
ঘনিষ্ঠ বন্ধুর প্রাক্-বিবাহ অনুষ্ঠানে জাহ্নবী কাপুর এবার হাজির হয়েছেন সবুজের চারটি ভিন্ন ভিন্ন শেডে, আর প্রতিটি লুকেই ফুটিয়ে তুলেছেন আলাদা সৌন্দর্য, আভিজাত্য ও আধুনিকতা। গাঢ় পান্না সবুজ থেকে শুরু করে অলিভ, মিন্ট কিংবা হালকা প্যাস্টেল। একই রঙের এত বৈচিত্র্যময় ব্যবহার যে এতটা আকর্ষণীয় হতে পারে, সেটিই নতুন করে প্রমাণ করলেন তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

জাহ্নবীর সবচেয়ে আলোচিত লুকগুলোর একটি ছিল গাঢ় পান্না সবুজ গাউন। শরীরের গড়নের সঙ্গে মানানসই এই পোশাকে ছিল হাল্টার নেক, ড্রেপড নকশা এবং হাই স্লিট, যা পুরো লুকটিকে দিয়েছে আধুনিক অথচ পরিশীলিত আবেদন।

তিনি এই পোশাকের সঙ্গে বেছে নিয়েছিলেন খুবই সাধারণ অলংকার, হালকা মেকআপ এবং ঢেউ খেলানো খোলা চুল। ফলে পোশাকটিই ছিল পুরো সাজের মূল আকর্ষণ। আভিজাত্য ও আত্মবিশ্বাস, দুটোরই সুন্দর মিশেল ছিল এই লুকে।

দিনের অনুষ্ঠানের জন্য জাহ্নবী বেছে নিয়েছিলেন অলিভ, সেইজ ও পিস্তাচিও সবুজের মিশেলে তৈরি ফুলেল নকশার একটি গাউন। পোশাকটি ছিল আরামদায়ক, রোমান্টিক এবং ডেস্টিনেশন ওয়েডিং–এর জন্য একেবারে উপযুক্ত।

হাল্টার নেকলাইন, ড্রেপিং ও সূক্ষ্ম কাট-আউট পুরো সাজে এনে দেয় স্বাভাবিক সৌন্দর্য। শিশিরভেজা ত্বকের মতো উজ্জ্বল মেকআপ, খোলা চুল এবং সূক্ষ্ম গয়নায় লুকটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য জাহ্নবী বেছে নিয়েছিলেন মিন্ট ও প্যাস্টেল সবুজের দুটি আলাদা পোশাক, যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের সুন্দর সমন্বয় দেখা গেছে।
একটি লুকে তিনি পরেছিলেন ঝলমলে কারুকাজে সাজানো একটি লেহেঙ্গা।

সিকুইনের সূক্ষ্ম কাজ এবং আধুনিক নকশার ব্লাউজ পোশাকটিকে দিয়েছে নতুন মাত্রা। অন্য লুকে দেখা গেছে লেইস ও সূচিকর্মে তৈরি করসেট-ধাঁচের কো-অর্ড সেট, যেখানে ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত হয়েছে সমসাময়িক কাট ও নকশা।
স্টেটমেন্ট কানের দুল, অলংকৃত পটলি ব্যাগ এবং পরিমিত সাজ পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জাহ্নবীর এই চারটি লুকের পেছনে ছিল আন্তর্জাতিক ও ভারতীয় ফ্যাশন হাউসের নান্দনিক ছোঁয়া। তিনি পরেছেন ভিনটেজ ভারসাচের আর্কাইভ থেকে নেওয়া গাঢ় সবুজ গাউন, এলি সাবের ফুলেল নকশার গাউন, মনীশ মালহোত্রার কাস্টম লেহেঙ্গা এবং রিন্সির আধুনিক করসেট।

প্রতিটি পোশাকের নকশা ছিল আলাদা, কিন্তু সবগুলোর মধ্যেই মিল ছিল একটি বিষয়ে। আর তা হচ্ছে সবুজ রঙকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবের নতুন ফ্যাশন ট্রেন্ড।
দীর্ঘদিন ধরেই বিয়ের পোশাকে লাল, মেরুন, গোলাপি কিংবা সোনালি রঙের আধিপত্য ছিল। তবে এবার সবুজ নতুন করে জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায়। কারণ এই রঙ একদিকে যেমন সতেজ ও প্রাণবন্ত, অন্যদিকে তেমনি অভিজাত ও পরিমিত।

সবুজের বিভিন্ন শেড দিনের অনুষ্ঠান, সন্ধ্যার আয়োজন কিংবা বিয়ের সংবর্ধনা। সব ক্ষেত্রেই সহজেই মানিয়ে যায়। তাই একই রঙে ভিন্ন ভিন্ন মেজাজের পোশাক তৈরি করাও সম্ভব।

জাহ্নবী কাপুরের এই চারটি লুক শুধু তারকাসুলভ আভিজাত্যের উদাহরণ নয়, বরং এবারের বিয়ের মৌসুমে সবুজ যে সবচেয়ে আলোচিত ফ্যাশন ট্রেন্ড হতে চলেছে, তারও শক্তিশালী ইঙ্গিত।