
শুক্রবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন জ্যাকুলিন। ক্যাপশনে লেখেন, ‘গণপতি গ্লো’। ছবিগুলোতে প্রথমেই তাঁর লুকের যে বিষয়টি চোখে পড়ে তা হচ্ছে আইসি ব্লু লেহেঙ্গা। তবে কাছ থেকে দেখলে বোঝা যায়, পুরো লুকের সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট ডিটেইলে।

একায়ার এই লেহেঙ্গায় ছিল ক্রপড ব্লাউজ ও ফ্লোর টাচ ফ্লুইড স্কার্ট। উঁচু নেকলাইন, বডিসজুড়ে সফট গ্যাদার ও ছোট হাতা। সব মিলিয়ে চেনা ট্র্যাডিশনাল সিলুয়েট পেয়েছে আধুনিক রূপ। স্কার্টের পুরো অংশে ছিল হাতে বোনা সূক্ষ্ম নকশা। নিচের চওড়া মেটালিক বর্ডার পুরো পোশাকটিকে দিয়েছে সলিড স্ট্রাকচার। আইসি ব্লু লেহেঙ্গার সফট আবহের সঙ্গে এই বর্ডার তৈরি করেছে সুন্দর ভারসাম্য।

এই লুককে পূর্ণতা দিয়েছে কাঁধে জড়ানো স্বচ্ছ শিয়ার ওভারলে। সাদা ফুলেল এমব্রয়ডারিতে ভরা এই নকশা ওভারলের শেষ অংশে আরও ঘন হয়ে তৈরি করেছে লেসের মতো ফিনিশ। স্বচ্ছ কাপড়ের ভেতর দিয়ে নিচের নীল লেহেঙ্গার রঙ হালকা করে দৃশ্যমান হওয়ায় পুরো সাজে তৈরি হয়েছে ভাসমান, স্বপ্নময় এক অনুভূতি। ফলে পোশাকটি উৎসবের হলেও মোটেও ভারী মনে হয়নি।

জ্যাকুলিনের গয়নাগুলো এসেছে সানজানি জুয়েলস থেকে। গলায় ছিল ঐতিহ্যবাহী সোনার চোকার, তার সঙ্গে একাধিক সারি ছোট মুক্তো। মাঝখানের অলংকৃত সোনালি অংশটি লকেটের আবহ তৈরি করেছে। কানে ছিল গোলাকার সোনার স্টাড, চারপাশে মুক্তো ও সূক্ষ্ম নকশার কাজ। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর আংটি। এক হাতে বড় ফুলেল নকশার সোনার আংটি, তাতে মুক্তোর ডিটেইল; অন্যদিকে উজ্জ্বল পান্না-সবুজ পাথরের আংটি প্যাস্টেল নীলের মাঝে তৈরি করেছে এক ঝলক তীব্র রঙ।

পোশাক আর গয়নায় এত ডিটেইল থাকলেও মেকআপে জ্যাকুলিন বেছে নিয়েছেন সফট গ্ল্যামার। চোখে ছিল উষ্ণ বাদামি স্মোকি শেড, শার্প লাইনার ও ঘন ল্যাশ। পরিপাটি ভ্রু পুরো চোখের সাজকে দিয়েছে পারফেক্ট ফিনিশ। গালে গোলাপি ব্লাশে এসেছে সতেজ আভা, আর ঠোঁটে ছিল মিউটেড পিংক-নিউড শেড। ফলে পুরো মেকআপই থেকেছে পোশাকের রঙ ও মুডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চুল টেনে করা হয়েছিল টাইট, স্লিক বান। তবে পেছনের হেয়ার অ্যাকসেসরিটিই শেষ পর্যন্ত লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এতে ছিল সূক্ষ্ম মুক্তোর স্ট্র্যান্ড ও ঝুলন্ত মুক্তোর ডিটেইল, যা পুরো সাজে যোগ করেছে আরও একটু উৎসবের আবহ।

জ্যাকুলিনের এই লুকের সবচেয়ে বড় শক্তি সম্ভবত এর ভারসাম্য। বরফ-নীল রঙের কোমলতা, সাদা ফুলেল কাজ, শিয়ার স্তর, সোনার গয়না ও মুক্তোর ঝলক। সব মিলিয়ে উৎসবের সাজেও তিনি বেছে নিয়েছেন এমন এক স্টাইল, যা একসঙ্গে ট্র্যাডিশনাল, আধুনিক ও গ্ল্যামারাস।