
উৎসবের সাজে কখনো ঐতিহ্যের ছোঁয়া, কখনো আধুনিক গ্ল্যামার। বলিউড তারকা তামান্না ভাটিয়া নিজের জুয়েলারি ব্র্যান্ড তামান্না ফাইন জুয়েলারির নানা নকশার গয়নায় তুলে ধরেছেন স্টাইলের ভিন্ন ভিন্ন দিক। ডায়মন্ডের ঝলক, সোনার আভা, রঙিন রত্ন আর ভাস্কর্যধর্মী নকশায় সাজানো তাঁর গয়নার সংগ্রহে থাকছে ট্রেন্ড, আধুনিকত, আভিজাত্য ও ব্যক্তিত্বের মেলবন্ধন।




রাধা-কৃষ্ণের চিত্রকল্প আর মিথিলার ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নিয়েছে তামান্না ফাইন জুয়েলারির ডায়মন্ড শ্যান্ডেলিয়ার ইয়াররিংস। সূক্ষ্ম নকশার ডায়মন্ডের ঝরনা প্রতিটি পদক্ষেপে যোগ করে ঝলমলে আভা।

গয়নায় ভাস্কর্যধর্মী নকশা পছন্দ করেন তামান্না। ওয়েভ ব্রেসলেট, স্নো ওয়েভ রিং ও ড্রপ ক্লো ক্লাইম্বারের বাঁক, ক্লিসিক রেখা আর ডায়মন্ডের ঝিলিক যেন একে অপরের সঙ্গে মিশে যায়। আলাদাভাবেও নজরকাড়া, আবার একসঙ্গে পরলেও তৈরি হয় পরিমিত আভিজাত্য।







সোনার সঙ্গে গোলাকার ডায়মন্ডের মেলবন্ধনে তৈরি হার্টনট চেইন। নকশায় রয়েছে হার্ট শেপ। চিরকালীন সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এই নেকলেস উৎসবের পোশাকের পাশাপাশি প্রতিদিনের সাজেও হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্র।

আঙুলের সাজে নজর কাড়ে হার্ট নট রিং। ১৮ ক্যারেট সোনার ওপর বসানো ১৯০টি গোলাকার ডায়মন্ডের নকশায় তৈরি হয়েছে ক্রসওভার লাইন শেপ। আংটির নকশায় একদিকে রয়েছে উজ্জ্বলতা, অন্যদিকে মসৃণ গড়নের আধুনিক ছাপ।

হোয়াইট গোল্ডের ওপর ঝলমলে ডায়মন্ডের বিন্যাসে তৈরি মুনক্রেস্ট ফ্রস্ট রিং। নামের মতোই এর নকশায় রয়েছে চাঁদের কোমল আভা আর বরফের মতো উজ্জ্বলতার অনুভূতি। উৎসবের সাজে একক গয়না হিসেবে কিংবা অন্য আংটির সঙ্গে লেয়ারে পরার জন্য মানানসই এই নকশা।

মুক্তার স্নিগ্ধতা আর পাভে ডায়মন্ডের ঝিলিকের সঙ্গে স্নো অ্যান্ড গোল্ড স্ট্যাকেবল গয়নার ভাস্কর্যধর্মী অবয়ব। একাধিক গয়না একসঙ্গে পরার এই ধরনে তৈরি হয় বৈচিত্র্যময় লুক। যাঁরা সাজে সূক্ষ্ম অথচ দৃষ্টিনন্দন গয়না পছন্দ করেন, তাঁদের জন্য এমন মেলবন্ধন হতে পারে অনুপ্রেরণা।



