
গয়না শুধু সাজের অনুষঙ্গ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে ইতিহাসের অংশ। এলিজাবেথ টেলরের বিখ্যাত বুলগারি পান্না ও হীরার হার তেমনই একটি গয়না। সম্প্রতি রোমে বুলগারির স্টোরে গিয়ে হারটি পরার সুযোগ পান কিম কার্দাশিয়ান। আর তাঁকে ঘিরে আলোচনা শুরু হতেই নিজের পুরোনো ছবি শেয়ার করেন সোনম কাপুর।

৪ নভেম্বর ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে সোনম জানান, ২০২০ সালের মার্চে একটি ফটোশুটের সময় তাঁরও এই হার পরার সুযোগ হয়েছিল। মজার ছলে ক্যাপশনে লেখেন, লাল ও সবুজ যে দারুণ মানায়, সেই ফ্যাশন-উপলব্ধি হয়েছিল তখনই! তাঁর রসিক মন্তব্য, এই হারটির সামাজিক জীবন বোধ হয় আমাদের অনেকের চেয়েও বেশি জমজমাট।
ছবিতে সোনমকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের কলাম ড্রেসে। স্কয়ার নেকলাইন ও বড় ফোলা হাতার পোশাকটির সঙ্গে গলায় ছিল পান্না ও হীরার সেই বিখ্যাত হার। লাল ও গাঢ় সবুজের বৈপরীত্য সাজে এনেছে বাড়তি আকর্ষণ।

সাইড-পার্ট করা ঢেউখেলানো চুল, গাঢ় লাল লিপস্টিক, উইংড আইলাইনার ও ঝিলমিলে গোলাপি আইশ্যাডোতে সোনমের সাজে ছিল পুরোনো হলিউড গ্ল্যামারের ছোঁয়া। তবে পুরো লুকের কেন্দ্রবিন্দু ছিল ঐতিহাসিক হারটিই।

হারটি এলিজাবেথ টেলরের বিখ্যাত বুলগারি পান্নার গয়নাসেটের অংশ। ১৯৬০-এর দশকে রোমে ‘ক্লিওপেট্রা’ সিনেমার শুটিংয়ের সময় বুলগারির গয়নার প্রতি আকৃষ্ট হন তিনি। পান্নার প্রতি তাঁর ভালোবাসার কথা জানতেন স্বামী রিচার্ড বার্টন। তাই বিভিন্ন সময়ে তাঁকে উপহার দিয়েছেন একাধিক মূল্যবান গয়না।

প্রায় ১২ মিলিয়ন ডলার মূল্যের এই হারে রয়েছে ২৩.৪৬ ক্যারেটের আয়তাকার কাটের কলম্বিয়ান পান্না, যার চারপাশে বসানো হীরা। এ ছাড়া রয়েছে বিভিন্ন কাটের ১৬টি পান্না, যেগুলোর মোট ওজন প্রায় ৬১ ক্যারেট। ১৯৬২ সালে এলিজাবেথের ৩০তম জন্মদিনে রিচার্ড বার্টন তাঁকে পান্নার পেনড্যান্ট উপহার দেন। পরে ১৯৬৪ সালে বিয়ের উপহার হিসেবে আসে এই হার। ১৯৬৬ সালের অস্কার অনুষ্ঠানেও হারটি পরেছিলেন এলিজাবেথ।

সম্প্রতি রোমে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারে গিয়ে বুলগারির স্টোরে হারটি পরেন কিম কার্দাশিয়ান। তাঁর স্টাইলিস্ট ল রোচের উদ্যোগে এই বিশেষ অভিজ্ঞতার আয়োজন করা হয়। হারটির সঙ্গে মানানসই কানের দুলও পরেছিলেন তিনি।

এলিজাবেথ টেলরের প্রতি দীর্ঘদিনের মুগ্ধতার কথা জানিয়ে কিম বলেন, অভিনেত্রীর প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা বহুদিনের। মৃত্যুর আগে টেলরের সঙ্গে তাঁর গয়না ও সেগুলোর গল্প নিয়েও কথা হয়েছিল। তাই তাঁর ব্যবহৃত গয়না পরার অভিজ্ঞতা কিমের কাছে ছিল বিশেষ স্মরণীয়।

এলিজাবেথ টেলর থেকে সোনম কাপুর, তারপর কিম কার্দাশিয়ান। একটি হার যেন সময়ের সীমানা পেরিয়ে বারবার ফিরে আসছে তারকাদের সাজে। আর প্রতিবারই নতুন করে মনে করিয়ে দিচ্ছে, কিছু গয়নার আবেদন কখনো পুরোনো হয় না।