কো-অর্ড আর স্নিকার্সে জেন–জি স্টাইলের নতুন সংজ্ঞা দিলেন খুশি কাপুর
শেয়ার করুন
ফলো করুন

এদিন খুশি বেছে নিয়েছিলেন ডিজাইনার শ্রুতি সানচেতির স্লো-ফ্যাশন লেবেল এক্রস টোয়েন্টি নাইনের একটি কাস্টম চেকার্ড কো-অর্ড সেট। গোলাপি, মভ ও বেইজ রঙের কোমল মিশ্রণে তৈরি পোশাকটি একদিকে যেমন নস্টালজিক প্রেপি স্টাইলের আবহ তৈরি করেছে, অন্যদিকে আধুনিক ফ্যাশনের সহজ-সরল সৌন্দর্যও তুলে ধরেছে।

লুকটির প্রধান আকর্ষণ ছিল হ্যান্ডওভেন নাগপুরি চেকস কাপড়ে তৈরি একটি মিনি স্কার্ট। ভারতের মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের ঐতিহ্যবাহী এই তাঁতের কাজ শ্রুতি সানচেতির ডিজাইনে নতুন মাত্রা পেয়েছে। স্কার্টটির ওপর ছিল একটি ডিট্যাচেবল ফ্যাব্রিক বেল্ট, যেখানে ফুল, পাখি ও প্রকৃতি-অনুপ্রাণিত মোটিফ পোশাকে যোগ করেছে গ্রীষ্মের আমেজ।

এর সঙ্গে খুশি পরেছিলেন একই কাপড়ের ফিটেড ব্রালেট টপ এবং ওভারসাইজড ক্রপড শ্যাকেট। খোলা শ্যাকেটের আরামদায়ক সিলুয়েট পুরো লুকটিকে দিয়েছে নির্ভার ও তারুণ্য সুলভ আবেদন।

বিজ্ঞাপন

স্টাইলিস্ট মনীষা মেলওয়ানি ও হর্ষিতা সামদারিয়া পোশাকটির সঙ্গে রেখেছেন ন্যূনতম অনুষঙ্গ। কানে ছিল ছোট স্টাড কানের দুল। আর পায়ে ছিল গোলাপি রঙের কনভার্স চাক টেইলর অল স্টার লো-টপ স্নিকার্স। মোজা ও স্নিকার্সের রঙের সামঞ্জস্য পুরো লুকটিকে আরও পরিপাটি করে তুলেছে।

মেকআপও ছিল মিনিমাল। উজ্জ্বল ও স্বাভাবিক ত্বক, হালকা ব্লাশ, সূক্ষ্ম আইলাইনার এবং পিঙ্ক-নিউড ঠোঁটের রং খুশির তরুণ সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। চুল বাঁধা ছিল স্লিক লো বান স্টাইলে, যা মুখের গড়ন ও পোশাকের নকশাকে সামনে নিয়ে এসেছে।

প্রেপি ফ্যাশন, স্লো ফ্যাশন ও আরামদায়ক স্ট্রিট স্টাইল। এই তিন ধারার মিশেলে তৈরি খুশি কাপুরের এই লুক গ্রীষ্মকালীন ফ্যাশনের জন্য হতে পারে অনুপ্রেরণার একটি চমৎকার উদাহরণ। প্রমাণ করে, স্টাইল মানেই জাঁকজমক নয়; কখনো কখনো একটি চেকার্ড স্কার্ট, একটি আরামদায়ক শ্যাকেট আর একজোড়া স্নিকার্সই যথেষ্ট নজর কাড়ার জন্য।

ছবি: খুশি কাপুরের ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৩: ১৬
বিজ্ঞাপন