদামি রঙের হল্টার-নেক ব্লাউজ। এতে রয়েছে সোনালি সুতার কারুকাজ। সাদা শাড়ির সঙ্গে গাঢ় রঙের এই ব্লাউজের বৈপরীত্য সাজে এনেছে আলাদা মাত্রা।

ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক নকশার ব্লাউজের এই সমন্বয়ে ফুটে উঠেছে তাঁর ফ্যাশন সচেতনতা।

বিজ্ঞাপন

গয়নায়ও রয়েছে অ্যান্টিক সোনালির আভিজাত্য। গলায় পরেছেন ব্রাস মেটালের সোনালি নেকলেস, কানে একই নকশার ঝুলন্ত দুল। হাতে মোটা নকশাদার সোনালি বালা, যার সঙ্গে জড়ানো সাদা ফুলের মালা। সোনালি গয়নার জৌলুশ আর সাদা ফুলের কোমলতা শারদীয় সাজে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।

ভাবনার সাজে চোখের মেকআপ বিশেষভাবে নজর কাড়ছে। কালো উইংড আইলাইনার ও কাজলে ফুটিয়ে তুলেছেন চোখের সৌন্দর্য।

গালে গোলাপি ব্লাশ ও হাইলাইটার, ঠোঁটে নরম গোলাপি-নুড শেড। কপালের ছোট লাল টিপে সাজে এসেছে পরিপূর্ণতা। হাইলাইট করা ঢেউখেলানো চুল খোলা রেখেছেন তিনি।

স্টাইল টিপস

সাদা শাড়ির সঙ্গে গাঢ় রঙের কারুকাজ করা ব্লাউজ বেছে নিলে সাজে তৈরি হয় আকর্ষণীয় বৈপরীত্য। গলায় জমকালো নেকলেস পরলে খোলা চুলে সাজতে পারেন। আর শারদীয় সাজে চুলে গাজরা কিংবা সাধারণ সাদা ফুলের মালা যোগ করতে পারে ঐতিহ্যবাহী আবহ।

শাড়ি ও গয়নাঃ ক্যানভাস বাই তন্বী কবির  
সাজঃ রাজিয়া'স মেকওভার স্টুডিও

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন