
টালিউডের পরিচিত মুখ সৌরসেনী মৈত্র। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু হলেও অভিনয় দিয়ে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন বাংলা সিনেমায়। বর্তমানে বাংলা ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তাঁর রুচির ছাপ বেশ স্পষ্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি লুকে ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে ধরা দিয়েছেন সৌরসেনী।

তাঁর পরনে গাঢ় ওয়াইন রেড রঙের জামদানি শাড়ি, যার সঙ্গে সাজেও রেখেছেন বাঙালিয়ানার ছোঁয়া। জুটি হয়েছে একরঙা ম্যাচিং ব্লাউজ।
মেকআপে রেখেছেন ম্যাট ফিনিশ। কাজল কালো আই লুক, সুসজ্জিত ভ্রু, গালে হালকা ব্লাশ আর ঠোঁটে ক্রিমি নুড লিপকালারে সাজ সম্পূর্ণ করেছেন তিনি।

তবে পুরো সাজের সবচেয়ে নজরকাড়া অনুষঙ্গ কপালের ছোট্ট লাল টিপ। শাড়ির সঙ্গে সোনার গয়নাতেও প্রকাশ পেয়েছে ঐতিহ্যের ছাপ।

কানে দুল, গলায় নেকপিস আর হাতে চওড়া সোনার বালা—সবকিছুতেই অ্যান্টিক নকশার ছোঁয়া। জামদানির সঙ্গে সোনার গয়নার এই সাজে সৌরসেনী যেন রাজকীয় আবহে ধরা দিয়েছেন।
শাড়ি, গয়না আর কপালের লাল টিপে একেবারে রাজনন্দিনীর মতোই মনে হয়েছে অভিনেত্রীকে। চুল আলতো করে পেছনে ছেড়ে রেখেছেন তিনি, আর নখে শোভা বাড়িয়েছে শাড়ির সঙ্গে মানানসই নেইল পলিশ।


সব মিলিয়ে ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধনে সৌরসেনীর এই এথনিক লুক হয়ে উঠেছে বাঙালিয়ানার এক নান্দনিক উপস্থাপনা, যা হতে পারে উৎসবের সাজের দারুণ অনুপ্রেরণা।
ছবি: সৌরসেনী মৈত্রর ইন্সটাগ্রাম