মিডনাইট ব্লু শাড়ি-গাউনে ফিরলেন ‘ওজি ফ্যাশন কুইন’ বিপাশা বসু
শেয়ার করুন
ফলো করুন

গৌরব গুপ্তর নকশায় মিডনাইট ব্লু শাড়ি-গাউনে রহস্যময়ী বিপাশা

মিডনাইট ব্লু শাড়ি-গাউনের এক অনন্য সাজে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা ‘কসমিক উইস্টেরিয়া শাড়ি-গাউন’ পরেছেন তিনি। ঐতিহ্যবাহী শাড়ির ড্রেপিংয়ের সঙ্গে আধুনিক গাউনের নকশা মিলিয়ে তৈরি পোশাকটিতে আছে আভিজাত্য ও গ্ল্যামারের ছোঁয়া।

বিজ্ঞাপন

শাড়ির আদলে গাউন

গৌরব গুপ্তর এই নকশায় শাড়ির চিরচেনা ছয় গজের ড্রেপিং পেয়েছে ভিন্ন মাত্রা। স্ট্র্যাপলেস করসেট ব্লাউজটির নেকলাইন সাজানো হয়েছে পাতার আদলে বিডস ও পাথরের অলংকরণে, যা পোশাকের সৌন্দর্য বাড়িয়েছে।

করসেটের ওপরের অংশে হালকা নীল রঙের পুঁতির কাজ ধীরে ধীরে গাঢ় নীলে মিশেছে। উইস্টেরিয়া ফুলের থোকায় থোকায় ঝুলে থাকা নীল-বেগুনি আভা থেকে অনুপ্রাণিত এই রঙের বিন্যাস পোশাকটিতে এনেছে স্বপ্নময় আবহ।

বিজ্ঞাপন

স্কার্টে ক্রিস্টালের ঝলক

পোশাকের নিচের অংশে আছে এ-লাইন স্লিট স্কার্ট। কোমর থেকে ছড়িয়ে পড়া স্কার্ট জুড়ে বসানো হয়েছে অসংখ্য ঝলমলে ক্রিস্টাল। শাড়ির আঁচলের আদলে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ নেট কাপড়। সেটি এক কাঁধ থেকে আলতোভাবে নেমে এসেছে, যা পুরো পোশাকে শাড়ির ঐতিহ্যবাহী আবহ ধরে রেখেছে।

গয়না, সাজ ও অনুষঙ্গে বাড়তি আভিজাত্য

পোশাকের ঝলমলে কারুকাজকে প্রাধান্য দিতে গয়না ছিল মিনিমাল । কানে স্টাড আর এক হাতে পরেছেন হিরা,  পান্না ও স্টোনেরএকাধিক চুড়ি। গাঢ় নীল পোশাকের সঙ্গে সবুজ পান্না আর বেগুনি স্টোনের এই সংযোজন এনেছে ভিন্ন মাত্রা। খোলা চুলে মাঝখানে সিঁথি করে রেখেছেন বিপাশা। লম্বা ঢেউখেলানো চুলের সঙ্গে চোখে গাঢ় স্মোকি মেকআপ, আর ঠোঁটে হালকা ন্যুড লিপস্টিক—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে বোল্ড আবহ।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন