চিতা প্রিন্টের বিকিনি, জেট স্কি আর পানিতে ভাসমান ব্রেকফাস্ট, মালদ্বীপে খুশি কাপুরের বিলাসী ছুটির ঝলক
শেয়ার করুন
ফলো করুন

কখনো চিতা প্রিন্টের সুইমস্যুটে সমুদ্রের জলে, কখনো জেট স্কিতে রোমাঞ্চ, আবার কখনো পানিতে ভাসমান ব্রেকফাস্টের আয়েশ। মালদ্বীপে ছুটি কাটানোর এমনই কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী খুশি কাপুর।

তাঁর অবকাশযাপনের ছবিতে যেমন রয়েছে বিলাসী ভ্রমণের ঝলক, তেমনি নজর কেড়েছে বিচ ফ্যাশনের স্টাইলিশ কিছু লুক।

চিতা প্রিন্টে বিচ ফ্যাশন

অবকাশযাপনের পোশাকে এবার অ্যানিমেল প্রিন্টের প্রতি ভালোবাসা দেখিয়েছেন খুশি। তাঁর পরনে ছিল চিতা প্রিন্টের ওয়ান-পিস সুইমস্যুট। গভীর গলার নকশার এই পোশাকে ফুটে উঠেছে সাহসী ও আধুনিক ফ্যাশনের ছাপ। কখনো সমুদ্রের ধারে পোজ দিয়েছেন, আবার কখনো একই সুইমস্যুট পরে নেমেছেন স্নরকেলিংয়ে।

অ্যানিমেল প্রিন্ট ফ্যাশনে নতুন কিছু নয়, তবে এই প্রিন্টের পোশাকে অবকাশযাপনের সাজে সহজেই যোগ করা যায় আলাদা আকর্ষণ। বিশেষ করে সমুদ্রসৈকত কিংবা রিসোর্টের পুলসাইডে এমন সুইমস্যুট হতে পারে নজরকাড়া পছন্দ।

সমুদ্রের জলে জেট স্কির রোমাঞ্চ

মালদ্বীপের নীল জলরাশি আর চারপাশের মনোরম প্রকৃতির মাঝে ছুটির সময়টা দারুণ উপভোগ করেছেন খুশি। কখনো জেট স্কিতে চেপে জলকেলির আনন্দ, কখনো নারকেলগাছের পাশে হাতে ফলের পানীয় নিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। তাঁর ভ্রমণের মুহূর্তগুলোয় বিলাসী অবকাশের পাশাপাশি রয়েছে সমুদ্রের কাছাকাছি সময় কাটানোর আনন্দও।

স্নরকেলিংও ছিল তাঁর ছুটির অন্যতম আকর্ষণ। বিশেষ সরঞ্জামের সাহায্যে পানির ওপর বা কাছাকাছি থেকে শ্বাস নিতে নিতে পানির নিচের প্রবাল ও সামুদ্রিক প্রাণী দেখার অভিজ্ঞতাই স্নরকেলিং। মালদ্বীপের স্বচ্ছ জলরাশি এই অভিজ্ঞতার জন্য বিশেষভাবে জনপ্রিয়।

বিজ্ঞাপন

পানির ওপর ভাসমান ব্রেকফাস্ট

মালদ্বীপের বিলাসী রিসোর্টের কথা উঠলে ভেসে ওঠে পানিতে ভাসমান ব্রেকফাস্টের ছবিও। খুশির ছুটিতেও বাদ যায়নি সেই আয়োজন। গোলাপি ক্রোশে বিকিনি ও সাদা প্যান্টে তাঁকে দেখা গেছে খাবারে সাজানো একটি ভাসমান ট্রের পাশে।

ট্রেতে ছিল চিনির গুঁড়া ছড়ানো ওয়াফল ও প্যানকেক, সদ্য বেক করা ক্রসাঁ, নানা রকম ফল, জুস এবং জ্যাম ও স্প্রেড। নীল পানির মাঝে এমন ব্রেকফাস্টের আয়োজন যেন অবকাশযাপনের বিলাসিতাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে।

খাবারের পাশাপাশি খুশির পোশাকও ছিল নজরকাড়া। গোলাপি ক্রোশে বিকিনির বুনন ও নকশায় রয়েছে গ্রীষ্মময়, স্বচ্ছন্দ মেজাজ। সাদা প্যান্টের সঙ্গে এর সমন্বয় বিচওয়্যারকে দিয়েছে আরও পরিপাটি রূপ।

বিজ্ঞাপন

বিলাসী ভিলায় একান্ত অবকাশ

মালদ্বীপে খুশি কাপুরের এই ছুটির ঠিকানা ছিল জেডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ কাাফু অ্যাটল আইল্যান্ড রিসোর্ট। হাথা ফিনোলহু দ্বীপে অবস্থিত এই পাঁচ তারকা রিসোর্টে রয়েছে বিচ ভিলা ও পানির ওপর তৈরি ভিলাসহ ব্যক্তিগত পুলের সুবিধা। সমুদ্রের কাছাকাছি নিরিবিলি পরিবেশে বিশ্রাম আর বিলাসী থাকার অভিজ্ঞতা—দুই-ই মেলে এখানে।

খুশির ছুটির ছবিতে তাই কখনো উঠে এসেছে সমুদ্রের নীল, কখনো রঙিন বিচওয়্যার, আবার কখনো খাবার আর আরামের ছোট ছোট মুহূর্ত। তাঁর এই মালদ্বীপ ডায়েরি মনে করিয়ে দেয়, ছুটির ফ্যাশন মানেই শুধু নজরকাড়া পোশাক নয়; পরিবেশ, স্বাচ্ছন্দ্য আর নিজের মতো করে সময় কাটানোর মধ্যেও লুকিয়ে থাকে স্টাইলের সৌন্দর্য।

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন