
জয়ার স্যাটিন ম্যাক্সি গাউন। গোলাপি ও বেজের মিশ্রণে তৈরি শ্যাম্পেন পিংক রংটি বেশ স্নিগ্ধ। মসৃণ কাপড়ে আলো পড়ে তৈরি হয়েছে হালকা ঝিলিক। শরীরের গড়ন ছুঁয়ে নেমে আসা পোশাকটির কাটও বেশ সাধারণ, যা লুকটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সেক্সি অ্যাজ পিংক’।

পোশাকের ওপরের অংশে রয়েছে হল্টার নেক। গলার কাছে সরু ফিতার নকশা ঘাড়ের পেছনে গিয়ে মিলেছে, ফলে কাঁধ ও পিঠ থেকেছে খোলা। ডিপ নেকলাইনের দুই পাশে ছোট ছোট কুঁচির কাজ পোশাকে এনেছে আলাদা বৈশিষ্ট্য।

কোমরের কাটআউট অংশে রয়েছে গোলাকার রিংয়ের মতো নকশা। দুই পাশের কুঁচির সঙ্গে এই ডিটেইলস পোশাকটিকে করেছে আরও আকর্ষণীয়। গাইনের নিচের অংশ এ লাইন স্কার্ট কাটের সঙ্গে স্লিট যোগ করেছে আবেদন। এতে হাঁটাচলার সুবিধার পাশাপাশি পোশাকেও এসেছে স্বাভাবিক চলন।

ওয়েভি চুল, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। কানে ছোট স্টাড ইয়াররিং, হাতে ঝলমলে ব্রেসলেট আর পায়ে সোনালি স্ট্র্যাপ হিল। গয়না ও অনুষঙ্গের ব্যবহারও পরিমিত, তাই পোশাকের নকশাই নজর কাড়ছে বেশি।

সন্ধ্যার ডিনার, ডেট নাইট কিংবা বন্ধুদের পার্টিতে এমন স্যাটিন ড্রেস হতে পারে দারুণ পছন্দ। শাড়ি বা সালোয়ার-কামিজের বাইরে ওয়েস্টার্ন পার্টি লুকের কিছু পরতে চাইলে এই স্টাইল থেকে অনুপ্রেরণা নেওয়া যায়।

সফট রং, মসৃণ স্যাটিন আর কোমরের কাটআউট নকশা। এই তিনের মিশেলে জয়া আহসানের সাজে এসেছে স্বতন্ত্রতা। তাঁর এই লুক দেখায়, খুব বেশি গয়না বা উজ্জ্বল রঙ ছাড়াও পোশাকের কাট আর সহজ স্টাইলিং দিয়ে নজর কাড়া যায়।