
ইতালিতে জন্মদিন উদ্যাপনের পর এবার লন্ডনে হাজির হলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। নিজের বিউটি ব্র্যান্ড রেয়ার বিউটির নতুন সুগন্ধি ‘রেয়ার বিগিনিংস অ ডি পারফাম’ -এর বিশেষ প্রিভিউ আয়োজনে অংশ নিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

গার্ডেন পার্টির আবহে অনুষ্ঠিত এক্সক্লুসিভ এই আয়োজনে শুভ্র গাউন, মিনিমাল গয়না আর স্নিগ্ধ মেকআপে ধরা দিলেন সেলেনা।

অনুষ্ঠানে সেলেনার পরনে ছিল নিউইয়র্কভিত্তিক ফ্যাশন লেবেল মিরর প্যালের সাদা গাউন। এই সুন্দর চোখ আরাম করা গাউনটির নাম ‘সোনাটা লেডি লেন্থ ড্রেস ইন ক্রেম’ ।

অফ-দ্য-শোল্ডার এই পোশাকের সূক্ষ্ম লেস ডিটেইলিং তাঁর লুকে যোগ করেছে রোমান্টিক ও অভিজাত আবেদন। দীর্ঘদিনের স্টাইলিস্ট এরিন ওয়ালশের স্টাইল করা এই লুকে সেলেনাকে যেন রূপকথার এক পরীর মতোই লাগছিল।
পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মিনিমাল সোনালি হুপ এবং জীবনসঙ্গী বেনি ব্ল্যাঙ্কোর উপহার দেওয়া হীরার আংটি।

মেকআপেও ছিল ন্যাচারাল সৌন্দর্যের ছাপ। ফ্লাশড চিক, স্ট্রবেরি-পিংক ঠোঁট, ব্রোঞ্জি স্মোকি আই, ঘন আইল্যাশ এবং ম্যানিকিউর করা নখ মিলিয়ে ছিল সফট অথচ আকর্ষণীয় সাজ। খোলা চুলে সফট কার্ল পুরো লুকে যোগ করেছে আরও কোমল আবেদন।
রেয়ার বিউটির নতুন এই সুগন্ধিতে রয়েছে পিয়ার নেক্টার, পিস্তাচিও, গার্ডেনিয়া ফুল ও উষ্ণ ভ্যানিলা বিনের ঘ্রাণ।

ব্র্যান্ডটির ভাষ্য অনুযায়ী, নতুন শুরুর অনুভূতিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এই সুগন্ধি। এর সঙ্গে থাকছে দুটি ফ্র্যাগরেন্স লেয়ারিং বাম, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো সুগন্ধের অভিজ্ঞতা তৈরি করতে পারবেন। রেয়ার বিউটির নতুন এই সুগন্ধি বাজারে আসবে ৭ আগস্ট।


নতুন পারফিউমের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে সেলেনা লিখেছেন, ‘প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরুর নাম। “রেয়ার বিগিনিংস” এমন একটি সুগন্ধি, যেখানে ফলের সতেজ ঘ্রাণের সঙ্গে ফুলেল সুবাস ও ক্রিমি মিষ্টতার অপূর্ব মিশেল রয়েছে। আমার কাছে এই সুগন্ধি নতুন সম্ভাবনা আর সামনে অপেক্ষা করে থাকা সুন্দর সময়ের প্রতীক। জীবনের কিছু বিশেষ নতুন অধ্যায়ে এটি আমার সঙ্গী ছিল। আমি চাই, নতুন মুহূর্ত, নতুন স্মৃতি আর জীবনের প্রতিটি সুন্দর যাত্রায় এটিও আপনাদের সঙ্গী হয়ে উঠুক।’
ছবি: ইন্সটাগ্রাম