প্রথমবারের মতো প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে অনন্যা পাণ্ডে
শেয়ার করুন
ফলো করুন

২২ জানুয়ারি ফ্যাশন ক্যাপিটাল প্যারিসে শুরু হয়েছে ওত কতুর উইক। বিশ্বের সব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এখানে তাদের নতুন গ্রীষ্ম ও বসন্তের ওত কতুর সংগ্রহ প্রদর্শন করছে। এবারও লে শম্ব্রে সিন্দিক্যাল দে লা ওত কতুরের সম্মানিত অতিথি সদস্য হিসেবে ‘হাই ফ্যাশন’ সংগ্রহ প্রদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্র। তাঁর প্রদর্শনীতে শোস্টপার হয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল অনন্যা পাণ্ডে।

বলিউডের অন্যতম ফ্যাশনেবল তারকা অনন্যা। এই জেন জি অভিনেত্রী অনেক ফ্যাশন অনুরাগীর কাছে স্টাইল আইকন হিসেবে বিবেচিত। অনন্যার জনপ্রিয়তা দেখে অনেক ফ্যাশন ব্র্যান্ড তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন তাঁকে। এ ছাড়া ভারতে অনুষ্ঠিত অনেক ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটেছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক কোনো ফ্যাশন উইকের রানওয়েতে এই প্রথমবারের মতো শোস্টপার হয়ে হাঁটলেন অনন্যা।

বিজ্ঞাপন

রাহুল মিশ্রর নতুন সংগ্রহের নাম ‘সুপারহিরোস’। পোকামাকড় থেকে অনুপ্রাণিত হয়ে চোখধাঁধানো সংগ্রহটি তৈরি করেছেন তিনি। সংগ্রহটি তৈরি করার সময় রাহুল মিশ্র যেন কীটপতঙ্গের মহাজগতে নিমজ্জিত হয়েছেন। প্রতিটি পোশাকে পুঁতি, চুমকি, জরি সুতায় ফুটিয়ে তুলেছেন প্রজাপতি, জোনাকি, ফড়িং, মথ ও সরীসৃপের প্যাটার্ন। এই সংগ্রহ নিয়ে রাহুল মিশ্র বলেন, ‘এই পৃথিবী কার? কীটপতঙ্গ মানুষের ৩০০ মিলিয়ন বছর আগে এখানে এসেছে। অথচ আজ পৃথিবীতে কীটপতঙ্গের রাজ্য সবচেয়ে বড় হুমকির মুখে আছে। ছোটবেলা থেকে আমাদের মনকে এ ধরনের প্রাণীদের অপছন্দ করতে গড়ে তোলা হয়। কিন্তু এরা আমার কাছে সুন্দর “সুপারহিরো”।’

নতুন সংগ্রহে ছিল নানা ডিজাইনের প্যান্ট, টপ, গাউন, শর্ট ড্রেস, কেপসহ আরও অনেক কিছু। রাহুল মিশ্র তাঁর সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় পোশাকটি পরিয়েছেন অনন্যাকে। তিনি পরেছেন কালো শর্ট স্ট্র্যাপলেস ড্রেস। এর সামনের অংশে ছিল বিশাল বড় নেট লাগানো গোল রিং। নেটের ওপরে সোনালি, রুপালি ও কালো সিকুইনের কাজ করা। এ জন্য অনন্যা হাঁটার সময় নেটের ওপরের ডিজাইনটিকে কালো ড্রেসের অংশ মনে হচ্ছিল। এ ছাড়া নেটের রিংয়ের ওপর বাহারি রঙের প্রজাপতি। সেটা হাতে নিয়ে মুখে স্মিত হাসি মাখিয়ে র‍্যাম্পে হেঁটেছেন অনন্যা। আন্তর্জাতিক রানওয়েতে অনন্যার অভিষেকে উচ্ছ্বসিত তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১৩: ৪২
বিজ্ঞাপন