
শাড়ির চিরচেনা সাজে আধুনিকতার ছোঁয়া দিতে কোমরে একটি স্টেটমেন্ট বেল্টই যথেষ্ট! সম্প্রতি এমনই নজরকাড়া সাজে ধরা দিয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা।

চ্যাম্পেইন-ব্রোঞ্জ রঙের মেটালিক শাড়ি, ভারী কারুকাজের ব্লাউজ আর পাথর বসানো বেল্টে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও গ্ল্যামারের মেলবন্ধন। ডিজাইনার লেবেল ইত্রহর এই শাড়ির দাম ২ লাখ ২০ হাজার ভারতীয় রুপি। তবে কিছু সহজ স্টাইলিং কৌশলেই কম খরচে তৈরি করা সম্ভব এমন লুক।

মালাইকার শাড়িতে ছিল চ্যাম্পেইন-ব্রোঞ্জ রঙের মেটালিক আভা ও পাড়জুড়ে সূক্ষ্ম কারুকাজ। সঙ্গে অ্যান্টিক গোল্ড ডিটেইলিং ও সবুজ পাথরের কাজ করা ব্লাউজ। তবে সাজের মূল আকর্ষণ ছিল রঙিন পাথর ও মুক্তা বসানো স্টেটমেন্ট বেল্ট। গলায় স্টোন-স্টাডেড চোকার, কানে দুল, কপালে টিকলি এবং পরিপাটি খোঁপায় সাজে এসেছে রাজকীয় আবহ।

মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামার। চোখে গাঢ় মেকআপ, ত্বকে হালকা হাইলাইট এবং ন্যুড পিংক লিপস্টিকে পূর্ণতা পেয়েছে লুকটি।
১. বেছে নিন মেটালিক শাড়ি
গোল্ড, ব্রোঞ্জ, কপার কিংবা চ্যাম্পেইন শেডের টিস্যু, সিল্ক ব্লেন্ড বা অর্গাঞ্জা শাড়ি বেছে নিন। হালকা শিমার বা সূক্ষ্ম কারুকাজ থাকলে সাজে আসবে উৎসবের আমেজ।

২. কোমরে পরুন স্টেটমেন্ট বেল্ট
পাথর বসানো ওয়েস্ট বেল্ট, মুক্তার কোমরবন্ধ কিংবা গোল্ড প্লেটেড চেইন বেল্ট হতে পারে ভালো বিকল্প। পুরোনো কামারবন্ধও নতুনভাবে শাড়ির সঙ্গে পরতে পারেন।

৩. ব্লাউজে রাখুন বৈচিত্র্য
মেটালিক শাড়ির সঙ্গে গোল্ডেন, ব্রোঞ্জ বা সবুজ রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ পরুন। তবে ব্লাউজ ও বেল্ট দুটিই অতিরিক্ত কারুকাজ করা হলে সাজে ভারী ভাব চলে আসতে পারে।
৪. ড্রেপিংয়ে আনুন আধুনিকতা
শাড়ির আঁচল কাঁধের ওপর সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে কোমরে বেল্ট পরুন। এতে শাড়ির প্লিট ও আঁচল গুছিয়ে থাকবে, তৈরি হবে সুন্দর সিলুয়েট।

৫. গয়নায় রাখুন আভিজাত্য
চোকার, মানানসই দুল ও টিকলি বেছে নিতে পারেন। তবে সব গয়না একসঙ্গে ভারী না করে একটি বা দুটি অনুষঙ্গকে প্রাধান্য দিন।
৬. মেকআপে আনুন গ্ল্যামার
চোখে শিমারি আইশ্যাডো, ত্বকে হালকা হাইলাইট, পরিপাটি ভ্রু এবং ন্যুড পিংক লিপস্টিকে তৈরি করুন মালাইকার মতো সাজ। সঙ্গে পরিপাটি খোঁপা লুকটিকে দেবে পূর্ণতা।

শাড়ির সাজে নতুনত্ব আনতে সব সময় দামি ডিজাইনার পোশাকের প্রয়োজন নেই। সঠিক রং, ড্রেপিং আর মানানসই অনুষঙ্গের সমন্বয়েই সাধারণ শাড়ি হয়ে উঠতে পারে বিশেষ আয়োজনের আকর্ষণ। মালাইকার সাজের মতো একটি স্টেটমেন্ট বেল্টই বদলে দিতে পারে চেনা শাড়ির পুরো লুক।