
ফ্যাশনের ইতিহাসে কালো কখনো অনুপস্থিত ছিল না। কিন্তু ২০২৬-এ এসে কালো যেন আবারও নিজের আধিপত্য ঘোষণা করছে—আর তা কেবল একটি রং হিসেবে নয়, বরং থিম বা দর্শন হিসেবে। সংযম, শক্তি, স্থাপত্যধর্মী কাট আর নিখুঁত কারিগরির মাধ্যমে কালো এখন রেড কার্পেট থেকে হাই-ফ্যাশন ইভেন্ট—সবখানেই কেন্দ্রবিন্দু।

আলিয়া ভাট সম্প্রতি বেছে নিয়েছিলেন রাহুল মিশরার কতুর ব্ল্যাক ভেলভেট গাউন। স্ট্র্যাপলেস, স্কাল্পটেড সিলুয়েট—যেখানে পোশাকটি শরীরের গড়নকে নিখুঁতভাবে অনুসরণ করেছে। বডিসে টেক্সচারড ডিটেইলিং কালো রংকে একঘেয়ে হতে দেয়নি; বরং যোগ করেছে গভীরতা।

ডায়মন্ড নেকলেস ও ইয়েলো সলিটেয়ার এই মনোক্রোম লুকে তৈরি করেছে উজ্জ্বল কনট্রাস্ট। কালো এখানে কেবল ব্যাকড্রপ নয়—এটি গয়নার দীপ্তিকে আরও উজ্জ্বল করে তোলার ক্যানভাস।

সারা আলি খান-এর ম্যাট ব্ল্যাক গাউন ছিল সংযত অথচ প্রভাবশালী। স্ট্র্যাপলেস কাট, লেয়ার্ড বডিস এবং ফ্লোই ট্রেন—পুরো লুকটি রাজকীয়।

কালোর ম্যাট টেক্সচার আলো শোষণ করে একধরনের নীরব গাম্ভীর্য তৈরি করেছে। অতিরিক্ত অলংকার ছাড়াই এই লুক প্রমাণ করে, কালো রং-এর শক্তি ও সরলতায়।

দুবাইয়ে কার্টিয়ার গালায় দীপিকা পাড়ুকোন হাজির হন গৌরব গুপ্তা কতুরে। লং-লাইন সিলুয়েট, আর্কিটেকচারাল শোল্ডার—কালোকে এখানে ব্যবহার করা হয়েছে এক ধরনের কাঠামোগত ভাষা হিসেবে।

ক্লোজ-সেট ডায়মন্ড নেকলেস গলার খোলা অংশে হয়ে উঠেছে কেন্দ্রবিন্দু। কালো পোশাকের উপর হীরার ঝলক।

মালাভিকা মোহনন বেছে নিয়েছিলেন গ্লসি ব্ল্যাক করসেট ও স্যাটিন স্কার্ট, মিশো-র কাস্টম সংগ্রহ থেকে। রিজিড করসেটের সঙ্গে ফ্লুইড ড্রেপ—এই টেক্সচারের বৈপরীত্য কালোকে করেছে গতিশীল।
গোল্ড স্কাল্পচারাল জুয়েলারি মনোক্রোমে উষ্ণতা যোগ করেছে। এখানে কালো মানে কেবল গাঢ়তা নয়, বরং ভারসাম্য।

সিডনিতে হেইলি বিবার হাজির হন সেন্ট লরেন্ট-এর শিয়ার লেস এনসেম্বলে। ফ্লোর-লেংথ সিলুয়েট, লং বেল স্লিভ—সব মিলিয়ে কালো এখানে নরম, আবহময়।
শিয়ার ফ্যাব্রিক কালোর মধ্যে তৈরি করেছে আলো-ছায়ার খেলা। এটি প্ররোচনামূলক নয়, বরং আবেগময় ও পরিশীলিত।

প্যারিসে কিম কারদাশিয়ান-এর শিয়ার ব্ল্যাক লেস লুক ছিল সাহসী ও আত্মবিশ্বাসী। বালেনসিয়াগা টার্টলনেক লেয়ারিং এবং স্কিমস-এর ব্রালেট, পুরো মনোক্রোম লুকে যোগ করেছে আধুনিক গ্ল্যাম।
ব্ল্যাক ভেলভেট কোট আলাদা লেয়ার যোগ করলেও রং-এর ধারাবাহিকতা ভাঙেনি। বরং কালোর বিভিন্ন টেক্সচারের ব্যবহার লুককে করেছে বহুমাত্রিক।

২০২৬-এর ফ্যাশন ম্যাপ বলছে—কালো এখন কেবল ‘সেফ’ চয়েস নয়। এটি শক্তির ভাষা, সংযমের কৌশল, এবং কারিগরির প্রদর্শন।
টেক্সচারের গুরুত্ব বেড়েছে: ভেলভেট, স্যাটিন, লেস, ম্যাট ফ্যাব্রিক—কালোকে নতুন মাত্রা দিচ্ছে।
সিলুয়েট হয়েছে স্থাপত্যধর্মী: স্কাল্পটেড কাট, করসেট, স্ট্রাকচারড শোল্ডার।
মনোক্রোমে জোর: একই রঙের ভেতর বিভিন্ন স্তর ও উপাদান ব্যবহার।
গয়নায় কনট্রাস্ট: ডায়মন্ড বা গোল্ড কালোর উপর আরও উজ্জ্বল।
কালো এখন আর শুধুই রাতের রং নয়—এটি আধুনিকতার রং। নীরব অথচ দৃঢ়, সংযত অথচ প্রভাবশালী।
ফ্যাশনের এই অধ্যায়ে কালো আমাদের মনে করিয়ে দেয়—কখনও কখনও সবচেয়ে শক্তিশালী বক্তব্য তৈরি হয় সবচেয়ে কম শব্দে।