
হাল ফ্যাশন ডেস্ক
বলিউডে ফ্যাশন আইকন হিসেবে সুখ্যাতি রয়েছে সোনম কাপুরের। বিভিন্ন অনুষ্ঠানে নান্দনিক ও সাহসী ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। তাই ব্রিটেনের রাজার রাজ্যাভিষেক আয়োজনে তাঁর সাজ দেখার জন্য সবাই মুখিয়ে থাকবে, এটাই স্বাভাবিক।

৭ মে রোববার রাজ্যাভিষেক আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় করোনেশন কনসার্ট। সেখানে আমন্ত্রিত ছিলেন সোনম কাপুর। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছেন ক্ল্যাসিক বারডট গাউন।
কনসার্টে যোগদানের আগে সোনম কাপুর ইনস্টাগ্রামে তাঁর চোখধাঁধানো অভিজাত সাজের ছবি শেয়ার করেন। ১৭ ও ১৮ দশকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি সাদা অফ-শোল্ডার গাউন যৌথভাবে ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার অনামিকা খান্না ও লন্ডনভিত্তিক ডিজাইনার এমিলিয়া উইকস্টেড।

ইনস্টাগ্রামে পোস্টে সোনম কাপুর লিখেছেন, ‘ঐতিহাসিক সব মুহূর্তের জন্ম যেখানে, সেখানে এখন সময় ফ্যাশনেরও। হৃদয়ের কাছের দুই দেশের দুর্দান্ত দুই ডিজাইনারের যৌথ এ সৃষ্টি গায়ে চড়িয়ে করোনেশন কনসার্টের মতো অবিস্মরণীয় এক আয়োজনে হাজির হতে পেরে আমি সম্মানিত।’
গাউনের পুরোটাজুড়ে ফুল, লতা-পাতা, পাখি, প্রজাপতির প্রিন্ট করা। এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে ভারতের ঐতিহ্যবাহী কালিকো প্রিন্ট থেকে। সোনম এ গাউনের সঙ্গে পরেছিলেন হীরার কানের দুল। কানের দুলটি ডিজাইন করেছেন সেলিব্রেটি জুয়েলারি ডিজাইনার জেসিকা ম্যাককোরম্যাক এবং এটি প্রস্তুত করেছেন ব্রিটিশ লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড গ্যারাড। পায়ে পরেছিলেন মনোলো ব্লানেকেরশু।

সাজের ক্ষেত্রে হালের মিনিমালিস্ট ধারাকেই মেনে চলেছেন সোনম। চোখে বাদামি আইশ্যাডো দিয়ে স্মোকিভাব এনেছেন। ঠোঁটে পরেছেন মভ গ্লস। বেজ মেকআপের ওপর খুব সামান্য পরিমাণে কনট্যুরিং করেছেন। লম্বা চুল সামান্য ওয়েভি কার্ল করে ছেড়ে রেখেছিলেন। মিনিমাল তবে আভিজাত্যময় সাজে সোনমকে লাগছিল অনন্যসাধারণ।
ছবি: ইনস্টাগ্রাম