লোঅফিশিয়াল আরবের ফটোশুটে নিজের গয়নায় আভিজাত্য ছড়ালেন প্রীতি জিনতা
শেয়ার করুন
ফলো করুন

বয়স ৫১। অথচ সাজ, অভিব্যক্তি আর আত্মবিশ্বাসে প্রীতি জিনতা যেন আজও সেই চিরচেনা মায়াবী সুন্দরী। কখনো ভেলভেট ড্রেসে পুরোনো হলিউডের গ্ল্যামার, কখনো ঝলমলে সিকুইনের পোশাকে হীরা-পান্নার আভিজাত্য, আবার কখনো রহস্যময় হাই ফ্যাশনের আবহে ধরা দিয়েছেন বলিউডের এই তারকা।

প্রতিটি সাজেই রয়েছে আলাদা গল্প, আলাদা মুগ্ধতা। আর তিনটি সাজের গয়নাতেই বিশেষ আকর্ষণ তাঁর নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড জাকার্তি। সম্প্রতি লোঅফিশিয়াল আরবের ফটোশুটে তিনটি ভিন্নধর্মী সাজে নজর কেড়েছেন প্রীতি।

কালো মখমলে পুরোনো হলিউডের গ্ল্যামার

কালো রঙের আবেদন চিরকালীন। সেই রঙের আভিজাত্যের সঙ্গে হীরার ঝলক মিলিয়ে প্রীতির প্রথম সাজে ফুটে উঠেছে পুরোনো হলিউডের গ্ল্যামার। স্ট্র্যাপলেস গাউনের হৃদয়াকৃতির গলার কাট আর সামনের স্লিট নকশায় সাহসী  ছাপ।

তবে পোশাকের পাশাপাশি গয়নাও ছিল চোখে পড়ার মতো। গলায় পরেছেন লেয়ার্ড হীরার নেকলেস, কানে মানানসই দুল। হাতে হীরার মোটা ব্রেসলেট, আঙুলে আংটি। কালো মখমলের গভীর রঙের সঙ্গে হীরার ঝলমলে আভা তৈরি করেছে দারুণ বৈপরীত্য।

বিজ্ঞাপন

সিকুইনের ঝলক, পান্নার আভিজাত্য

দ্বিতীয় সাজে প্রীতি বেছে নিয়েছেন ঝলমলে সিকুইনে তৈরি ফ্লোর টাচ স্ট্র্যাপলেস গাউন। মেটালিক আভাযুক্ত এই পোশাকে ফুটে উঠেছে নীল ফুলের নকশা। আর এই সাজের অন্যতম আকর্ষণ পান্নার গয়না।

গলায় পান্নার চোকার, কানে ঝুলন্ত দুল, হাতে একই নকশার ব্রেসলেট। আঙুলে বড় পান্না ও হীরার আংটি, সঙ্গে একাধিক পান্নাখচিত চুড়ি বা কাফ সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

চুল পেছনে টেনে পরিপাটি করে বাঁধা। চোখে হালকা উইংড আইলাইনার ও শিমারি আইশ্যাডো, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপ কালার। সব মিলিয়ে প্রীতির এই লুক যেন আধুনিক গ্ল্যামারের এক অনন্য প্রকাশ।

বিজ্ঞাপন

রহস্যময় লুকে হাই ফ্যাশনের ছোঁয়া

তৃতীয় লুকে প্রীতি যেন একেবারেই অন্য জগতের কেউ । কালো রঙের স্থাপত্যধর্মী নকশার কেপ ও হুডের মিশেলে তৈরি বিশেষ অনুষঙ্গটি ঘিরে রেখেছে তাঁর মুখ। চোখের ওপর নেমে আসা চুল আর ঘন পাপড়ি পুরো ছবিতে তৈরি করেছে রহস্যময় আবহ। কানে শোভা পাচ্ছে সোনা ও হীরার নকশায় তৈরি বড় স্টাড দুল। আগের দুই সাজে গয়না ছিল অন্যতম প্রধান আকর্ষণ। তবে এই লুকে নজর বেশি কেড়েছে পোশাকের অভিনব নকশা, মুখের অভিব্যক্তি আর রহস্যময় উপস্থাপনা।

নিজের মতো করে সুন্দর হয়ে ওঠা

তিনটি ভিন্ন সাজে প্রীতির উপস্থিতি যেমন মুগ্ধ করেছে, তেমনি ফ্যাশন ও সৌন্দর্য নিয়ে তাঁর ভাবনাও মনোযোগ কেড়েছে। লোঅফিশিয়াল আরবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্টাইলবোধের পরিবর্তন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। প্রীতির ভাষ্যে, জীবনের শুরুর দিকে সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে আমাদের ধারণা অনেকটাই নিজেকে আবিষ্কারের অংশ। অন্যেরা আমাদের কীভাবে দেখছেন, সেই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েও আমরা নিজেদের বুঝতে শিখি। কিন্তু সময়ের সঙ্গে নিজের পরিচয় ও ব্যক্তিত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হলে বোঝা যায়, যা সত্যিকার অর্থে নিজের, সেটিই সবচেয়ে সুন্দর। ফ্যাশনকে তিনি নিজেকে প্রকাশের মাধ্যম হিসেবে দেখতে পছন্দ করেন, নিজের পরিচয় নির্ধারণের মাপকাঠি হিসেবে নয়।

তাঁর কাছে সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের গভীর সম্পর্ক রয়েছে। নিজের স্বাভাবিক সত্তার সঙ্গে মানানসই কিছু বেছে নেওয়ার মধ্যেই তৈরি হয় প্রকৃত স্টাইল।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন