ওয়ারফেজের ট্রিবিউটে মাইকেল জ্যাকসন–ফ্যাশনের পুনর্জন্ম
শেয়ার করুন
ফলো করুন

মাইকেল জ্যাকসন শুধু সংগীতের কিংবদন্তিই নন, ফ্যাশনের ইতিহাসেও তিনি এক অনন্য আইকন। মঞ্চে তাঁর উপস্থিতি যেমন ছিল বিদ্যুতায়িত, তেমনি তাঁর পোশাকও ছিল ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। সামরিক ধাঁচের জ্যাকেট, সোনালি অলংকরণ, সিকুইনখচিত কস্টিউম, কালো ফেডোরা হ্যাট, সাদা মোজা, কালো লোফার, এক হাতে ঝলমলে গ্লাভস কিংবা লাল চামড়ার জ্যাকেট—এসবই হয়ে উঠেছিল তাঁর সিগনেচার। তিনি দেখিয়েছিলেন, ফ্যাশন কেবল পোশাক নয়; এটি পারফরম্যান্স, আত্মপ্রকাশ এবং ব্যক্তিগত ব্র্যান্ড নির্মাণের শক্তিশালী ভাষা। আজও পপ সংস্কৃতি, স্ট্রিটওয়্যার এবং বিলাসবহুল ফ্যাশনের অসংখ্য ডিজাইনার ও শিল্পী তাঁর স্টাইল থেকে অনুপ্রেরণা নেন।

মাইকেল জ্যাকসনের ভক্তদের অনেকেরই জানতে ইচ্ছা করে, তাঁর এই কিংবদন্তি স্টেজ লুকগুলোর নেপথ্যে ছিলেন কারা? তালিকাটি যেমন দীর্ঘ, তেমনি সমৃদ্ধ। জিয়ান্নি ভারসাচি, ক্রিশ্চিয়ান ডিওর, ইভ সাঁ লোরাঁ ও বালমেঁর মতো বিশ্বখ্যাত ফ্যাশন হাউসের পাশাপাশি ডেবোরা নাডুলম্যান ল্যান্ডিস, বিল হুইটেন, মাইকেল বুশ ও ডেনিস টমকিনসের মতো কস্টিউম ডিজাইনাররা তাঁর ভিজ্যুয়াল আইডেনটিটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে ডিজাইনার যিনিই হোন, মাইকেল জ্যাকসনের একটি নির্দেশনা ছিল সব সময় একই—তাঁর কস্টিউম যেন অন্তত ১০০ ফুট দূর থেকেও দর্শকের চোখে পড়ে। সেই ভাবনা থেকেই তাঁর পোশাকে ব্যবহৃত হতো ক্রিস্টাল, সিকুইন, ধাতব অলংকরণ, সামরিক মোটিফ, উজ্জ্বল রং এবং শক্তিশালী সিলুয়েট। তাঁর কাছে কস্টিউম ছিল পারফরম্যান্সেরই একটি অংশ, যা নাচ, আলো এবং মঞ্চ-উপস্থিতিকে আরও নাটকীয় ও স্মরণীয় করে তুলত।

এই কিংবদন্তি শিল্পীকে নতুনভাবে মঞ্চে ফিরিয়ে আনার প্রয়াস নেয় বাংলাদেশের আইকনিক ব্যান্ড ওয়ারফেজ। ৩১ জুলাই ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনস—মাইকেল জ্যাকসন × ওয়ারফেজ’। ব্র্যান্ডমিথ কমিউনিকেশন্স ও মার্স অ্যান্ড কো আয়োজিত এই কনসার্ট ছিল সংগীতের পাশাপাশি আলো, নৃত্য, প্রযুক্তি এবং ফ্যাশনের এক অভিনব মেলবন্ধন। কারণ, মাইকেল জ্যাকসনের উত্তরাধিকার শুধু তাঁর গানেই সীমাবদ্ধ নয়; তাঁর পোশাকও সেই উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি কস্টিউম নিজেই যেন বৈশ্বিক পপ সংস্কৃতির এক স্বতন্ত্র ভাষা।

এই কনসার্টে তাই দর্শক শুধু মাইকেল জ্যাকসনের গানই শোনেননি, তাঁর ভিজ্যুয়াল পরিচয়কেও নতুনভাবে দেখার সুযোগ পেয়েছেন। সেই ভাবনা থেকেই তাঁর আইকনিক স্টেজ লুকগুলোকে পুনর্নির্মাণ করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লোদিং। হুবহু অনুকরণ নয়, বরং মাইকেল জ্যাকসনের মঞ্চ-ব্যক্তিত্ব, শক্তি এবং নান্দনিকতাকে সমসাময়িক ফ্যাশনের ভাষায় পুনর্ব্যাখ্যা করেছে তাদের ডিজাইন টিম।

বিজ্ঞাপন

ঝলমলে গ্ল্যাম রক

কালো সিকুইনড জ্যাকেট, পিয়ানো কী–প্রিন্টেড টি-শার্ট, সাদা গ্লিটারড গ্লাভস ও কালো সানগ্লাস— এই লুকটি আধুনিক স্টেজ ফ্যাশনের উজ্জ্বল উদাহরণ। মাইকেল জ্যাকসনের স্বাক্ষরধর্মী ঝলমলে উপস্থিতি নতুন প্রজন্মের গ্ল্যাম রক নান্দনিকতায় উপস্থাপিত হয়েছে।

মিনিমাল ব্যান্ডস্টাইল

সাদা টি-শার্টের সঙ্গে গ্রে প্যাচওয়ার্কড স্লিভলেস ভেস্ট, ওয়াইড-ফিট ডেনিম এবং কালো সানগ্লাস—এই লুকটি স্বচ্ছন্দ্য ও আধুনিকতার দারুণ ভারসাম্য তৈরি করেছে। অতিরিক্ত অলংকরণের বদলে ব্যক্তিত্বই এখানে সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট।

রাজকীয় মিলিটারি গ্ল্যামার

সোনালি সূচিকর্মে অলংকৃত কালো মিলিটারি-স্টাইলড জ্যাকেট, কালো ট্রাউজার এবং স্ট্রাকচার্ড সিলুয়েট পুরো লুককে দিয়েছে শক্তিশালী ও রাজকীয় উপস্থিতি। এটাকে মাইকেল জ্যাকসনের বিখ্যাত আর্মি ব্যান্ডের জ্যাকেটের আধুনিক সংস্ককরণ বলা যেতে পারে।

ক্লাসিক পোলকা ডট এলিগ্যান্স

কালো-সাদা পোলকা ডট শার্ট, কালো ট্রাউজার এবং স্লিম সানগ্লাসে এই লুক একই সঙ্গে ক্লাসিক ও সমসাময়িক। অনাড়ম্বর হলেও স্টেজে এটি আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে।

পরিশীলিত স্টেজ ফরমাল

কালো ব্লেজার, কালো শার্ট, ফেডোরা হ্যাট এবং কালো ফ্রেমের চশমা—এই লুকটি মাইকেল জ্যাকসনের সিগনেচার স্টেজ লুক। সেই  ব্যক্তিত্বকেই পরিশীলিত রূপে উপস্থাপন করা হয়েছে। কম অলংকরণেও শক্তিশালী উপস্থিতি তৈরির চমৎকার উদাহরণ বলা যেতে পারে।

স্বচ্ছন্দ্যের ভেতর রক গ্ল্যামার

সাদা স্লিভলেস টি-শার্টের ওপর কালো স্লিভলেস জ্যাকেট, কালো ট্রাউজার এবং লাল টিন্টেড সানগ্লাসে তৈরি হয়েছে রিল্যাক্সড অথচ স্টেজ-রেডি লুক। এতে রক সংগীতের প্রাণশক্তি স্পষ্টভাবে ধরা পড়ে।

ব্ল্যাক গ্লিটারড এলিগ্যান্স

ঝলমলে কালো সিকুইনড হাই-নেক গাউন, কাঁধে বিডেড ফ্রিঞ্জ এবং স্টেটমেন্ট নেকপিস—এই পোশাক আধুনিক স্টেজ গ্ল্যামারের প্রতীক। আলো পড়লেই পোশাকের প্রতিটি সিকুইন যেন আলাদা করে প্রাণ পায়।

বিজ্ঞাপন

নারীত্বের রাজকীয় প্রকাশ

কালো সিকুইনে অলংকৃত গাউনের সঙ্গে সোনালি মিলিটারি-স্টাইলড এমব্রয়ডারি পুরো লুককে দিয়েছে রাজকীয় মাত্রা। মাইকেল জ্যাকসনের আইকনিক স্টেজ জ্যাকেটের প্রেরণা হয়েছে সেটা নারীদের পোশাকে সফলভাবে রূপান্তরে।

কিং অব পপের স্বাক্ষর

কালো হাই-কলারড জ্যাকেট, সোনালি মেটালিক হারনেস, সোনালি ব্যান্ডযুক্ত ফেডোরা হ্যাট, কালো অ্যাভিয়েটর সানগ্লাস এবং এক হাতে ঝলমলে সিলভার সিকুইনড গ্লাভস— এটা ছিল নিঃসন্দেহে পুরো কনসার্টের আইকনিক লুক। এর মধ্যে দিয়ে মাইকেল জ্যাকসনের মঞ্চব্যক্তিত্ব বিশ্বাসযোগ্যভাবে প্রতীয়মান হয়েছে।

বিলি জিনের নস্টালজিয়া

রূপালি সিকুইন ব্লেজার, সাদা শার্ট, রূপালি স্ট্রাইপড কালো ট্রাউজার, কালো ফেডোরা হ্যাট, সাদা মোজা এবং কালো লোফার—বিলি জিনের প্রতি দারুণ শ্রদ্ধাঞ্জলি। আলো, নাচ এবং চলনের সঙ্গে এই লুক যেন জীবন্ত হয়ে ওঠে।

রঙের ভাষায় একটি পূর্ণাঙ্গ ভিজ্যুয়াল অভিজ্ঞতা

পুরো কস্টিউম সংগ্রহে কালো, সাদা ও সোনালির আধিপত্য ছিল স্পষ্ট। কোথাও ঝলমলে সিকুইন, কোথাও সামরিক অলংকরণ, কোথাও মিনিমাল ব্যান্ড স্টাইল; আবার কোথাও ফেডোরা হ্যাট, সাদা গ্লাভস কিংবা সানগ্লাস—প্রতিটি অনুষঙ্গই দর্শকদের ফিরিয়ে নিয়েছে কিং অব পপের সোনালি সময়ে। তবে সবচেয়ে বড় সাফল্য ছিল, এটি নিছক অনুকরণ হয়ে ওঠেনি। বরং মাইকেল জ্যাকসনের ফ্যাশন-দর্শনকে সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে পুনর্নির্মাণ করেছে। ফলে সংগীত ও ফ্যাশনের এক অসাধারণ মেলবন্ধনের মধ্য দিয়ে কনসার্টটি হয়ে উঠেছে কিং অব পপের প্রতি এক আন্তরিক, নান্দনিক এবং স্মরণীয় শ্রদ্ধাঞ্জলি।

ছবি: টুলেয়লভ ও হাল ফ্যাশন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৪: ২৭
বিজ্ঞাপন