সেল্ফ-লাভ মানেই শুধু রূপচর্চা নয়, নার্গিস ফাখরির প্রতিদিন ২৪ কিলোমিটার সাইক্লিংয়ে নতুন বার্তা
শেয়ার করুন
ফলো করুন

নিজের যত্নকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত সাইক্লিংকে জীবনের অংশ করে নিয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কালো স্যুটে নিজের একটি ছবি শেয়ার করে নার্গিস ফাখরি লিখেন, নিজের যত্ন নেওয়ার কথা মনে রাখাই কখনও কখনও সেই নারী হয়ে ওঠার চাবিকাঠি, যে নারী হওয়ার কথা তিনি ভেবেছেন। নিজের জন্য বিনিয়োগ করাও জরুরি, কারণ প্রত্যেক মানুষই সেই যত্নের যোগ্য।

নার্গিসের এই বার্তার সঙ্গে মিলে যায় তার সাম্প্রতিক ফিটনেস রুটিনও। অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিন প্রায় ২৪ কিলোমিটার সাইক্লিং করছেন তিনি। তার কথায়, এই অভ্যাস এসেছে নিয়মিত যত্ন এবং নিজের প্রতি শৃঙ্খলাবোধ থেকে।

প্রতিদিন ২৪ কিলোমিটার সাইক্লিং কেন?

সাইক্লিং এমন একটি ব্যায়াম, যা শরীরকে সক্রিয় রাখার পাশাপাশি কার্ডিওভাসকুলার ফিটনেস উন্নত করতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিং হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ফিটনেস বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাইক্লিং শরীরের অক্সিজেন ব্যবহারের সক্ষমতা বাড়ায়। ফলে ধীরে ধীরে স্ট্যামিনা ও এন্ডুরেন্সও উন্নত হয়। অর্থাৎ প্রতিদিনের কাজ কিংবা দীর্ঘ সময়ের শারীরিক পরিশ্রমে শরীর তুলনামূলক কম ক্লান্ত হতে পারে।

নার্গিস ফাখরির বার্তাটি শুধু ২৪ কিলোমিটার সাইক্লিংয়ের গল্প নয়। বরং নিজের জন্য সময় বের করা, শরীরকে সক্রিয় রাখা এবং নিজের ভালো থাকাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা। এই সহজ অভ্যাসগুলোর কথাই মনে করিয়ে দেয়।

বিজ্ঞাপন

সাইক্লিংয়ের পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংও

নার্গিসের ফিটনেস রুটিন শুধু সাইক্লিংয়ে আটকে নেই। তার পুরোনো ফিটনেস পোস্ট ও সাক্ষাৎকারে দেখা যায়, তিনি শরীরচর্চায় বৈচিত্র্য রাখতে পছন্দ করেন। ডাম্বেল দিয়ে শোল্ডার প্রেস, স্ট্রেংথ ট্রেনিং, ট্রেডমিল এবং ইনডোর সাইক্লিংয়ের পাশাপাশি ডান্স, যোগাসন, জুম্বা ও সাঁতারও তার পছন্দের ব্যায়ামের তালিকায় রয়েছে। সাম্প্রতিক সময়েও তার সাইক্লিংয়ের পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংয়ের ঝলক দেখা গেছে।

নার্গিসের কাছে শরীরচর্চার বিষয়টি শুধু শরীরের গড়ন ঠিক রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যে ব্যায়াম করতে ভালো লাগে, সেটিকেই নিয়মিত করার পক্ষপাতী তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডান্স, যোগাসন কিংবা জুম্বার মতো শরীরচর্চা তার কাছে প্রচলিত জিমের তুলনায় বেশি আনন্দদায়ক।

খাবারের ক্ষেত্রেও ব্যালান্স

ফিটনেসের সঙ্গে খাবারের দিকেও বরাবরই নজর রাখেন নার্গিস। তার পুরোনো সাক্ষাৎকারগুলোতে খাবারের তালিকায় ডিম, সবজি, নারকেলের পানি, ফল, বাদাম, অ্যাভোকাডো, মাছ ও চিকেনের মতো খাবারের কথা এসেছে। সকালের খাবারে নারকেলের পানি, প্রোটিন পাউডার, ফ্ল্যাক্স সিড, হেম্প সিড, ফল ও ডিম রাখার কথাও তিনি জানিয়েছিলেন।

দুপুরের খাবারে সবজি, গ্রিলড চিকেন বা মাছের পাশাপাশি কখনও কুইনোয়া কিংবা ছোলার মতো খাবারও রাখেন তিনি। বাড়িতে তুলনামূলক বেশি ভেজিটেরিয়ান খাবার খাওয়ার কথাও জানিয়েছেন নার্গিস। অর্থাৎ তার ডায়েটের মূল ভাবনা হলো একঘেয়ে খাবারের বদলে পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার বেছে নেওয়া।

বিজ্ঞাপন

ক্র্যাশ ডায়েট নয়, শরীরের কথা শোনা

একসময় মডেলিংয়ের কারণে দ্রুত ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েট করলেও পরে সেই অভ্যাস থেকে সরে আসার কথা জানিয়েছিলেন নার্গিস। তার দর্শন ছিল শরীরকে না বুঝে খাবার বাদ দেওয়া নয়, বরং পরিমিত খাওয়া এবং শরীর কোন খাবার গ্রহণ করছে, সেটি বোঝা।

তার খাবারের দর্শনে সবজি ও প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাটেরও জায়গা রয়েছে। অ্যাভোকাডো, বাদাম কিংবা অলিভ অয়েলের মতো খাবার তার পছন্দের তালিকায় এসেছে। আবার পছন্দের খাবার একেবারে বাদ না দিয়ে পরিমিত খাওয়ার কথাও বলেছেন তিনি।

ফিটনেসের সঙ্গে ঘুম ও মানসিক স্বস্তিও জরুরি

নার্গিসের ওয়েলনেস রুটিনে শুধু খাবার আর ব্যায়াম নয়, পর্যাপ্ত ঘুম এবং মানসিকভাবে ভালো থাকাকেও গুরুত্ব দিতে দেখা যায়। আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অন্তত আট ঘণ্টা ঘুমের কথা জানিয়েছিলেন। ধ্যান, পর্যাপ্ত পানি পান এবং নিজের ভালো লাগার কাজ যেমন ডান্স, রান্না কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। এসবকেও তিনি মন-শরীরের ভারসাম্যের অংশ হিসেবে দেখেন।

তাই নরগিসের বর্তমান ২৪ কিলোমিটার সাইক্লিংয়ের রুটিনকে তার দীর্ঘদিনের ফিটনেস দর্শনেরই নতুন সংস্করণ বলা যায়। কখনও ডান্স, কখনও যোগাসন, কখনও স্ট্রেংথ ট্রেনিং, আর এখন প্রতিদিনের সাইক্লিং পদ্ধতি বদলালেও মূল জায়গাটি একই। নিয়মিত ব্যায়াম, নিজের শরীরকে গুরুত্ব দেওয়া এবং এমন একটি রুটিন বেছে নেওয়া যা দীর্ঘদিন ধরে ধরে রাখা সম্ভব।

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১: ৩৩
বিজ্ঞাপন