ভারতীয় এই মডেল ক্যারিয়ার শুরুই করেছেন ৪০ পেরিয়ে
শেয়ার করুন
ফলো করুন

একটা সময় ছিল, যখন একজন মডেলের বয়স ৪০ হওয়ার আগেই ক্যারিয়ার শেষ হয়ে যেত। তবে নিতিন মেহতার ক্ষেত্রে ঘটনা ঘটেছে ভিন্ন। ভারতের মডেলিং ইন্ডাস্ট্রির ‘বিস্ময়’ এই মডেলের ক্যারিয়ার শুরুই হয়েছে ৪০ পেরিয়ে যাওয়ার পর। এখন মডেলিংয়ের পাশাপাশি তামিল ও তেলেগু অ্যাকশন সিনেমায় দাপটের সঙ্গে অভিনয়ও করছেন।

নিতিন মেহতার গল্পটা বেশ বিচিত্র। আবার অনুপ্রেরণাদায়কও বটে। তাঁর জন্ম ১৯৭২ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। নিতিনের বাবা একজন আর্মি অফিসার ছিলেন। বাবার চাকরির সুবাদের ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে বড় হয়েছেন তিনি। একটা সময় নিজেই অফিসার পদে যোগ দেন ভারত সেনাবাহিনীতে। নিতিনের বেশ ভালো সময় কাটছিল সেখানে। ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণে বিশেষ দক্ষতা ছিল তাঁর। কিন্তু একটি দুর্ঘটনায় সব বদলে যায়। ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তিনি। সেরে উঠতেও বেশ সময় লাগে। এই আঘাতের কারণেই ২০১৬ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যান নিতিন।

এরপর বিমানবন্দরের এক পরিচালক হঠাৎ একদিন নিতিনকে সল্ট-এন-পেপার দাড়ির লুক দেখে বেশ মুগ্ধ হন। সেই পরিচালক তাঁকে একটি শর্ট ফিল্মে অভিনয়ের প্রস্তাব দেন। দুর্ভাগ্যবশত সে কাজটি বেশি দূর এগোয়নি। তবে নিতিনের কাছে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। তিনি মডেলিংয়ে নিজের পোর্টফোলিও তৈরির কথা চিন্তা করেন। তখন তাঁর বাবা তাঁকে এ ব্যাপারে নিরুৎসাহিত করেন। কিন্তু নিতিন বাবাকে বুঝিয়ে পোর্টফোলিও বানাতে নেমে পড়লেন।

প্রতিদিন ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতেন। হঠাৎ করে একদিন মুম্বাই থেকে ফোন আসে। ল্যাকমে ফ্যাশন উইকের এক ফ্যাশন ডিজাইনারের শোয়ে তাঁকে ডাকা হয়। সেখানে র‍্যাম্পে হেঁটে তিনি সবাইকে তাক লাগিয়ে দেন। এভাবেই তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু। এই শোয়ের পর অনেক জায়গায় কাজ করার প্রস্তাব আসে। আবার বয়সের কারণে অনেক প্রজেক্ট থেকে নিতিন প্রত্যাখ্যাতও হয়েছেন।

বিজ্ঞাপন

তবে বয়সকে কখনোই নিজের দুর্বলতা মনে করেননি নিতিন। বরং কঠোর পরিশ্রম করে ভারতের মডেলিং ইন্ডাস্ট্রিকে তিনি ‘পুরোনো ওয়াইনের’ স্বাদ বুঝিয়েছেন। সে দেশের নামীদামি বেস্পোক ব্র্যান্ড যেমন রেইড অ্যান্ড টেইলর, পেজাল্লি, ভারত রেশমা তাঁকে লুফে নিয়েছেন। এ ছাড়া বড় বড় বলিউড তারকা যেমন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনের সঙ্গে বিজ্ঞাপন চিত্রে পর্দা ভাগাভাগি করে নিয়েছেন। অক্ষয় কুমারের সঙ্গে মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।

ধীরে ধীরে নিতিনের ডাক আসতে থাকে তেলেগু ও তামিল সিনেমা থেকে। তেলেগু সিনেমা ‘অখণ্ড’তে খলনায়ক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর সিনেমাজগতে অভিষেক ঘটে। এরপর আরও বেশ কয়েকটি তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেন। মজার ব্যাপার হলো নিতিন এই দুই ভাষার কোনোটাই ভালোভাবে বলতে পারেন না। কিন্তু এই সীমাবদ্ধতাকে অভিনয়দক্ষতার মাধ্যমে কাটিয়ে ওঠেন। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা হলো ‘স্পাই’ (২০২৩)। এখানেও তাঁকে দেখা যায় খলনায়ক চরিত্রে। এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমার খল চরিত্রগুলোই তাঁকে বেশি টানে। ভবিষ্যতে তিনি এমন চরিত্রেই বেশি অভিনয় করতে চান।

স্টাইলের দিক থেকেও নিতিন আইকন হয়ে উঠছেন। অনেকে তাঁকে দেখে সল্ট-এন-পেপার হেয়ার ও বিয়ার্ড স্টাইলে ঝুঁকছেন। ফরমাল অ্যাটায়ার ব্র্যান্ডের মডেলিং করার কারণে তাঁকে বেশির ভাগ সময় পরিপাটি ডেপার লুকে দেখা যায়। অফ ডিউটিতে তিনি স্মার্ট ক্যাজুয়াল বা সেমিফরমাল স্টাইলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

৫২ বছর বয়সী নিতিন এখন জোর কদমে মডেলিং করছেন। সেই সঙ্গে অনেক তরুণ মডেলের কাছ থেকে এর দীক্ষাও নিচ্ছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে এই তরুণ মডেলরা। আমার কোনো সমস্যা হলে বিনা দ্বিধায় তাঁদের শরণাপন্ন হয়েছি।

কারণ, বয়সে আমি বড় হলেও অভিজ্ঞতায় তাঁরা আমার চেয়েও অনেক এগিয়ে আছে।’ পাশাপাশি নিতিন পরিবারের সমর্থনও পাচ্ছেন। যে বাবা তাঁকে মডেলিং করতে নিরুৎসাহিত করেছিলেন, সেই বাবাই এখন প্রতিদিন নিতিনের বিভিন্ন পোস্ট বা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১: ৩১
বিজ্ঞাপন