মিম ও সিয়াম নজর কাড়লেন হিপহপ স্টাইলে
শেয়ার করুন
ফলো করুন

এবার হিপহপ স্টাইলে নজর কাড়লেন হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মিম জানিয়েছেন সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’।

ছবিগুলোতে মিম আর সিয়ামের নতুন এই লুক চমকে দিয়েছে ভক্তদের। এমন স্টাইলে সচরাচর দেখা যায় না তাঁদের। তবে বেশ স্টাইলিশ লাগছে এই দুই তারকাকে, যা তাঁদের ছবির নিচের কমেন্ট দেখলেই বোঝা যাবে। ফ্যাশনিস্তা অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে তাঁদের এই হিপহপ লুক।

বিজ্ঞাপন

সত্তর দশকের বিখ্যাত এই ফ্যাশনটির জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। সেই ধারা অব্যাহত রেখে মিম কালো ক্রপ টপের ওপর নিয়নরঙা শর্ট বোম্বার জ্যাকেট আর বটম হিসেবে ম্যাচিং কার্গো প্যান্ট পরেছেন। প্যান্টের বড় বড় পকেট ছাড়াও নজর কেড়েছে কালো ঝুলে থাকা স্ট্রেপ। এর সঙ্গে অভিনেত্রী জুতা হিসেবে বেছে নিয়েছেন কালো এঙ্কেল বুট। শুধু আউটফিটেই বাজিমাত করেননি মিম। হিপহপ ফ্যাশনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক সাজ-অনুষঙ্গেও রেখেছেন খেয়াল।

অভিনেত্রীর চুলের ঢং এ ক্ষেত্রে বিশেষ প্রাধান্য পেয়েছে। ছেড়ে রাখা সোজা চুলের ফাঁকে ফাঁকে বেশ কয়েকটি বিনুনি করেছেন রঙিন সুতা দিয়ে। চোখে পরেছেন কালো চশমা, যা তাঁর লুকে আলাদা ‘সোয়্যাগ’ এনে দিয়েছে।সঙ্গে নেকপিস হিসেবে সোনালি চাঙ্কি চেইন, কানে বড় হুপ রিং আর হাতে বেশ কয়েকটি ব্রেসলেট পরেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

অভিনেতা সিয়ামের লুকও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যে। লাইট অলিভ বা হালকা জলপাই রঙের হিপহপ আউটফিট পরেছেন তিনি। সাদা বাস্কেটবল স্লিভলেস ইনারের ওপর চাপিয়ে নিয়েছেন কালো স্ট্রেপ দেওয়া জ্যাকেটটি। আর বটমে পরেছেন ম্যাচিং কার্গো প্যান্ট। তিনিও জুতা হিসেবে কালো এঙ্কেল বুট পরেছেন।

পোশাক ছাড়াও সিয়ামের লুকে বিশেষ নজর কেড়েছে তাঁর সাজ আর অনুষঙ্গ। চুলে করেছেন ফ্রস্টেড স্টাইল, নেকপিস হিসেবে পরেছেন দুই ধরনের চাঙ্কি চেইন আর চোখে কালো সানগ্লাস। এখানেই শেষ নয়, একটু বিশেষ খেয়াল করলে তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা দেখবেন সিয়াম দুই হাতে ব্রেসলেট আর আংটি ছাড়াও পরেছেন কালো নেইলপলিশ। এ সবকিছু মিলিয়েই তাঁর হিপহপ লুক হয়েছে পরিপূর্ণ।

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন