আজরাখ টাই পরে চমক দিলেন ক্রিস্টোফার নোলান
শেয়ার করুন
ফলো করুন

১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’। ছবিটিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির আগে নিউইয়র্কে বসেছিল তারকাখচিত প্রিমিয়ার, যেখানে নোলানের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী ও হলিউডের আরও অনেক তারকা। লালগালিচাজুড়ে ছিল একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত।

তবে সবার নজর কাড়ে নোলানের লুক। এ আলোচনার আকর্ষণ কিন্তু পোশাক নয়, বরং একটি নেকটাই। ক্রিস্টোফার নোলান তাঁর নতুন ছবির প্রিমিয়ারে জন্য পরেছিলেন আজরাখ মোটিফে তৈরি একটি কাস্টম সিল্ক টাই। আর সেই একটুকরা অ্যাকসেসরিই এখন ফ্যাশন ও সংস্কৃতিপ্রেমীদের আলোচনার বিষয়।

১৪ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত প্রিমিয়ারে নোলানকে দেখা যায় কালো স্যুট ও সাদা শার্টের সঙ্গে হালকা নীল ও গাঢ় লাল জ্যামিতিক নকশার আজরাখ সিল্ক টাই পরতে। টাইটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক ভারতীয় মেনসওয়্যার ডিজাইনার আহান ট্যান্ডন।

বিজ্ঞাপন

ভারতীয় ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক পুরুষদের ফ্যাশনে তুলে ধরার এ প্রয়াস মুহূর্তেই ফ্যাশনপ্রেমীদের আলোচনায় জায়গা করে নেয়। পরে নিজের ইনস্টাগ্রামেও নোলানের এই লুকের ছবি শেয়ার করেন ট্যান্ডন। একটুকরা নেকটাই যেন প্রিমিয়ারের ফ্যাশন আলোচনাকে নতুন মাত্রা এনে দেয়।

নিউইয়র্কের লালগালিচায় ক্রিস্টোফার নোলানের আজরাখ টাই শুধু তাঁর রুচিরই প্রকাশ নয়, বরং দক্ষিণ এশিয়ার শতবর্ষী ঐতিহ্যেরও এক উদ্‌যাপন। সাধারণত ক্ল্যাসিক ও মিনিমাল স্টাইলেই দেখা যায় এই অস্কারজয়ী নির্মাতাকে। তাই তাঁর পোশাকে আজরাখের মতো ঐতিহ্যবাহী হস্তশিল্পের উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশনমহলেও বিশেষভাবে আলোচিত হয়েছে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮: ৩০
বিজ্ঞাপন