
সর্বকালের সর্বজনপ্রিয় পপসম্রাট বললে একজনের কথাই মনে হয়। মাইকেল জ্যাকসন। অকালপ্রয়াত এই সংগীতশিল্পীর অগণিত ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। তাঁর একেবারে নিজস্ব স্টাইলের গান, নাচ আর ফ্যাশনের স্বকীয়তার মাত্রাকে এখনো ছাড়িয়ে যেতে পারেনি কেউ। আর সারা বিশ্বে তাঁর জনপ্রিয়তা আর সর্বজনীন ভক্তকুলেরও কোনো প্রতিদ্বন্দ্বিতা চলে না।



মাইকেল জ্যাকসনের গানের অ্যালবামগুলো এখনো রাজত্ব করে সংগীতবাজারে। সবকিছু বিবেচনায় এই কিংবদন্তি পপসম্রাটের বায়োপিক বা জীবনীমূলক চলচ্চিত্র যে সবার আগ্রহের কেন্দ্রে উঠে আসবে, সেটাই স্বাভাবিক। মাইকেল শীর্ষক এই সিনেমার শুটিং শুরু হয়েছে এ বছরই। আর এখানে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন এক তরুণ মার্কিন মডেল ও সংগীতশিল্পী।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমার শুটিংকালে সেখানকার কিছু দৃশ্য সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত হয়েছে আর সঙ্গে সঙ্গে সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। আর তা হবে না-ই বা কেন! কারণ, এখানে মাইকেলের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁর নিজের ভাতিজা জাফর জ্যাকসনকে।



আর গেটআপ, সাজপোশাক, শারীরিক গড়ন আর হাসি—সব মিলে যেন মনে হচ্ছে মাইকেল স্বয়ং ফিরে এসেছেন জীবিত হয়ে। একটি কনসার্টে পারফরম্যান্সের দৃশ্যে জাফরকে অবিকল মাইকেল জ্যাকসনই লাগছে। আর মাইকেলভক্তরা এতে হয়ে উঠেছেন অত্যন্ত আবেগপ্রবণ। ভাইরাল এই ছবিগুলো শেয়ার করে মাইকেলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তাঁরা আর অপেক্ষা করছেন এই সিনেমা মুক্তি পাওয়ার।
ছবি: ইন্সটাগ্রাম